জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে ১২ নভেম্বর বক্তব্য দেওয়ার সুযোগ চেয়ে স্পিকারের সঙ্গে বিরোধে জড়ান নাহিদ ইসলাম। এ সময় স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষে কথা বলার সুযোগ দেওয়ার কথা বলেন। নাহিদ তখনও কথা বলতে চাইলে স্পিকার বলেন, “আধাঘণ্টায় কেয়ামত হয়ে যাবে না।” জবাবে নাহিদ বলেন, “বলতে না দিলে আমরা চলে যাই।”
একই অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের সময় অন্য সংসদ সদস্যদের কথা বলায় বিরক্তি প্রকাশ করেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় স্পিকারকে ‘ডোন্ট ইন্টারাপ্ট’ বলতে শোনা যায়। মন্ত্রীও বলেন, “দিস ইজ পার্লামেন্ট।”
জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এমন প্রায়ই ঘটতে দেখা যায়। বিরোধীদলের সংসদ সদস্যরা এমন প্রেক্ষাপটে ‘কথা বলতে দেওয়া হচ্ছে না’- এমন অভিযোগও তোলেন প্রায়শই। আবার সরকারি দলের তরফ থেকে ‘অসংসদীয়’ বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। জাতীয় সংসদে বিতর্ক চলাকালে এ ধরনের পরিস্থিতি হরহামেশাই হয়। কখনো কখনো হট্টগোলে রূপ নেয় বিতর্ক। এ ক্ষেত্রে আসলে আইনে কী আছে?
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে গত ১২ মার্চ। অধিবেশন শুরুর পর থেকে রাষ্ট্রপতির ভাষণ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন, সংসদীয় কমিটির নেতৃত্ব, আইন প্রণয়ন এবং সংসদ সদস্যদের বক্তব্যকে কেন্দ্র করে একাধিকবার উত্তপ্ত হয়েছে সংসদ। কখনো সরকারি ও বিরোধীদলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে অধিবেশনের কার্যক্রম ব্যাহত হয়েছে, কখনো বিরোধীদল ওয়াকআউট করেছে। কয়েকটি ঘটনায় সদস্যদের শান্ত করতে বারবার আহ্বান জানাতে হয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকারকে।
সংসদে বিতর্ক, মতবিরোধ, সরকারের সমালোচনা কিংবা কোনো বিলের বিরোধিতা করা সংসদীয় গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। কিন্তু বক্তব্যের সময় অন্য সদস্যকে বাধা দেওয়া, চিৎকার করে অধিবেশনের কাজ ব্যাহত করা, অশালীন ভাষা ব্যবহার কিংবা স্পিকারের নির্দেশ অমান্য করার বিষয়ে সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে নির্দিষ্ট বিধান রয়েছে।
সংসদ সদস্যদের মতপ্রকাশের অধিকার থাকলেও সেই অধিকার প্রয়োগের জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। একই সঙ্গে সংসদের শৃঙ্খলা রক্ষায় স্পিকার ও অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকারের হাতে একাধিক ক্ষমতা রয়েছে। কিন্তু গত ১২ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সংসদে উত্তপ্ত পরিস্থিতি, বিতর্ক ও ওয়াকআউটের ঘটনাগুলো এবং এসব ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধান পর্যালোচনা করলে দেখা যায়, এ ক্ষেত্রে বেশ কিছু ব্যত্যয় ঘটেছে।
প্রথম অধিবেশন থেকেই উত্তপ্ত সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা। স্পিকারের আহ্বান উপেক্ষা করে স্লোগান দিতে থাকেন তারা। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে ওয়াকআউট করেন বিরোধী সদস্যরা।
