Advertisement

পোশাক শিল্পের সংকট নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধী দলের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পোশাক শিল্পের সংকট নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধী দলের
বাংলাদেশের সংসদ ভবন। ফাইল ছবি

এলডিসি উত্তরণের প্রস্তুতির মধ্যে জ্বালানি সংকট, উৎপাদন ঘাটতি ও শ্রমিক অসন্তোষকে তৈরি পোশাক শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছে বিরোধী দল। এসব সমস্যা মোকাবিলায় সরকারের পরিকল্পনা ও করণীয় নিয়ে জাতীয় সংসদে আলোচনার উদ্যোগ চেয়েছেন সংসদে বিরোধীদলের মুখপাত্র পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

Advertisement

আজ সোমবার সংসদ সচিবালয়ে বিরোধী দল ১১ দলীয় জোটের পক্ষে এ-সংক্রান্ত নোটিশ জমা দেন নাজিবুর রহমান। সংসদের চতুর্থ অধিবেশনে বিষয়টি সাধারণ আলোচনায় আনার প্রস্তাব করেছেন তিনি।

Advertisement

নোটিশে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, গ্যাসের চাপ কম থাকা, বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ না পাওয়া এবং ডিজেলের সীমিত প্রাপ্যতার কারণে কারখানাগুলো স্বাভাবিক উৎপাদন চালাতে পারছে না। মধ্যপ্রাচ্যের বৈশ্বিক পরিস্থিতিও জ্বালানি সংকটে প্রভাব ফেলছে।

এর ফলে পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে বলে নোটিশে উল্লেখ করা হয়। উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারার পরিস্থিতিতে বিদেশি ক্রেতারা তাদের দেওয়া ক্রয়াদেশ প্রত্যাহার করছেন। এতে উদ্যোক্তাদের লোকসানের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শিল্পটির সংকটের সঙ্গে শ্রমিকদের অসন্তোষও যুক্ত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। শ্রমিকদের মজুরি, জীবনযাত্রার বাড়তি খরচ এবং কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আন্দোলন হচ্ছে। আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় কিছু ক্ষেত্রে কারখানা বন্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে।

নোটিশে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক রাজনৈতিক প্রচারে ব্যবহৃত হতে পারে। একই সঙ্গে শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে। এ কারণে শ্রমিকদের দাবির বিষয়ে সংবেদনশীল থাকার পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ড ঠেকাতে সরকার, মালিক ও শ্রমিকদের সম্মিলিত উদ্যোগের কথা বলা হয়েছে।

নোটিশে সংকট মোকাবিলার পাশাপাশি এলডিসি উত্তরণের প্রস্তুতিকেও আলোচনার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশকে উত্তরণের জন্য যে তিন বছরের সময়সীমা দেওয়া হয়েছে। তার মধ্যে পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ জন্য রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন বাজারে প্রবেশ, উৎপাদনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের প্রস্তাব রয়েছে নোটিশে। এসব উদ্যোগ বাস্তবায়নে আগামী তিন বছরের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা, পোশাক শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যে নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়গুলোকে সমন্বিতভাবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে নোটিশে। এসব বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য ও করণীয় নির্ধারণের প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।