Advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

রাতের অন্ধকারে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে অরাজকতা সৃষ্টির ঘটনাকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। শিল্পবান্ধব ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

Advertisement

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

সালাহউদ্দিন আহমদ বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন পেয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের অপচেষ্টা ও নীলনকশা ভন্ডুল করে দিয়েছে।”

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের পোশাকশিল্প এলাকাগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন, যাতে উৎপাদন ও রপ্তানি ব্যাহত না হয়।”

শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, “একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দাবি করে প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটের তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশজুড়ে ককটেল ছোড়া বা অরাজকতা সৃষ্টির চেষ্টাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

সীমান্তের ওপারে কিংবা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে সব তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রয়োজনে উপযুক্ত সময়ে এসব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।