ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পুরোপুরি বন্ধ করার চেষ্টা থমকে আছে, একই অবস্থা হরমুজ প্রণালি আবার চালু করার প্রচেষ্টার। ইরানে আবার হামলা করতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল–এমন গুঞ্জন বেশ আওয়াজ পেয়েছে। এই যখন পরিস্থিতি, তখন মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্টও এনে হাজির করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াল তিনে।
একদিকে রণতরি পাঠিয়েছে, অন্যদিকে ওয়াশিংটন এটাও বলছে যে, নতুন করে সামরিক হামলার সম্ভাবনা কম। ওদিকে ইরান ইঙ্গিত দিচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাব দিতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোর মধ্য দিয়ে কি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে, নাকি কূটনীতির মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব?
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল জাজিরাকে জানান, ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বে থাকা এলাকায় আগে থেকেই মোতায়েন থাকা আরও দুই রণতরি ইউএসএস ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচ ডাব্লিউ বুশের সঙ্গে যুক্ত হয়েছে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে জুনে দুই দেশ আরও বিস্তৃত একটি সমঝোতা স্মারকের ঘোষণা দেয়। তবে জুলাইয়ের শুরুতেই সেই সমঝোতা ভেঙে যায়।
এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও বড় পরিসরে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়া ঠেকাতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে পাকিস্তান ও কাতার। মার্চে দুই দেশের হামলা-পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের ওপর নতুন করে সামরিক হামলার সম্ভাবনা ‘খুবই কম’। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেন, যুদ্ধের সামরিক অংশ কার্যত শেষ হয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
এখন এই অঞ্চলে আরও একটি বিমানবাহী রণতরি মোতায়েনের অর্থ কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আবার শুরু হতে যাচ্ছে?
ইউএসএস থিওডর রুজভেল্ট কী?
যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নামে জাহাজটির নামকরণ করা হয়েছে। এটি পারমাণবিক শক্তিচালিত একটি বিমানবাহী রণতরি।
১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যুক্ত হওয়া এই রণতরিতে ৫ হাজারের বেশি কর্মী এবং ৬০টির বেশি উড়োজাহাজ রয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির (পঞ্চম প্রজন্মের) এফ-৩৫ যুদ্ধবিমানের পাশাপাশি আছে ৪.৫ প্রজন্মের এফ-১৮ যুদ্ধবিমানও।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এই যুদ্ধজাহাজের দায়িত্ব হলো বিমানবাহী রণতরি থেকে বিমান পরিচালনা এবং বিমানবাহী রণতরির যুদ্ধ কার্যক্রমে সহায়তা করা। এ ছাড়া যুদ্ধবিমানের স্কোয়াড্রনগুলোর পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সমন্বয় ও পরিচালনার দায়িত্বও পালন করে এটি।
যুদ্ধ পরিচালনার পাশাপাশি সমুদ্রে থাকা অন্যান্য জাহাজে প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহ করে এই রণতরি। এ ছাড়া সমুদ্রে শরণার্থীসহ বিপদে পড়া মানুষদের উদ্ধারেও কাজ করে।
নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে ইউএসএস থিওডর রুজভেল্ট যুদ্ধ এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় যুদ্ধ অভিযান পরিচালনার জন্য এটিকে ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তা করেছিল এই রণতরি।
২০২০-২১ সালেও সামরিক মহড়ায় অংশ নিতে ইউএসএস থিওডর রুজভেল্টকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। ওই মহড়ায় ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া অংশ নেয়।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিছুক এক কর্মকর্তা আল জাজিরাকে জানান, ইউএসএস থিওডর রুজভেল্ট সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের উদ্দেশে সান দিয়েগো ঘাঁটি ছেড়েছে। আরেক কর্মকর্তা জানান, ১৫ নভেম্বর এটি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
তবে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলে রণতরিটির পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেনি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কত সেনা আছে?
ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছানোর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়িয়েছে। ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন থাকা অন্য দুটি বিমানবাহী রণতরি হলো ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচ ডাব্লিউ বুশ।
গত মাসে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল জাজিরাকে জানান, ২ হাজারের বেশি মেরিন সেনা নিয়ে মেকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সও ইউএসএস থিওডর রুজভেল্টের সঙ্গে মধ্যপ্রাচ্যে গেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই স্ট্রাইক গ্রুপ ও নৌবাহিনীর অন্যান্য মোতায়েনের ফলে যুক্তরাষ্ট্রের আরও ৯ হাজার থেকে ১০ হাজার সেনা যুক্ত হতে পারে। এর মধ্যে বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য জাহাজে দায়িত্বে থাকা নাবিক ও মেরিন সেনারাও রয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো এসব মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি।
কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে দেশটির আটটি স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৪০ হাজার থেকে ৫০ হাজার সেনা মোতায়েন ছিল। এসব সেনার মধ্যে ওই অঞ্চলের বড় স্থায়ী সামরিক ঘাঁটি এবং ছোট অস্থায়ী সামরিক অবস্থানগুলোতে দায়িত্ব পালন করা সদস্যরাও রয়েছেন।
উন্মুক্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষক ও সামরিক উড়োজাহাজের চলাচল পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারির শুরু থেকে মধ্যপ্রাচ্যে ১২০টির বেশি উড়োজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এত বেশি বিমানশক্তি আর কখনো করেনি।
মধ্যপ্রাচ্যে মোতায়েন করা উড়োজাহাজের মধ্যে রয়েছে ই-৩ সেন্ট্রি এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (অ্যাওয়াকস) উড়োজাহাজ, এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান, আকাশে আধিপত্য বিস্তারে সক্ষম এফ-২২ যুদ্ধবিমান এবং এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান। এ ছাড়া মার্চ মাসে পারস্য উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দেয় পেন্টাগন।
এই অতিরিক্ত সেনা পাঠানোর মধ্যে তিনটি পৃথক সামরিক ইউনিট ছিল। প্রথমটি হলো ট্রিপোলি অ্যামফিবিয়াস রেডি গ্রুপ। এর নেতৃত্বে রয়েছে আমেরিকা শ্রেণির অ্যাসল্ট জাহাজ ইউএসএস ট্রিপোলি এবং ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট (এমইইউ)।
দ্বিতীয়টি হলো বক্সার অ্যামফিবিয়াস রেডি গ্রুপ। এর নেতৃত্বে রয়েছে ওয়াস্প শ্রেণির অ্যাসল্ট জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট (এমইইউ)। এই ইউনিটটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।
এই দুটি মেরিন ইউনিটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৪ হাজার ৫০০ মেরিন সেনা ও নাবিক যুক্ত হয়েছে।
তৃতীয়টি হলো নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে অবস্থিত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ইমিডিয়েট রেসপন্স ফোর্সের প্রায় ২ হাজার সেনার একটি দল। এই প্যারাট্রুপার পদাতিক ডিভিশনটি মূলত প্যারাসুটের মাধ্যমে হামলা পরিচালনার জন্য বিশেষভাবে প্রস্তুত।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রায় ৭ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের প্রতিক্রিয়া কী?
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী (আইন ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার জন্য ইরান অপেক্ষা করবে না, বরং নিজেরাই আগে পদক্ষেপ নিতে পারে।
কাজেম ঘারিবাবাদি আরও ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক আলোচনার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র হয়তো সময়ক্ষেপণ করছে, যাতে আরেকটি হামলার প্রস্তুতি নেওয়া যায়।
ইরানের বার্তা সংস্থা ফার্স প্রকাশিত এক ভিডিওতে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ঘারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান কিউবা নয় যে দেশটিকে অবরোধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।”
ঘারিবাবাদি বলেন, এখন পর্যন্ত ইরানে আকাশপথে বা স্থলপথে অবরোধ আরোপ করে সফল হয়নি যুক্তরাষ্ট্রের বাহিনী। এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক জ্বালানি সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
স্থানীয় সময় সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কারণে অঞ্চলের জ্বালানি নিরাপত্তার ওপর প্রভাব ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে জ্বালানি সহযোগিতা জোরদার করা এখন জরুরি ও কৌশলগত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।”
আরাগচিকে উদ্ধৃত করে ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, “জ্বালানি সরবরাহের প্রবাহ সচল রাখা, স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা, বাইরের প্রভাবের কারণে সৃষ্ট ঝুঁকি কমানো এবং ভূরাজনৈতিক সংকট ও বিঘ্ন মোকাবিলায় সম্মিলিত সক্ষমতা বাড়াতে আমাদের অঞ্চলের শুধু একটি স্বাধীন নিরাপত্তাকাঠামোই নয়, বরং নির্ভরযোগ্য ও টেকসই আঞ্চলিক জ্বালানি ব্যবস্থাও প্রয়োজন।”
যুদ্ধ আবার শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার কী বলেছে?