গত ১ এপ্রিল গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনার সুযোগ না পাওয়ার অভিযোগে বিরোধীরা ওয়াকআউট করেন। ৬ এপ্রিল সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণের বিল নিয়ে সরকারি ও বিরোধীদলের সদস্যদের হট্টগোলে সংসদে ৪০ মিনিট বিরতি দেওয়া হয়। ৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের জারি করা ২৪টি অধ্যাদেশ অনুমোদনের বিল পাসের প্রতিবাদে সংসদ ছাড়েন বিরোধীরা।
গত ২৭ ও ২৮ এপ্রিল জুলাই জাতীয় সনদ এবং মুক্তিযুদ্ধ ও জামায়াতের রাজনীতি নিয়ে দুই দিনের আলোচনায় পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার সদস্যদের শালীনতা বজায় রাখা এবং অন্যের বক্তব্যে বাধা না দেওয়ার আহ্বান জানান।
গত ১৪ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যে উত্তেজনা তৈরি হয়। পরে ডেপুটি স্পিকার তার বক্তব্যের ব্যক্তিগত স্বাধীনতাসংক্রান্ত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেন। ২৯ জুন দুটি বিল উত্থাপনের প্রতিবাদে এবং ১৪ জুলাই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের বিরোধিতা করে ওয়াকআউট করেন বিরোধীরা।
গত ২৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রায় ১০ মিনিট সংসদের কার্যক্রম ব্যাহত হয়। একই দিন তিনটি বিল উত্থাপনের আগেও ওয়াকআউট করেন বিরোধীরা। ২ সেপ্টেম্বর স্থায়ী কমিটির সভাপতির পদ না পাওয়ার অভিযোগে জামায়াতের সদস্যরা সংসদ ছাড়েন।
গত ৯ সেপ্টেম্বর স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যে সরকারি দলের সদস্যদের বাধা দেওয়ার ঘটনায় ডেপুটি স্পিকার আপত্তি জানান। সর্বশেষ ১১ নভেম্বর সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ও কৃষিমন্ত্রীর জবাবকে কেন্দ্র করে হট্টগোল হয়। এ সময় ডেপুটি স্পিকার সদস্যদের ধৈর্য ধরে বক্তব্য শোনার আহ্বান জানান।
সংসদে বিতর্কের সাংবিধানিক ভিত্তি
সংসদে বক্তব্য ও বিতর্কের অধিকার এবং সেই কার্যক্রম পরিচালনার পদ্ধতি সংবিধানে নির্ধারণ করা হয়েছে। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। তবে জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা, মানহানি ও অপরাধে প্ররোচনার মতো বিষয়ে আইনের যুক্তিসংগত বিধিনিষেধ সাপেক্ষে এ অধিকার প্রয়োগ করতে হয়।
সংসদীয় আলোচনার ক্ষেত্রে এর অর্থ হলো, সংসদ সদস্যরা সরকারের সমালোচনা করতে পারবেন, কোনো বিল বা নীতির বিরোধিতা করতে পারবেন এবং মন্ত্রীদের কাছে প্রশ্ন করতে পারবেন। তবে এসব করতে হবে সংসদের নিজস্ব কার্যপ্রণালি বিধি অনুসরণ করে।
সংবিধানের ৭৫ অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদের কার্যপ্রণালি সংসদের প্রণীত কার্যপ্রণালি বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। সংসদে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত নেওয়ার বিধানও রয়েছে এই অনুচ্ছেদে। ভোট সমান হলে সভাপতিত্বকারী ব্যক্তি নির্ণায়ক ভোট দিতে পারবেন। এ ছাড়া অধিবেশন চলাকালে উপস্থিত সদস্য সংখ্যা ৬০-এর কম হলে স্পিকার বা সভাপতিত্বকারী ব্যক্তি অন্তত ৬০ জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত অধিবেশন স্থগিত বা মুলতবি রাখবেন।
