Advertisement

‘লোকদেখানো’ রীতির ভারে পিষ্ট চাটগাঁইয়া বিয়ে

রোকেয়া কালেকটিভ

রোকেয়া কালেকটিভ

‘লোকদেখানো’ রীতির ভারে পিষ্ট চাটগাঁইয়া বিয়ে
পটিয়ায় কয়েকদিন আগে ঘটে যাওয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতের মৃত্যু চট্টগ্রামের এই দেওয়া-নেওয়ার সংস্কৃতিকে ফের সামনে এনেছে। ছবি: রোকেয়া কালেকটিভ

চট্টগ্রামের মানুষ অতিথি পরায়ণ এটা জন্ম থেকে শুনে এসেছি। এটা যে পুরোপুরি মিথ্যে তাও নয়। তবে বিয়েতে কনে পক্ষের ওপর বরপক্ষ যে অযৌক্তিক চাহিদার চাপ সৃষ্টি করে তা চট্টগ্রামের দীর্ঘদিনের অতিথি পরায়ণতার সুখ্যাতির পেছনে একটি বড় অন্ধকার দিক। সামাজিক ব্যাধিও বটে। আতিথেয়তার যে উদারতা চাটগাঁইয়া সংস্কৃতির গর্ব, অনেক সময় বিয়ের ক্ষেত্রে সেটিই কনে পক্ষের জন্য মানসিক ও আর্থিক নিপীড়নে রূপ নেয়।

Advertisement

এর বড় একটা কারণ, লোকদেখানো ও সামাজিক স্ট্যাটাস। চট্টগ্রামের অনেক বিয়েতে বিশাল আয়োজন ও জাঁকজমকপূর্ণ উপহার দেওয়াকে সামাজিক মর্যাদার প্রতীক মনে করা হয়। বরপক্ষ অনেক সময় সরাসরি না চাইলেও, ‘সমাজ কী বলবে’ বা ‘আত্মীয়স্বজন খোঁটা দেবে’ এই ভয় কনে পক্ষের ওপর অলিখিত চাপ তৈরি করে। নিজেদের স্ট্যাটাস বজায় রাখতে তারাও দেওয়া-থোয়া কম করে না।

Advertisement

স্বীকার করি আর না করি, এই দেওয়া-নেওয়ার সংস্কৃতি যৌতুকপ্রথারই অন্য রূপ। সরাসরি টাকা-পয়সা না চাইলেও বরপক্ষের জন্য দামী গাড়ি, মোটরসাইকেল, ফ্ল্যাটের ফার্নিচার, বর ও বরের আত্মীয়দের জন্য বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার বা দামী কাপড়ের আবদার করা হয়। নামে উপহার হলেও এগুলো আদতে যৌতুক। সেই সঙ্গে ঐহিত্যের দোহাই দিয়ে কনে পক্ষকে বাধ্য করা হয় বিয়েতে হাজার মানুষকে আপ্যায়ন করতে। এই বিপুল খরচের জোগান দিতে গিয়ে অনেক মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত কনের পরিবার ঋণের জালে জড়িয়ে পড়ে।

নাশতা কম পাঠানো নিয়ে বিরোধ। মারধরের অভিযোগ। নয় দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতের মৃত্যু। চট্টগ্রামের পটিয়ায় কয়েকদিন আগে ঘটে যাওয়া এই ঘটনা চট্টগ্রামের এই দেওয়া-নেওয়ার সংস্কৃতিকে ফের সামনে এনেছে। খবরটি পড়ার পর নাশতার পরিমাণ নিয়ে ভাবতে ইচ্ছে করে না। বরং ভাবতে হয়, একটি সংসারে একজন নারীর অবস্থান ঠিক কোথায় থাকলে বাবার বাড়ি থেকে খাবার পাঠানোর মতো সামান্য ইস্যুতেও তাকে মার খেতে হয়! যে মানুষটি সন্তানসম্ভবা, যার শরীরের ভেতর আরেকটি প্রাণ বেড়ে উঠছে, তার ওপর হাত তোলার আগে একজন মানুষ কতটা নির্দয় হয়ে উঠতে পারে? নাকি নির্দয় হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না, লাগে শুধু এই বিশ্বাস, যে, সংসারের নারীটিকে শাসন করার অধিকার যে কোনো ছুতোয় তার আছে।

