Advertisement

সংসদে মোনাজাত: ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতে দোয়া চাইলেন ধর্মপ্রতিমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সংসদে মোনাজাত: ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতে দোয়া চাইলেন ধর্মপ্রতিমন্ত্রী
ছবি: ইউএনবি

জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনার পর মোনাজাতে ফ্যাসিস্টকে বিতাড়িত করার পাশাপাশি তাকে ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা প্রতিহত করতে দোয়া করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

Advertisement

আজ সোমবার জাতীয় সংসদে মোনাজাতে তিনি বলেন, “রাব্বুল আলামিন, এই সংসদে আপনি আমাদের তৌফিক দিয়েছেন ফ্যাসিস্টকে বিতাড়িত করার। আপনি আমাদের এমন তৌফিক দান করুন, যাতে সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার কোনো প্রেক্ষাপট তৈরির চেষ্টা কেউ করলে আমরা তা প্রতিহত করতে পারি।”

মোনাজাতে আরও বলা হয়, “এই রাষ্ট্র ও সংসদকে কেন্দ্র করে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার বিরুদ্ধাচরণ করে কেউ কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে আপনি তা ধূলিসাৎ করে দিন।”

মোনাজাতের শুরুতে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, “রাব্বুল আলামিন, শত মজলুমের এই মিলনমেলা, আপনার তৌফিকে প্রাপ্ত এই মহান সংসদে আমরা কয়েকজন গুনাহগার বান্দা আজ আপনার দরবারে হাত তুলেছি।”

Advertisement

শোক প্রস্তাবে যেসব সাবেক সংসদ সদস্য, গণপরিষদের সদস্য ও অন্যান্য ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তাদের ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্যও দোয়া করেন ধর্মপ্রতিমন্ত্রী।

মোনাজাতে প্রধানমন্ত্রী ও সরকারপ্রধান তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যও দোয়া করা হয়।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, “সামনের দিনগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারপ্রধান জনাব তারেক রহমান ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণের যে অঙ্গীকার করেছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁকে আরও দৃঢ়তার সঙ্গে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করুন।”

সংসদের কোনো অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব উপস্থাপনের পর এক মিনিট নীরাবতা পালন ও মোনাজাতের রেওয়াজ রয়েছে।