সংবিধানের ৭৮ অনুচ্ছেদে সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তির কথা বলা হয়েছে। সংসদে বা সংসদীয় কমিটিতে দেওয়া বক্তব্য কিংবা ভোটের জন্য কোনো সংসদ সদস্য আদালতে দায়ী থাকবেন না। সংসদের কার্যক্রমের বৈধতাও কোনো আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে এ দায়মুক্তির অর্থ সংসদের অভ্যন্তরীণ শৃঙ্খলাবিধি থেকে অব্যাহতি নয়। কার্যপ্রণালি বিধি লঙ্ঘন করলে সংসদের ভেতরে সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
সদস্যদের আচরণ ও বক্তব্যের নিয়ম
সংবিধানের ৭৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে জাতীয় সংসদ নিজস্ব কার্যপ্রণালি বিধি তৈরি করেছে। সংসদে সদস্যদের আচরণ ও বিতর্ক পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ বিধান রয়েছে কার্যপ্রণালি বিধির ২৬৭ থেকে ২৭৭ নম্বর বিধিতে।
বিধি ২৬৭-তে সংসদ অধিবেশন চলাকালে সদস্যদের আচরণ সম্পর্কে নির্দেশনা রয়েছে। কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় অন্য সদস্য বিশৃঙ্খল শব্দ বা আচরণের মাধ্যমে তাকে বাধা দিতে পারবেন না। বক্তব্য না দেওয়ার সময় সদস্যদের নীরব থাকতে হবে এবং সংসদের কার্যক্রমে বাধা দেওয়া যাবে না। অন্য সদস্যের বক্তব্যের মাঝখানে কথা বলা বা মন্তব্য করাও এই বিধির পরিপন্থী। বক্তব্য দেওয়ার সময় সদস্যকে স্পিকার বা সভাপতির উদ্দেশে কথা বলতে হবে।
বিধি ২৬৮ অনুযায়ী, একই সময়ে একাধিক সদস্য কথা বলতে দাঁড়ালে কে কথা বলবেন, তা নির্ধারণ করবেন স্পিকার। স্পিকার যে সদস্যের নাম আহ্বান করবেন, তিনিই কথা বলার অধিকার পাবেন। অর্থাৎ, নিজে থেকে দাঁড়িয়ে বা চিৎকার করে বক্তব্য দেওয়ার অধিকার কোনো সদস্যের নেই।
জাতীয় সংসদের অধিবেশন। ছবি: বাসস
বিধি ২৬৯-এ বক্তব্য দেওয়ার পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। কোনো বিষয়ে বক্তব্য দিতে চাইলে সদস্যকে নিজ আসনে দাঁড়িয়ে স্পিকারকে উদ্দেশ্য করে কথা বলতে হবে। অন্য সদস্যের উদ্দেশে সরাসরি বক্তব্য দিয়ে ব্যক্তিগত বাগবিতণ্ডায় জড়ানোর সুযোগ নেই।
বিধি ২৭০-এ বক্তব্যের বিষয়বস্তু ও ভাষার ক্ষেত্রে সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছে। কোনো সদস্য বাংলাদেশের কোনো আদালতে বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দিতে পারবেন না। আলোচ্য বিষয়ের জন্য একান্ত প্রয়োজন না হলে অন্য সংসদ সদস্য, মন্ত্রী বা সরকারি পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ আনা যাবে না। যথাযথ প্রস্তাব ছাড়া রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের কোনো বিচারকের ব্যক্তিগত আচরণ নিয়েও মন্তব্য করা যাবে না।
এ ছাড়া, সংসদের কোনো সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব ছাড়া সেই সিদ্ধান্তের সমালোচনা, সংসদ বা সংসদের কার্যক্রম নিয়ে আপত্তিকর মন্তব্য, অশালীন বা অপমানজনক ভাষা ব্যবহার এবং অন্য সদস্যকে অসম্মানজনকভাবে সম্বোধন করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বক্তব্য দেওয়ার অধিকার ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে সংসদের কার্যক্রম বাধাগ্রস্ত করাও এই বিধির পরিপন্থী।