চট্টগ্রামে বিয়ে নিয়ে আমাদের আয়োজনের শেষ নেই। বিয়ের বাজার, গয়না, আসবাব, আত্মীয়স্বজনের আপ্যায়ন, কে কী দিল, কে কতটা দিল—এসব নিয়ে কত হিসাব। বিয়ে যেন দুজন মানুষের একসঙ্গে থাকার সিদ্ধান্তের চেয়ে দুই পরিবারের সামর্থ্য প্রদর্শনের উপলক্ষ হয়ে ওঠে। কোথাও ছেলের বাড়ির প্রত্যাশা, কোথাও মেয়ের পরিবারের সামাজিক সম্মান রক্ষার চেষ্টা। বিয়ের আগে থেকেই শুরু হয় দেওয়া-নেওয়ার হিসাব। সেই হিসাবের সঙ্গে জড়িয়ে থাকে আত্মীয়দের মন্তব্য, পাড়া-প্রতিবেশীর তুলনা, পরিবারের মুখ রক্ষার তাগিদ। ছোটবেলা থেকে চট্টগ্রামের এই সংস্কৃতি আমাদের খুব চেনা। এর সাথে নারীজন্মের যে অবমাননারও একটা প্রচ্ছন্ন সম্পর্ক বিদ্যমান, তা আমরা বেশিরভাগই একটা সময় পর্যন্ত বুঝতেই পারি না।

কেননা, মেয়ে জন্মালেই সে বোঝা। মেয়েদের বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। সে তো একা যাবে না। তার সঙ্গে যাবে ট্রাক ভরা আসবাব, হাজার বরযাত্রীর খাওয়া, শরীর ভরা গয়না, শ্বশুরবাড়ির লোকেদের জন্য উপহার, ফলের মৌসুমে ঝুড়ি ভরা ভর, শীতে পিঠা, মধুভাত, রোজার ঈদে বরের ‘চৌদ্দগুষ্ঠির’ জন্য ইফতার, কোরবানির ঈদে আস্ত খাসি কিংবা গরুর রানও। বাপ-ভাই ঋণ করে হলেও বৈরাতি খাওয়াবেন। সঙ্গে দেবেন আলমারি থেকে শুরু করে ঝাড়ুও। এতকিছুর পরও মেয়েটির গায়ের রঙ নিয়ে খোঁটা শুনতে হবে। পান থেকে চুন খসলেও শুনতে হবে, বাবার বাড়ি থেকে তো কিছুই শিখিয়ে পাঠায়নি।

হয়তো অনেকে বলবেন, সব পরিবার এক রকম নয়। চট্টগ্রামের বহু পরিবারে বিয়ে এখনো স্নেহ, সম্মান আর পারস্পরিক দায়িত্বের সম্পর্ক। কিন্তু কিছু পরিবারের চর্চায় বিয়ের এই দেওয়া-নেওয়া এমন এক জায়গায় পৌঁছায়, যেখানে উপহার আর উপহার থাকে না, হয়ে ওঠে পাওনা। একবার যা দেওয়া হয়েছে, তারপরও প্রত্যাশা শেষ হয় না। সরাসরি দাবি না থাকলেও কথায় কথায় বোঝানো হয়, আরও কিছু দেওয়া উচিত ছিল। কখনো মেয়ের পরিবারকে ছোট করা হয়, এক পরিবারে একাধিক বউ হলে তুলনা চলে— বউয়ে বউয়ে চলে স্নায়ুর লড়াই। কার পরিবার থেকে কী এসেছে, কতটুকু এসেছে, পরিবারে এসবের ভিত্তিতেই যেন অবস্থান তৈরি হয়। পরিবারের ভেতরেই যেন অমোঘ এক রাজনৈতিক কাঠামো, স্তরবিন্যাস।

