
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য চলাকালে প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংসদ সদস্য হান্নান মাসুদ ও মাহমুদা মিতু নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে আপত্তি তুললে ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে এ ঘটনা ঘটে।
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ফ্লোর নিয়ে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইরে থেকে কোনো কিছু নিক্ষেপ করার পর বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে।
নাহিদ বলেন, নুসরাতের বাড়িটি কোনো ‘পরিত্যক্ত বা গবাদিপশুর বাড়িও’ ছিল না। ঘটনার সময় কেয়ারটেকারের পরিবারসহ সংসদ সদস্যের আত্মীয়স্বজন ওই বাসায় ছিলেন। গতকাল রাতে মানুষও মারা যেতে পারতেন।
নাহিদ আরও বলেন, “নুসরাত তাবাসসুমকে কয়েক দিন ধরেই ফোনে হামলার হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার দুই দিন আগে তিনি একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। ফলে ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়।”
সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দায় স্বীকারের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, “কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন।”
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দোষীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যাশা করেছিলেন জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন, কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে নাহিদ বলেন, “বাসে আগুন লেগে মানুষ মারা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ককটেল ফাটছে। সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হচ্ছে। সমন্বয়কদের রামদা দিয়ে কোপানো হচ্ছে। এটাই সামগ্রিক (আইনশৃঙ্খলার) চিত্র হচ্ছে বাংলাদেশের বর্তমানে।”
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দিতে শুরু করলে নাহিদ ইসলাম, হান্নান মাসউদ ও মাহমুদা মিতুসহ কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলতে থাকেন। এতে সংসদে হট্টগোল তৈরি হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গতকাল রাতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ বললেন, আগুন লাগানো হয়েছে। তদন্ত কি শেষ হয়ে গেল? আমি বলেছি, তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার বিষয়ে তিনি তথ্য, ছবি ও ভিডিওসহ সংসদে বক্তব্য দিয়েছেন। তার ভাষায়, “সমস্ত তথ্যসহ, ফ্রন্টলি উইথ ডেটা, ফটো, ভিডিও–বাংলাদেশের পার্লামেন্টে এরকম কোনো রেকর্ড আছে বলে আমার জানা নেই।”
ঘটনার সময় ও স্থান সম্পর্কে তিনি বলেন, “গতকাল রাত ১২টা ২০ মিনিটের সময় ঘটনা। আজকে আমি তাদের বক্তব্যের প্রেক্ষিতে স্টেটমেন্ট দিয়েছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই সংসদ সদস্য তখন ঢাকায় ছিলেন। তার মা-বাবা ঘটনাস্থলের ২০ মিটার দূরে একটি তিনতলা বাড়িতে থাকেন। বাড়িটি সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে।
মন্ত্রী আরও বলেন, “পার্শ্ববর্তী থানা থেকে খবর পেয়ে, ট্রিপল নাইন-এ খবর পেয়ে বিজিবি গিয়েছে, ফায়ার ব্রিগেড গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এনেছে।”
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রত্যেকটা দেয়ালের, ঘরের ফ্লোরের, ইলেকট্রিক ওয়্যারিংয়ের, বাতির, মিটারের এবং অন্যান্য চিত্র, বাড়ির বাইরের সমস্ত কিছু কালেকশন করা হয়েছে।”
এ সময় সদস্যদের হট্টগোল থামাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাব, আমরা প্রত্যেকেই যার যার বক্তব্য দেব এবং শুনব। পরবর্তীতে বক্তব্য খণ্ডনের সুযোগ আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার বক্তব্য অব্যাহত রাখুন দয়া করে।”
বিরোধী দলের চিফ হুইপকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার বক্তব্যের সময় সকলেই সুন্দরভাবে শুনেছেন। এটা আপনার ডিউটি, আপনার যারা অন্যান্য সদস্য আছেন, তাদেরকে বিনয়ের সঙ্গে বলবেন বক্তব্য শোনার জন্য।”
সংসদের নিয়ম ও চর্চার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কথার প্রেক্ষিতে বক্তব্য দিচ্ছিলেন। ওনাকে বক্তব্যদানে বাধা প্রদান করা কোনো অবস্থাতেই উচিত না। আপনারা বসেন। প্রয়োজনে আপনি আবার বলবেন। কিন্তু ওনাকে বলতে দেন। ক্লারিফিকেশন করছেন তো।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।