বিধি ২৭১ অনুযায়ী, কোনো সদস্য কারও বিরুদ্ধে মানহানিকর বা অপরাধমূলক প্রকৃতির অভিযোগ তুলতে চাইলে আগে স্পিকার ও সংশ্লিষ্ট মন্ত্রীকে জানাতে হবে। এতে সংশ্লিষ্ট মন্ত্রী অভিযোগটি তদন্ত করে জবাব দেওয়ার প্রস্তুতি নিতে পারেন। তবে অভিযোগটি সংসদের মর্যাদার জন্য অবমাননাকর হলে বা তা উত্থাপনে জনস্বার্থ রক্ষিত না হলে স্পিকার অভিযোগটি উত্থাপন নিষিদ্ধ করতে পারেন।
বিধি ২৭২-এ বলা হয়েছে, সংসদে আলোচনাধীন কোনো বিষয়ে একজন সদস্য অন্য সদস্যের কাছে প্রশ্ন করতে চাইলে তা স্পিকারের মাধ্যমে করতে হবে। বিধি ২৭৩ অনুযায়ী, কোনো সদস্য আলোচনার সঙ্গে সম্পর্কহীন বক্তব্য দিতে থাকলে অথবা একই যুক্তি বারবার তুলে ধরে বিতর্ক দীর্ঘায়িত করলে স্পিকার প্রথমে তার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এরপরও বক্তব্য চালিয়ে গেলে তাকে বক্তব্য বন্ধ করে আসনে বসার নির্দেশ দিতে পারবেন।
বিধি ২৭৭-এ বলা হয়েছে, স্পিকার যখন দাঁড়াবেন, তখন তাকে নীরবতার মধ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। সে সময় কথা বলা বা কথা বলার জন্য দাঁড়ানো সদস্যকে সঙ্গে সঙ্গে আসনে বসতে হবে। স্পিকার বক্তব্য দেওয়ার সময় কোনো সদস্য আসন ছেড়ে যেতে পারবেন না।
হট্টগোল হলে স্পিকার কী ব্যবস্থা নিতে পারেন
কার্যপ্রণালি বিধিতে সদস্যদের আচরণের সীমা নির্ধারণের পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গ হলে স্পিকার কী ব্যবস্থা নিতে পারবেন, সেটিও বলা হয়েছে।
বিধি ১৪ অনুযায়ী, সংসদে শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখা স্পিকারের দায়িত্ব। পয়েন্ট অব অর্ডারের সিদ্ধান্ত দেওয়ার পাশাপাশি নিজের সিদ্ধান্ত কার্যকরের জন্য প্রয়োজনীয় ক্ষমতাও তার রয়েছে।
বিধি ১৫ অনুযায়ী, কোনো সদস্যের আচরণ স্পিকারের বিবেচনায় গুরুতর বিশৃঙ্খল মনে হলে তাকে সংসদ থেকে অবিলম্বে বের হয়ে যাওয়ার নির্দেশ দিতে পারবেন স্পিকার। নির্দেশপ্রাপ্ত সদস্যকে সেদিনের অধিবেশনের স্পিকার নির্ধারিত সময় পর্যন্ত সংসদ কক্ষে অনুপস্থিত থাকতে হবে।
বিধি ১৬-এ আরও কঠোর ব্যবস্থার কথা বলা হয়েছে। কোনো সদস্য স্পিকারের কর্তৃত্ব অমান্য করলে, সংসদের বিধির অপব্যবহার করলে কিংবা বারবার ও ইচ্ছাকৃতভাবে সংসদের কার্যক্রম বাধাগ্রস্ত করলে স্পিকার তার নাম উল্লেখ করে তাকে চিহ্নিত করতে পারেন। এরপর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে ওই সদস্যকে অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য সংসদের কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা যেতে পারে। বরখাস্ত হওয়া সদস্যকে সংসদ ভবন থেকে বেরিয়ে যেতে হবে। তবে সংসদ চাইলে প্রস্তাবের মাধ্যমে যেকোনো সময় এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারে।
বিধি ১৭ অনুযায়ী, সংসদে গুরুতর বিশৃঙ্খলা দেখা দিলে স্পিকার অধিবেশন সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন।
