Advertisement

আইনশৃঙ্খলা নিয়ে সংসদে নাহিদের প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আইনশৃঙ্খলা নিয়ে সংসদে নাহিদের প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য-পাল্টা বক্তব্য হয়। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুনের ঘটনা তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রশ্নের মুখে ফেলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

Advertisement

একের পর এক হামলা, ককটেল বিস্ফোরণ এবং সংসদ সদস্যের বাড়িতে আগুনের ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, এরপরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলা যায় কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নুসরাতের বাড়িতে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে এ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বক্তব্য-পাল্টা বক্তব্য হয়।

নাহিদ ইসলাম বলেন, “ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, সেখানে পেট্রল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দলই যায়নি।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “দেশে একের পর এক হামলার ঘটনা ঘটছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এমন ঘটনা ঘটছে। সংসদ সদস্যের বাড়িতে হামলা হচ্ছে। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপরও হামলা হচ্ছে।” এরপরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট হবেন ওনারা (বিএনপি)। আমাদের পরিবার আক্রান্ত হলে ফ্যাসিবাদী শক্তির হাতে তাদের পরিবারও আক্রান্ত হবে। তারা এতটাই নৃশংস।”

এ সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিষয়ে বর্তমান সরকারের আপসকামী মনোভাব রয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে কেউ বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা অন্য একটি বাড়িতে ছিলেন। আগুন লাগা বাড়িতে শুধু দুটি ছাগল ও অন্যান্য জিনিসপত্র ছিল।”

মন্ত্রী বলেন, “বাড়িটিতে আগুন লাগানো হয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি পরিত্যক্ত ছিল এবং এর বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো। এ কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।”

এর আগে গতকাল বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই ঘটনার কথা জানান। আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে যায়।

এদিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন।