Advertisement

মার্কিন শুল্ক থেকে বাঁচতে কী করবে দক্ষিণ-পূর্ব এশিয়া?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মার্কিন শুল্ক থেকে বাঁচতে কী করবে দক্ষিণ-পূর্ব এশিয়া?
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

যে ১৪টি দেশের ওপর আরও এক দফা শুল্কারোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; এরমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি দেশ রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই দেশগুলোর করা বাণিজ্য চুক্তির সফলতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অনেক দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার কথাও ভাবছে।

Advertisement

গত বুধবার রাতে বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে পণ্য আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপানের ওপর নতুন শুল্কের প্রস্তাব করেছে ইউএসটিআর।

Advertisement

গত বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় চালানো তদন্তের ভিত্তিতে এই শুল্কারোপের প্রস্তাব করা হয়েছে। তদন্তের বিষয় হলো, কোনো দেশ বাজারের চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদন করছে কি না। অর্থাৎ, বাজারে যত পণ্যের প্রয়োজন, তার চেয়ে বেশি পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে কি না।

চলতি বছরের মার্চে এই তদন্ত শুরু হয়। এর আগে ট্রাম্পের ঘোষণা করা শুল্ককে অবৈধ বলে বাতিল করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

হংকংভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে বিদ্যমান মার্কিন বাণিজ্য সমঝোতা বহাল থাকলে চীনা পণ্যে শুল্ক হবে ২০ শতাংশ। তবে সমঝোতার মেয়াদ না বাড়লে শুল্কের হার বেড়ে সর্বোচ্চ ৪০ শতাংশ হতে পারে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ভিয়েতনামের পণ্যের ওপর সবচেয়ে বেশি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। দেশটির পণ্যে শুল্কের হার সর্বোচ্চ ৩৫ শতাংশ হতে পারে।

জেমিসন গ্রিয়ারের ভাষ্য, নতুন এই শুল্ক যুক্তরাষ্ট্রের শ্রমিকদের অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় সমান সুযোগ দেবে। সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিকে আরও স্থিতিশীল পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ট্রাম্প ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলন এবং চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন শুল্কের এই প্রস্তাব এলো।

অস্ট্রেলিয়ার লোয়ি ইনস্টিটিউটের ইন্দো-প্যাসিফিক উন্নয়নকেন্দ্রের গবেষক রবার্ট ওয়াকার সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, ট্রাম্পের এসব সফরের সঙ্গে নতুন শুল্কের সরাসরি কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারায় চলা তদন্তের কারণেই এই শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

এই গবেষক আরও বলেন, মিত্র দেশ, বাণিজ্যিক অংশীদার এবং প্রতিদ্বন্দ্বীসহ সবার ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয়টি বেশ জটিল। একে এখন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে মেলানো কঠিন।

রবার্ট ওয়াকার আরও বলেন, নতুন শুল্ক আরোপের প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর মোট শুল্কের হার আবার সুপ্রিম কোর্টের রায়ের আগের অবস্থায় ফিরে যাবে। তিনি বলেন, গত বছর বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে আলোচনার মাধ্যমে দেশগুলো শুল্কের নতুন হার ঠিক করে। তবে নতুন প্রস্তাবের ফলে শুল্কের হার অনেকটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। তাই এটিকে বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর শুল্কারোপে ট্রাম্পের আগের নীতিরই ধারাবাহিকতা হিসেবে দেখা উচিত বলে মনে করেন এই গবেষক।

সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তথাকথিত পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) সই করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর সিঙ্গাপুর ও ভিয়েতনামের সঙ্গে আলোচনা এখনো চলছে।

বিশ্লেষকরা বলছেন, এসব চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিচ্ছে। বিনিময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিজেদের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের প্রবেশের সুযোগ বাড়ানো এবং ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত নিয়মে ছাড় দেওয়ার মতো শর্ত মেনে নিতে হচ্ছে।

মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক জয়দীপ সিং সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণার ফলে গত বছরের শেষ দিকে দেশগুলোর পণ্যের ওপর যে ১৮ থেকে ২০ শতাংশ হারে শুল্ক ছিল, তা আবার ফিরে আসতে পারে।

এস রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সহযোগী গবেষক কেভিন চেন জানান, ইউএসটিআরের তদন্ত মে মাসে শেষ হওয়ার পর থেকেই নতুন শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং নভেম্বরে আসিয়ান ও এপেক সম্মেলনের কারণে শুল্ক আরোপের ঘোষণা দিতে দেরি হয়েছে। তিনি শুল্কারোপের নতুন এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের কোনো সুপরিকল্পিত কৌশল হিসেবে দেখতে রাজি নন। একে যুক্তরাষ্ট্রের অনুকূলে শর্ত রেখে বিভিন্ন দেশকে পারস্পরিক বাণিজ্য চুক্তি করতে বাধ্য করার চেষ্টা বলে মনে করেন তিনি।

লোয়ি ইনস্টিটিউটের গবেষণা সহযোগী আহমেদ আলবায়রাক সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসহ অন্যান্য বাণিজ্যিক অংশীদারের সঙ্গে আলোচনা দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। চীনের মধ্যে চলমান বাণিজ্যিক সমঝোতার মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্প এসব চুক্তি সম্পন্ন করতে চান।

জয়দীপ সিং বলেন, মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক বাতিল করলেও বাণিজ্যনীতিতে নিজের প্রভাব ধরে রাখার যথেষ্ট ক্ষমতা এখনো তার হাতে রয়েছে। এই ক্ষমতাই তিনি ব্যবহার করে চলেছেন।

এই বিশ্লেষক আরও বলেন, এখন রপ্তানিকারক ও বিভিন্ন দেশের সরকার মোটামুটি ধরেই নিয়েছে যে ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি সময়েও কোনো না কোনোভাবে এই শুল্ক ব্যবস্থা চালু থাকবে। তবে শুল্ক আরোপের আইনি ভিত্তি বা পদ্ধতি বদলাতে পারে।

আগামী ২৫ জানুয়ারি প্রস্তাবিত শুল্ক নিয়ে জনমত শুনানি শুরু করবে ইউএসটিআর। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন শুল্ক কার্যকর করা যাবে না।

কেভিন চেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা দেশগুলো এখন ভাবতে পারবে, যেসব ছাড় তারা দিয়েছে, তার বিনিময়ে আসলে কতটা সুবিধা পেয়েছে। আর যারা এখনো চুক্তি করেনি, তারা অন্য দেশগুলোর অভিজ্ঞতা দেখে সিদ্ধান্ত নিতে পারবে।

বর্তমানে কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের অনেক পণ্যের ওপর শুল্কের হার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ। নতুন প্রস্তাব কার্যকর হলে এই শুল্ক বেড়ে সর্বোচ্চ ১৮ শতাংশ হতে পারে। সিঙ্গাপুরের পণ্যে শুল্কের হার ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। গত জুলাই থেকে দেশটির অনেক পণ্যে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক নেওয়া হচ্ছে।

অন্যদিকে, ভিয়েতনামের পণ্যে শুল্কের হার সর্বোচ্চ ৩৫ শতাংশ হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারলে তা ২০ শতাংশে নেমে আসতে পারে। বর্তমানে দেশটির অনেক পণ্যে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক রয়েছে।

লোই ইনস্টিটিউটের গবেষক আহমেদ আলবায়রাক সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় ধরনের ছাড় দিতে অনেক দেশই এখন দ্বিধায় রয়েছে। কারণ এসব ছাড়ের কারণে নিজ দেশের মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। তিনি বলেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার পর নিজেদের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে। তবে তখন কেউই সম্ভবত ভাবেনি যে এত অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এতবার শুল্কের হার পরিবর্তন করবে।

আলবায়রাক আরও বলেন, যারা শুরুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে, আপাতত তারা তুলনামূলক কম শুল্কের সুবিধা পাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিটি নতুন শুল্ক ঘোষণার মতো এবারও প্রস্তাবিত হার চূড়ান্ত নয়।

কেভিন চেন সতর্ক করে বলেন, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে গিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হতে পারে। এসব চুক্তির আওতায় দেশগুলোকে যুক্তরাষ্ট্র থেকে কয়েক বিলিয়ন ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি দিতে হয়েছে। পাশাপাশি ডিজিটাল নীতির ক্ষেত্রেও নিজেদের অবস্থান থেকে ছাড় দিতে হয়েছে।

নতুন শুল্কের প্রস্তাব সামনে আসার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সরকারকে এখন ভাবতে হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে শেষ পর্যন্ত তারা কতটা লাভবান হয়েছে।

রবার্ট ওয়াকার মনে করেন, বাণিজ্য নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের এই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, এ কারণে অনেক দেশের সরকার হয়তো ট্রাম্প প্রশাসনের বাকি দুই বছর কোনোভাবে পার করে দেওয়ার অপেক্ষা করবে। এরপর সুযোগ পেলে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকার থেকে সরে আসার চেষ্টা করতে পারে।