অর্থাৎ, শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে স্পিকারের হাতে প্রথমে সতর্ক করা, গুরুতর বিশৃঙ্খল আচরণকারী সদস্যকে অধিবেশন থেকে বের করে দেওয়া, বারবার সংসদের কাজ বাধাগ্রস্ত করলে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া নেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে অধিবেশন স্থগিত করার ক্ষমতা রয়েছে।
বিতর্ক কীভাবে পরিচালিত হবে
সংসদে কে কখন কথা বলবেন, কতক্ষণ কথা বলবেন এবং বিতর্ক কীভাবে শেষ হবে, সে বিষয়েও কার্যপ্রণালি বিধিতে নির্দেশনা রয়েছে।
বিধি ২৮৮ অনুযায়ী, কোনো প্রস্তাব উত্থাপনকারী সদস্য প্রথমে বক্তব্য দেবেন। এরপর স্পিকার যে ক্রমে সদস্যদের আহ্বান করবেন, তারা সেই অনুযায়ী বক্তব্য দেবেন। সাধারণভাবে কোনো সদস্য একটি প্রস্তাবের ওপর একবারই বক্তব্য দিতে পারবেন। স্পিকারের অনুমতি ছাড়া একই প্রস্তাবে দ্বিতীয়বার কথা বলা যাবে না। প্রস্তাব উত্থাপনকারী সদস্য বিতর্কের শেষে জবাব দেওয়ার সুযোগ পাবেন।
বিধি ২৮৯ অনুযায়ী, মূল প্রস্তাব উত্থাপনকারী সদস্যের জবাবের মাধ্যমে সাধারণত বিতর্ক শেষ হবে। এরপর সংসদে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
বিধি ২৯০-এ বিতর্ক শেষ করার প্রস্তাবের সুযোগ রাখা হয়েছে। কোনো প্রস্তাব নিয়ে আলোচনা চলার সময় যেকোনো সদস্য বলতে পারেন, এখন প্রশ্নটি ভোটে দেওয়া হোক। তবে স্পিকার যদি মনে করেন, এতে যুক্তিসংগত বিতর্কের অধিকার ক্ষুণ্ন হবে বা কার্যপ্রণালি বিধির অপব্যবহার হচ্ছে, তাহলে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে পারেন। প্রস্তাবটি গৃহীত হলে আর বিতর্ক চলবে না; সংশ্লিষ্ট প্রশ্ন ভোটে দেওয়া হবে।
বিধি ২৯১ অনুযায়ী, কোনো বিল বা প্রস্তাব নিয়ে আলোচনা অযথা দীর্ঘায়িত হলে স্পিকার সংসদের মতামত নিয়ে বিতর্ক শেষ করার জন্য সময়সীমা নির্ধারণ করতে পারেন। নির্ধারিত সময় শেষ হলে প্রয়োজনীয় প্রশ্নগুলো ভোটের জন্য উপস্থাপন করবেন। এ ছাড়া বিধি ৬৭ অনুযায়ী, সংসদে বক্তব্য দেওয়ার সময়সীমা নির্ধারণের ক্ষমতাও স্পিকারের রয়েছে।
পয়েন্ট অব অর্ডার কখন ব্যবহার করা যাবে
সংসদে বিতর্কের সময় কোনো সদস্য ‘পয়েন্ট অব অর্ডার’ বলে দাঁড়িয়ে আপত্তি জানান। তবে এটি রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিকল্প পদ্ধতি নয়। কার্যপ্রণালি বিধির ৩০১ নম্বর বিধিতে পয়েন্ট অব অর্ডার উত্থাপন ও নিষ্পত্তির নিয়ম নির্ধারণ করা হয়েছে।
এই বিধি অনুযায়ী, পয়েন্ট অব অর্ডার সংসদের কার্যপ্রণালি বিধি অথবা সংসদের কার্যক্রম পরিচালনাসংক্রান্ত সংবিধানের কোনো অনুচ্ছেদের ব্যাখ্যা বা প্রয়োগের সঙ্গে সম্পর্কিত হতে হবে। সংসদে যে বিষয়ে আলোচনা চলছে, সেই বিষয়কে কেন্দ্র করেই এটি উত্থাপন করতে হবে। কোনো বিষয় আদৌ পয়েন্ট অব অর্ডার কি না, তা নির্ধারণ করবেন স্পিকার এবং এ বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত।
পয়েন্ট অব অর্ডারের ওপর আলাদা বিতর্ক করা যাবে না। তথ্য জানতে চাওয়া, নিজের অবস্থান ব্যাখ্যা করা কিংবা কাল্পনিক বিষয় উত্থাপনের জন্যও এটি ব্যবহার করা যাবে না।
অসংসদীয় বক্তব্য দিলে কী হবে
