
নিয়মহীন বিশ্বের নতুন সমীকরণ
আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রচলিত প্রবাদ হলো, ‘শত্রুর শত্রু আমার বন্ধু’। কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় যখন আপনার বন্ধু আপনার শত্রুর সঙ্গেও সখ্য গড়ে তোলে, তখন প্রচলিত কূটনৈতিক হিসাবনিকাশ আর কাজ করে না।
চরচা ডেস্ক

‘বৈবাহিক ধর্ষণকে’ পুরোপুরি অপরাধ হিসেবে গণ্য করে না বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশ। এতে দেশগুলোর লাখ লাখ নারী ও মেয়ে শিশু আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন এক গবেষণায় দেখা গেছে, এসব দেশে সঙ্গীদের হাতে নারীদের সহিংসতার শিকার হওয়ার হার সারা বিশ্বের গড়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।
সম্প্রতি দক্ষিণ এশিয়া অঞ্চলের নারী অধিকার সংগঠনগুলোর জোট ‘সমাজ’ এর পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
এই গবেষণা প্রতিবেদনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, বিশ্বের ১০০টিরও বেশি দেশে বৈবাহিক ধর্ষণকে বেআইনি হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়ার বড় একটি অংশ এখনো এ ধরনের ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়নি। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। বিশ্বের প্রায় ৩৬টি দেশের তালিকায় রয়েছে এই দেশগুলো।
নেপাল ও ভুটানে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে অন্য ধরনের ধর্ষণের তুলনায় কম শাস্তির বিধান রয়েছে।
গবেষণার তথ্য বলছে, দক্ষিণ এশিয়ায় একমাত্র মালদ্বীপেই স্ত্রীর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ককে অন্য যেকোনো ধর্ষণের মতো একই অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এবং একই শাস্তির বিধান রয়েছে।
‘সমাজ’-এর অন্তর্ভুক্ত বৈশ্বিক নারী অধিকার সংস্থা ‘ইকুয়ালিটি নাও’ এর রঞ্জিতা সিলওয়াল জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনের বেশিরভাগই ব্রিটিশ উপনিবেশিক শাসনামল থেকে এসেছে।
ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালে এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালে এই আইন চালু হয়। এসব আইনে ধর্ষণের কিছু ব্যতিক্রমের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, কোনো পুরুষ তার প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করলে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না।
অধিকারকর্মীরা বলছেন, এই আইন এখন পুরনো ও অচল হয়ে পড়েছে। তাদের মতে, কারো সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা হলে তা ধর্ষণ। যেই করুক না কেন, তিনি ধর্ষক। বৈবাহিক যৌন সহিংসতা নারীদের শারীরিক, মনস্তাত্ত্বিক, মানসিক এবং যৌন সুস্থতার মারাত্মক ক্ষতি করে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
গবেষণা বলা হয়েছে, বিশ্বের ১০০টিরও বেশি দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। দেশটি ১৯৯১ সালে এ সংক্রান্ত আইন পরিবর্তন করেছে। তবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে এখনও স্বামীর বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে আইনি ছাড় রয়েছে।
পাকিস্তান ২০০৬ সালে আইন থেকে বৈবাহিক ধর্ষণের এই ছাড় তুলে নেয়। তবে দেশটির কোনো হাইকোর্ট এখনো নিশ্চিত করেনি যে, ধর্ষণসংক্রান্ত আইন স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে কি না। অন্যদিকে, সম্প্রতি দেশটির একটি হাইকোর্টের রায়ে স্ত্রীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে স্বামীদের ব্যাপক আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে, ২০২১ সালে আবার ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানের তালেবান সরকার ধীরে ধীরে নারীদের আইনি সুরক্ষা ও অধিকার কেড়ে নিচ্ছে।
বিশ্বের ১০০টিরও বেশি দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। দেশটি ১৯৯১ সালে এ সংক্রান্ত আইন পরিবর্তন করে। তবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে এখনও স্বামীর বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে আইনি ছাড় রয়েছে।
রঞ্জিতা সিলওয়াল বলেন, এ বছরের জানুয়ারিতে আফগানিস্তানে নতুন একটি দণ্ডবিধি চালু করা হয়েছে। এতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ওই আইনে কোনো স্বামী স্ত্রীর ওপর নির্যাতন করলে তার বিরুদ্ধে তখনই মামলা করা যাবে, যদি তিনি স্ত্রীর হাড় ভেঙে দেন, শরীরে গভীর ক্ষত সৃষ্টি করেন অথবা কালশিটে ফেলে দেন। এসব প্রমাণিত হলেও শাস্তি হিসেবে স্বামীর মাত্র ১৫ দিনের কারাদণ্ড হতে পারে।
এই আইনে বৈবাহিক ধর্ষণের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে শাস্তিযোগ্য সহিংসতার যে সীমিত সংজ্ঞা দেওয়া হয়েছে, তাতে বৈবাহিক ধর্ষণের শিকার নারীরা কার্যত আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন সিলওয়াল।
রঞ্জিতা সিলওয়াল বিবিসিকে বলেন, আফগানিস্তানের এই আইনের পেছনে যে ধারণা কাজ করছে, তা হলো বিয়ের মধ্যেই যৌন সম্পর্কের সম্মতি দেওয়া হয়ে যায়। অর্থাৎ বিয়ে হলেই নারীর সম্মতি দেওয়ার অধিকার আর থাকে না। তিনি আরও বলেন, “তবে এটি সচেতনতার অভাবকেই ফুটিয়ে তোলে। এ প্রথা প্রমাণ করে যে, আমরা এখনো নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করছি এবং আমরা এখনো চরমভাবে পিতৃতান্ত্রিক।”
বিবিসি বলছে, এমন এক সময়ে এই প্রতিবেদন প্রকাশিত হলো, যখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভারতে এ-সংক্রান্ত আইন চ্যালেঞ্জ করে করা ১০টি আবেদন এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ৯ ডিসেম্বর থেকে এসব আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা।
বৈবাহিক ধর্ষণ নিয়ে ভারতের আদালতগুলো বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী রায় দিয়েছেন। কোনো কোনো বিচারক বর্তমান আইনকে পুরনো ও সময়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তারা পার্লামেন্টকে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
নৃশংসভাবে ধর্ষণের পর এক নারী মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত এক স্বামীকে গত বছর একটি আদালত খালাস দিলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে ভারত সরকার, ধর্মীয় সংগঠন এবং পুরুষ অধিকার কর্মীরা শীর্ষ আদালতে দায়ের করা পিটিশনগুলোর বিরোধিতা করে বলেছেন, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হলে তা ‘বেশি কঠোর’ হয়ে যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশেও নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে আইনি ছাড়ের বিধান চ্যালেঞ্জ করেছে। তাদের যুক্তি, এটি সংবিধানে দেওয়া জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষার অধিকারকে লঙ্ঘন করে।
রঞ্জিতা সিলওয়াল বিবিসিকে বলেন, “যারা বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার বিরোধিতা করেন, তারা বলেন এটি পারিবারিক কাঠামোকে দুর্বল করবে এবং পরিবার ভেঙে দেবে। আর আমাদের দেশগুলোতে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, এটি আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রভাবিত করবে এবং পুরুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের আশঙ্কা তৈরি হবে।”
তবে শুধু আইন পরিবর্তন করলেই যে নির্যাতনের শিকার নারীরা ন্যায়বিচার পাবেন, এমন নিশ্চয়তা নেই বলেও মত রঞ্জিতা সিলওয়ালের। এ প্রসঙ্গে তিনি ভুটানের উদাহরণ দেন। দেশটিতে বৈবাহিক ধর্ষণ ফৌজদারি অপরাধ হলেও সেটিকে লঘু অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ অপরাধের শাস্তি মাত্র এক মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড।
অন্যদিকে, নেপালে ধর্ষণের শাস্তি ছয় থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড। কিন্তু কোনো স্বামী নিজের স্ত্রীকে ধর্ষণ করলে তার সর্বোচ্চ শাস্তি মাত্র পাঁচ বছরের কারাদণ্ড।

নিয়মহীন বিশ্বের নতুন সমীকরণ
আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রচলিত প্রবাদ হলো, ‘শত্রুর শত্রু আমার বন্ধু’। কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় যখন আপনার বন্ধু আপনার শত্রুর সঙ্গেও সখ্য গড়ে তোলে, তখন প্রচলিত কূটনৈতিক হিসাবনিকাশ আর কাজ করে না।

পিএসএলের জন্য আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজের?
আইপিএল ও মোস্তাফিজকে ঘিরে নাটকের যেন শেষই নেই। প্রথমে শোনা গিয়েছিল, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামে নাম দিয়েছেন মোস্তাফিজ। তবে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত তালিকায় নেই বাংলাদেশের এই পেসারের নাম। অর্থাৎ, নিলামের জন্য নিজের নামই জমা দেননি ত

বিশ্বব্যাপী কেন শুকিয়ে যাচ্ছে নদীর পানি?
২০২৩ ও ২০২৪ সালের নজিরবিহীন বৈশ্বিক তাপদাহের ফলে বিশ্বের নদী, হ্রদ ও জলাধারগুলোর পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

দেশের ৭৬ শতাংশের বেশি সম্পদ ধনীদের হাতে, করের বোঝা বেশি কেন গরিবের?
ধরা যাক, দেশের মোট ব্যক্তিগত সম্পদ ১০০ টাকা। এর মধ্যে ৭৬ টাকারও বেশি রয়েছে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের হাতে। শুধু শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতেই রয়েছে ৪৭ শতাংশের বেশি সম্পদ। অথচ দৈনন্দিন পণ্য ও সেবা কিনতে গিয়ে আয়ের তুলনায় বেশি করের বোঝা বহন করতে হচ্ছে দরিদ্র পরিবারগুলোকে