Advertisement

সংসদীয় গণতন্ত্রের চর্চা নিশ্চিতের আহ্বান স্পিকারের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সংসদীয় গণতন্ত্রের চর্চা নিশ্চিতের আহ্বান স্পিকারের
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের সূচনাপর্বে বক্তব্য প্রদান করেন স্পিকার। ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদে আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের চর্চা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

Advertisement

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, “জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।”

হাফিজ উদ্দিন বলেন, “জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।”

Advertisement

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছে।”

স্পিকার বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে। গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”