যৌতুককে আমরা প্রায়ই টাকা কিংবা সোনার গয়নার মধ্যে সীমাবদ্ধ রেখে দেখি। অথচ এর কাঠামো আরও গভীরে। সেখানে ছেলের পরিবার নিজেকে উচ্চতর অবস্থানে কল্পনা করে, মেয়ের পরিবারকে দিতে হয়। আবার মেয়েটিকেই এত কিছু দিয়ে উল্টো থাকতে হবে কৃতজ্ঞ ও অনুগত থাকতে হয়। নিজের বাবার দেওয়া খাটে-তোষকে-চাদরে শুয়ে তাকে ফেলতে হবে চোখের পানি।

বিয়ের পর সে যেন আর স্বাধীন একজন মানুষ থাকে না; হয়ে ওঠে এমন একজন, যার কাজ সংসারের প্রত্যেকের মন জুগিয়ে চলা। রান্নায় ভুল, আপ্যায়নে ঘাটতি, কথা বলার ধরন, বাবার বাড়ি যাওয়া, নিজের মতামত জানানো—সবকিছুতেই তার যোগ্যতা যাচাই চলে।

এই যাচাইয়ের শেষ নেই। ভালো বউ হওয়ার শর্তগুলোও যেন প্রতিদিন বদলায়। কখনো তাকে বেশি কাজ করতে হয়, কখনো কম কথা বলতে হয়, কখনো নিজের কষ্ট গোপন রাখতে হয়। স্বামীর বাড়িতে মানিয়ে নেওয়ার নামে তাকে অনেক কিছু মেনে নিতে শেখানো হয়। ভালো ছাত্রী কিংবা ভালো মানুষ নয়, জন্মের পর থেকে কন্যাশিশুকে হয়ে উঠতে হয় সামাজিক ছাঁচেগড়া একজন ভালো পাত্রী/ভালো বউ। এর দায় পরিবারের। কেবল মানিয়ে নেওয়ার অভ্যাস গড়তে গড়তে তার আর কোনো দিকে তাকানোর সুযোগ হয় না। কিন্তু যারা তাকে মানিয়ে নিতে বলে, তারা নিজেরা কতটা বদলাতে প্রস্তুত? সংসার তো একজনের একার দায়িত্ব নয়। অথচ আমাদের সমাজে মেয়েটির ব্যর্থতা বলে চিহ্নিত করার মতো বিষয় অসংখ্য, আর তার প্রতি অন্যায়কে ব্যাখ্যা করার জন্যও অজুহাতের অভাব নেই।

নাশতা কম দেওয়া নিয়ে বিরোধের কথাটি তাই শুধু রান্নাঘরের ঘটনা নয়। এর ভেতরে আছে ঘরের কাজকে নারীর বাধ্যতামূলক দায়িত্ব মনে করার প্রবণতা, আছে তার শ্রমকে স্বাভাবিক ধরে নেওয়া, আছে সামান্য অসন্তোষেও তাকে অপমান বা শাস্তি দেওয়ার অধিকার নিজের বলে ভাবা। অভিযোগটি সত্য প্রমাণিত হলে, এই ঘটনার ভয়াবহতা এখানেই যে একটি তুচ্ছ বিষয় একজন নারীর নিরাপত্তাকেও গ্রাস করতে পারে। যে মানুষটির সঙ্গে এক ছাদের নিচে থাকার কথা, তার কাছেই যদি নিজের শরীর নিরাপদ না থাকে, তবে সংসার শব্দটির অর্থ কী?

শারীরিক নির্যাতনের আগে কিংবা পাশাপাশি মানসিক নির্যাতনও চলতে পারে। প্রতিদিনের খোঁটা, অপমান, সন্দেহ, হুমকি, বাবার বাড়ির সঙ্গে যোগাযোগে বাধা, অর্থের জন্য অন্যের ওপর নির্ভরশীল করে রাখা—এসবের কোনো দৃশ্যমান ক্ষত থাকে না। বাইরে থেকে দেখলে সংসার ঠিকঠাকই মনে হয়। নীরবে নারীরা মানিয়ে নেয় বলেই দেয়ালে টানানো হাসিমুখের ছবির নীচে ঢাকা পড়ে অনেক নির্যাতনের চিত্র। এই জায়গাটিতেই আমাদের সামাজিক নীরবতা সবচেয়ে ভয়ংকর। একটি মেয়ে নির্যাতনের কথা বললে তাকে বলা হয়, সংসারে এসব হয়, একটু ধৈর্য ধরো, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। মেয়ের পরিবারও কখনো চুপ করে থাকে। সমাজ কী বলবে, মেয়ে ফিরে এলে তাকে কে গ্রহণ করবে, তার ভবিষ্যৎ কী হবে—এসব ভাবনা তাদের আটকে দেয়।

কেউ কেউ মেয়েকে ফিরিয়ে নিতে চান না, কেউ আবার তাকে ফিরে যেতে বলেন, কারণ সংসার ভেঙে যাওয়ার দায় মেয়ের ঘাড়েই এসে পড়ে। এভাবে নির্যাতনের বোঝা যার ওপর, সহ্য করার দায়িত্বও তাকেই দেওয়া হয়। অন্তঃসত্ত্বা একজন নারীর ক্ষেত্রে এই নিষ্ঠুরতা আরও অসহনীয়। এই সময়ে তার বিশ্রাম, চিকিৎসা, পুষ্টি ও মানসিক নিরাপত্তা প্রয়োজন। অথচ সন্তানসম্ভবা হওয়াটাও কোনো কোনো পরিবারে তাকে নতুন শর্তের মুখোমুখি দাঁড় করায়। সন্তান ছেলে হবে কি না, সে ঠিকমতো সংসার সামলাতে পারছে কি না, তার শরীর আগের মতো কাজ করছে কি না—প্রত্যাশার শেষ থাকে না। তার শরীরের ভেতর আরেকটি জীবন বেড়ে উঠছে, অথচ তার নিজের জীবনটিই অনিরাপদ। এর চেয়ে নির্মম বৈপরীত্য আর কী হতে পারে?

এই যে নাশতা কম দেওয়া নিয়ে শুরু হওয়া বিরোধে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর খবর আমাদের অন্তত এইটুকু ভাবাক—যে ঘরে একজন নারীকে খাবার পরিবেশনের জন্যও নির্যাতিত হওয়ার ভয় নিয়ে থাকতে হয়, সেই ঘরকে আমরা কোন অর্থে সংসার বলি? আর বিয়ের এত আয়োজন, এত সামাজিক সম্মান, এত আত্মীয়তার দাবি—সবকিছুর পরও যদি একজন নারী নিরাপদে বেঁচে থাকতে না পারেন, তবে আমাদের আয়োজনের মূল্য কোথায়? আজকের দিনে এসে এসব কুৎসিত সংস্কৃতি নিয়ে গর্ব করার কিছু নেই। বরং এসব থেকে বের হতে না পারলে এমন ঘটনা বারবার ঘটবে। আতিথেয়তা যেখানে মানুষের মুখে হাসি ফোটানোর কথা, সেখানে কারো চোখের জলের কারণ হওয়া যে কোনো বীরত্ব বা সংস্কৃতি হতে পারে না—এই বোধটি আমাদের চট্টগ্রামের সমাজে ছড়ানো জরুরি। মানুষকে বোঝানোও জরুরি।

লেখক: কবি ও ঔপন্যাসিক রিমঝিম আহমেদ

(লেখাটি রোকেয়া কালেকটিভের সৌজন্যে প্রকাশিত হলো)