Advertisement

রাজধানীর ৬ এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাজধানীর ৬ এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২
ককটেল। ছবি: চরচা

রাজধানীতে সকাল থেকে অন্তত ছয়টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের খবর পাওয়া গেছে।

Advertisement

আজ সোমবার ভোর ৬টা থেকে ৮টার মধ্যে রামপুরা, খিলগাঁওয়ে আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের হয় এবং সেখান থেকে ককটেল বিস্ফোরণ করে। এ ছাড়াও তেজগাঁও, আফতাবনগর, বাড্ডা, ক্যান্টনমেন্ট থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট এলাকার থানাগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।

রামপুরা থানা আওয়ামী লীগ ভোর ৭টার দিকে মিছিল বের করে। এই সময় মিছিল থেকে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভোর সাড়ে ৭টার দিকে খিঁলগাওয়ে আপন কফি শপের সামনে আওয়ামী লীগের ব্যানারে আরেকটি মিছিল বের হয়। সেখানেও কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করা হয়েছে।

Advertisement

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়, মাটিকাটা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এবং ক্যান্টনমেন্ট থানা এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে।

তেজগাঁওয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে, আফতাবনগর এবং বাড্ডা পাসপোর্ট অফিসের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রামপুরায় মিছিল ও ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি পৃথক মামলার কথা জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন। চরচাকে তিনি বলেন, “একটা মামলা করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল নিয়ে। আরেকটি বোমা বিস্ফোরণের ঘটনায়। আমাদের অভিযান পরিচালনা করে আটকের চেষ্টা চলছে।”

খিলগাঁওয়ে মিছিল এবং বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। খিলগাঁও থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আমরা বেলা ১২টার দিকে দুইজনকে আটক করেছি। তারা মিছিলে অংশগ্রহণ এবং বোমা বিস্ফোরণ করার কথা স্বীকার করেছে। আটক দুজনের নাম শ্রাবণ সরদার এবং মো. রবিন। তাদের মেরাদিয়া এবং তালতলা থেকে আটক করা হয়।”