Advertisement

যুক্তরাষ্ট্রের জরুরি সতর্ক ব্যবস্থা কীভাবে কাজ করে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের জরুরি সতর্ক ব্যবস্থা কীভাবে কাজ করে?
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে শুরু করে দেশজুড়ে জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছানো যায়, তা যাচাই করতে একটি পরীক্ষা চালিয়েছে দেশটির ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এফইএমএ)। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই পরীক্ষা চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর খবরে এটি জানা গেছে।

Advertisement

আইন অনুযায়ী, এফইএমএ প্রতি তিন বছর পরপর জরুরি সতর্কবার্তা ব্যবস্থা পরীক্ষা করে। মঙ্গলবারে পরীক্ষামূলকভাবে রেডিও, টেলিভিশন, কেবল ও স্যাটেলাইট টিভি সম্প্রচারমাধ্যমে একযোগে একটি বার্তা পাঠানো হয়। তবে মোবাইল ফোনে কোনো বার্তা পাঠানো হয়নি। পাঠানো বার্তায় বলা হয়, “এটি ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থার পাঠানো যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার একটি পরীক্ষা। এটি শুধু পরীক্ষা। সাধারণ মানুষের কিছু করার প্রয়োজন নেই।”

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিএনএনকে জানান, পরীক্ষাটি নির্বিঘ্নে শেষ হয়েছে।

Advertisement

এমন একটি সময়ে এই পরীক্ষা চালানো হলো যখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ত্রুটি ও যোগাযোগব্যবস্থার সমস্যার খবর প্রচার করছে সংবাদমাধ্যমগুলো। এসব ঘটনায় দৈনন্দিন জীবনে ব্যবহৃত ডিজিটাল ব্যবস্থার ওপর মানুষের আস্থা ও নিরাপত্তাবোধে উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই সতর্ক ব্যবস্থা কীভাবে পরিচালিত হয়?

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম কোয়ার্টজ এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কবার্তা ব্যবস্থা পরিচালনার দায়িত্ব কোনো একটি সংস্থার হাতে নেই। দেশটির তিনটি সরকারি সংস্থা যৌথভাবে এটি পরিচালনা করে। সংস্থা তিনটি হলো ফেডারেল যোগাযোগ কমিশন (এফসিসি), ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এফইএমএ) এবং জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস)।

এর মধ্যে জাতীয় পর্যায়ের সতর্কবার্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে এফইএমএ । সংস্থাটি দেশজুড়ে জরুরি বার্তা পাঠানোর অবকাঠামো পরিচালনা করে। জাতীয় পর্যায়ে কোনো সতর্কবার্তা পাঠানোর সিদ্ধান্তও এই সংস্থাই কার্যকর করতে পারে।

জাতীয় পর্যায়ের সতর্কবার্তা সবার আগে গ্রহণ করার জন্য এফইএমএ কিছু নির্দিষ্ট রেডিও ও টেলিভিশন সম্প্রচারকেন্দ্রকে নির্বাচন করে। এগুলোকে বলা হয় ‘প্রাইমারি এন্ট্রি পয়েন্ট’ স্টেশন। এসব কেন্দ্র প্রথমে সতর্কবার্তা গ্রহণ করে। এরপর এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ধারাবাহিকভাবে বার্তাটি পাঠানো হয়। এভাবে শেষ পর্যন্ত তা দেশের বিভিন্ন সম্প্রচারকেন্দ্রে পৌঁছে যায়।

এফইএমএ আরও একটি ব্যবস্থা পরিচালনা করে। এর নাম ‘ইন্টিগ্রেটেড পাবলিক অ্যালার্ট অ্যান্ড ওয়ার্নিং সিস্টেম’। এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয়, অঙ্গরাজ্য, স্থানীয়, আদিবাসী ও আঞ্চলিক পর্যায়ের অনুমোদিত সরকারি সংস্থাগুলো একই বার্তা একসঙ্গে বিভিন্ন মাধ্যমে পাঠাতে পারে।

এই বার্তাগুলো তৈরিতে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়। এর নাম কমন অ্যালার্টিং প্রটোকল। এটি এক ধরনের প্রযুক্তিগত ফরম্যাট, যার মাধ্যমে বিভিন্ন যোগাযোগব্যবস্থা একই জরুরি বার্তা বুঝতে ও প্রচার করতে পারে।

ফেডারেল যোগাযোগ কমিশন এই ব্যবস্থার নিয়ন্ত্রক সংস্থা। জরুরি সতর্কবার্তা ব্যবস্থা (ইএএস) কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে নিয়মকানুন তৈরি ও তা কার্যকর করার দায়িত্ব এই সংস্থার। এসব নিয়ম রেডিও ও টেলিভিশন সম্প্রচারকেন্দ্র, কেবল টিভি, স্যাটেলাইট রেডিও ও টেলিভিশন এবং তারের মাধ্যমে ভিডিও সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য।

অন্যদিকে, আবহাওয়াসংক্রান্ত সতর্কবার্তা দেওয়ার দায়িত্ব জাতীয় আবহাওয়া বিভাগের। সংস্থাটির বিভিন্ন পূর্বাভাস কার্যালয় টর্নেডো বা আকস্মিক বন্যার মতো বিপদের সতর্কবার্তা তৈরি করে।

এসব সতর্কবার্তা এইএএস ও মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠানোর ব্যবস্থা (ডব্লিউইএ)–দুই মাধ্যমেই পাঠানো হয়। মোবাইল ফোনে এসব বার্তা পৌঁছায় মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কবার্তা ব্যবস্থা মূলত দেশটির দুর্যোগ মোকাবিলা ও জাতীয় নিরাপত্তা প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সরকারি সংস্থা, সম্প্রচারমাধ্যম ও যোগাযোগব্যবস্থার সমন্বয়ে এই ব্যবস্থা কাজ করে। নিয়মিত পরীক্ষার মাধ্যমে এর দুর্বলতা ও ত্রুটি শনাক্ত করা হয়, যাতে বাস্তব কোনো বিপদে দ্রুত মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছানো যায়। কারণ জরুরি পরিস্থিতিতে সময়মতো একটি সতর্কবার্তা অনেক মানুষের জীবন বাঁচাতে পারে।