সংসদে বক্তব্যের সময় কোনো সদস্যের ব্যবহৃত শব্দ বা মন্তব্য স্পিকারের বিবেচনায় মানহানিকর, অশালীন, অসংসদীয় অথবা মর্যাদাহানিকর হলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ক্ষমতা রয়েছে তার।
কার্যপ্রণালি বিধির ৩০৭ নম্বর বিধিতে এ ক্ষমতার কথা বলা হয়েছে। বিধি ৩০৮ অনুযায়ী, বাদ দেওয়া অংশ সংসদের মুদ্রিত কার্যবিবরণীতে তারকা চিহ্ন দিয়ে দেখানো হবে এবং সেখানে উল্লেখ থাকবে, সভাপতির নির্দেশে ওই অংশ বাদ দেওয়া হয়েছে।
অর্থাৎ, সংসদে কোনো সদস্য বক্তব্য দিলেই তার ব্যবহৃত প্রতিটি শব্দ আনুষ্ঠানিক কার্যবিবরণীতে থাকবে, এমন নয়। বক্তব্যের কোনো অংশ অসংসদীয় হলে স্পিকার তা বাদ দেওয়ার নির্দেশ দিতে পারেন।
ওয়াকআউট ও হট্টগোল কি এক বিষয়
সংসদে সরকারের সমালোচনা, কোনো বিলের বিরোধিতা, পাল্টা যুক্তি দেওয়া এবং নির্ধারিত নিয়মে পয়েন্ট অব অর্ডার উত্থাপন- এসব সংসদীয় কার্যক্রমের অংশ। একইভাবে কোনো বিষয়ে প্রতিবাদ জানিয়ে সংসদ সদস্যদের কক্ষ ত্যাগ করাও রাজনৈতিক প্রতিবাদের অংশ হতে পারে। কার্যপ্রণালি বিধিতে ওয়াকআউটের জন্য আলাদা কোনো অনুমতিপত্র বা পূর্বানুমোদনের বিধান নেই।
তবে ওয়াকআউটের সময় সংসদের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেই আচরণ আলাদাভাবে কার্যপ্রণালি বিধির আওতায় আসতে পারে। বক্তব্য চলাকালে চিৎকার করে বাধা দেওয়া, অশালীন ভাষা ব্যবহার কিংবা ইচ্ছাকৃতভাবে সংসদের কাজ বন্ধ করার চেষ্টা বিধি ২৬৭ ও ২৭০-এর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। স্পিকারের নির্দেশ অমান্য করলে বিধি ১৫ ও ১৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ নির্ধারণ করা হয়েছে। স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার সংসদে সভাপতিত্ব করেন। কার্যপ্রণালি বিধির ১৩ নম্বর বিধি অনুযায়ী, ডেপুটি স্পিকার বা অন্য কোনো অনুমোদিত সদস্য সংসদে সভাপতিত্ব করলে তিনি স্পিকারের মতো একই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফলে অধিবেশনে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করলে তিনিও সংসদের শৃঙ্খলা বজায় রাখা, পয়েন্ট অব অর্ডারের সিদ্ধান্ত দেওয়া এবং বিশৃঙ্খল আচরণের ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারেন।
সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদে বিতর্ক ও মতবিরোধের সুযোগ রয়েছে। বিরোধীদল সরকারের সমালোচনা করতে পারে, সরকারি দল নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে পারে, কোনো বিল নিয়ে আপত্তি জানানো যায়। কিন্তু সেই বিতর্ক পরিচালনার জন্য নির্ধারিত নিয়মও রয়েছে। অন্য সদস্যের বক্তব্যে বাধা দেওয়া, একসঙ্গে চিৎকার করে অধিবেশনের কাজ ব্যাহত করা কিংবা সভাপতির নির্দেশ অমান্য করার বিষয়গুলো সেই নিয়মের বাইরে।
সংসদে হট্টগোলের কোনো ঘটনা ঘটলেই সব সদস্যের আচরণকে একইভাবে বিবেচনা করার সুযোগ নেই। কোন সদস্য কী ধরনের আচরণ করেছেন এবং তা কার্যপ্রণালি বিধির কোন বিধান লঙ্ঘন করেছে, সেটি আলাদাভাবে বিবেচ্য। সংসদের শৃঙ্খলা রক্ষার জন্য কার্যপ্রণালি বিধিতে স্পিকার ও সভাপতিত্বকারী ব্যক্তিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তার প্রয়োগের বিধানও রয়েছে।