চলতি মাসের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পর ইরানকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে মতপার্থক্য ক্রমেই বাড়ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের কৌশল কার্যকর হচ্ছে। তাই বড় পরিসরে আবার সামরিক অভিযান শুরু করার প্রয়োজন হওয়ার সম্ভাবনা কম। মার্কো রুবিও আরও বলেন, “ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে।”
তবে যুদ্ধ নিয়ে নিজের পরিকল্পনার বিষয়ে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন ট্রাম্প।
গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্ট এবং আকস্মিক এক সংবাদ সম্মেলনে বলেন, সংঘাত বন্ধের বিষয়ে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে। তিনি আরও বলেন, নতুন করে হামলা শুরুর সম্ভাবনা খুবই কম। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সামরিক অভিযান কার্যত শেষ বলেও ঘোষণা দেন তিনি।
তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের অভিযান অব্যাহত থাকবে। এর মধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ এবং স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধের লক্ষ্যে সম্প্রতি গঠিত একটি বিশেষ বাহিনীর কার্যক্রমও রয়েছে।
এদিকে যুদ্ধ বন্ধে ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে–দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে নেওয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল ছাড়, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের অবসান ঘোষণা করে স্পষ্ট বিবৃতি দেওয়া।
অন্যদিকে, কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় ইরানের বিষয়ে ধৈর্য হারানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ট্রাম্প বলেছেন, “ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই।”
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে, সেই সঙ্গে তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে!”
কূটনীতির মাধ্যমে কি সমাধান সম্ভব?
উত্তেজনা বাড়লে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই আগে হামলা চালাতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে, তা স্পষ্ট নয়। হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালি আবার চালু করার কূটনৈতিক প্রচেষ্টাও থমকে রয়েছে।
গত সপ্তাহে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, তেহরান যুদ্ধও নয়, শান্তিও নয়–এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায়।
গালিবাফ বলেন, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে চুক্তির জন্য সাতটি শর্ত জানিয়েছে ইরান। এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।
এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে এবং দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল রেখেছে।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট রশিদ আল-মোহানাদি আল জাজিরাকে বলেন, “সংঘাতের সম্ভাব্য অবসানের জন্য কে কী পদক্ষেপ নেবে, কখন নেবে এবং কীভাবে নেবে, সেটিই এখন মূল বিষয়।” এই বিশ্লেষক আরও বলেন, পুরো অঞ্চলই যে আবার বড় ধরনের যুদ্ধে জড়াতে চায় না, তা স্পষ্ট। এর প্রমাণ হিসেবে তিনি বলেন, “পুরো অঞ্চলই এখন মধ্যস্থতার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে।”
তবে রশিদ আল-মোহানাদি সতর্ক করে বলেন, যুদ্ধের প্রধান পক্ষগুলোর মধ্যে নিজেদের দর কষাকষির ক্ষমতা নিয়ে ভিন্ন ধারণা রয়েছে, “ইরানিরা মনে করছে, তাদের দর-কষাকষির ক্ষমতা বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও মনে করছে তাদের ক্ষমতা বেশি। এমন পরিস্থিতিতে কূটনৈতিকভাবে সংঘাতের অবসান ঘটানো বেশ কঠিন।”