Advertisement

২০১৭ বনাম ২০২৬: স্যাটেলাইটের চোখে ঢাকার পরিবর্তন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

২০১৭ বনাম ২০২৬: স্যাটেলাইটের চোখে ঢাকার পরিবর্তন
স্যাটেলাইটের চোখে ২০১৭ সালের (ডানে) ও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকার ভূপ্রকৃতি। ছবি: স্ক্রিনশট

রাজধানী হওয়ার কারণে ঢাকা পুরো বাংলাদেশের অধিকাংশ কার্যকলাপের কেন্দ্রে। তাই সময়ের সঙ্গে সঙ্গে যেমন ঢাকার জনসংখ্যা বেড়েছে, তেমনি এর প্রভাবে শহরটিতে নানা পরিবর্তনও হয়েছে।

Advertisement

সম্প্রতি ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) সেন্টিনেল-২ উপগ্রহের তোলা দুটি ছবিতে ঢাকার আশপাশের এলাকার ভূপ্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। ছবিতে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের ঢাকা ও আশপাশের এলাকার সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের চিত্রের তুলনা করা হয়েছে।

ছবিগুলোতে বিশেষ পদ্ধতিতে রং ব্যবহার করা হয়েছে। এতে গাছপালাকে লাল, জলাশয়কে গাঢ় নীল ও কালো এবং ঘরবাড়ি ও স্থাপনাকে ধূসর রঙে দেখানো হয়েছে। গত নয় বছরে এসব এলাকার পরিবর্তনগুলো যেন সহজে বোঝা যায়, সেজন্য একটি অন্যটির চেয়ে অনেক বেশি ভিন্ন এসব রঙ বেছে নেওয়া হয়েছে।

ছবিতে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের ঢাকা। ছবি: ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েবসাইট থেকে নেওয়া
ছবিতে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের ঢাকা। ছবি: ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েবসাইট থেকে নেওয়া

Advertisement

ছবির মাঝামাঝি ধূসর রঙে দেখা যাচ্ছে ঢাকা শহরকে। শহরটি একটি সমতল ভূমির ওপর গড়ে উঠেছে। এই এলাকার মধ্যে ছোট-বড় অনেক নদী ও খাল ছড়িয়ে রয়েছে। ঢাকার ভেতর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে যথাক্রমে ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী।

এ ছাড়া ঢাকার আশপাশের বিস্তীর্ণ সমতল ভূমি কয়েকটি বড় নদীর মিলনস্থলে অবস্থিত। এর পশ্চিমে পদ্মা নদী, উত্তর-পশ্চিম দিক থেকে এসে মিলিত হয়েছে যমুনা নদী এবং পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী।

যমুনা নদী মূলত ব্রহ্মপুত্র নদের নিম্নপ্রবাহ। তিব্বতে উৎপত্তি হওয়া এই নদ ভারত হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে বাংলাদেশে প্রবেশ করেছে। যমুনা নদীটি দক্ষিণ দিকে বয়ে গিয়ে পদ্মা নদীর সঙ্গে মিলেছে। পদ্মা মূলত বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর অংশ। পরে পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ মেঘনা নদীর সঙ্গে মিশেছে। শেষ পর্যন্ত মেঘনা নদী গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে।

এই বড় নদীগুলোর মধ্যবর্তী এলাকা নিচু ও বন্যাপ্রবণ সমতল ভূমি। বর্ষা মৌসুমে নদীর পানির সঙ্গে আসা পলি জমে এবং নদীর পথ পরিবর্তনের কারণে এখানকার ভূপ্রকৃতিতে নিয়মিত পরিবর্তন ঘটে। যমুনা ও পদ্মা নদীর বিভিন্ন অংশে শুকিয়ে যাওয়া এবং জেগে ওঠা নদীর চর ও বালুচরগুলো বোঝা যাবে ছবিতে হালকা রঙের অংশগুলোতে।

দুটি ছবি তুলনা করলে পদ্মা নদীর গতিপথ ও প্রস্থে বেশ কিছু পরিবর্তন চোখে পড়ে। বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের কাছে এই পরিবর্তন বেশি স্পষ্ট।

ছবিতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ঢাকা। ছবি: ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েবসাইট থেকে নেওয়া
ছবিতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ঢাকা। ছবি: ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েবসাইট থেকে নেওয়া

দুই ছবির বড় অংশজুড়ে থাকা লাল রং ঘন গাছপালা ও সবুজ এলাকার উপস্থিতি বোঝায়। তবে ২০২৬ সালের ছবিতে ঢাকার চারপাশে শহরের বিস্তার অনেক বেশি দেখা যাচ্ছে। আগে যেসব এলাকায় কৃষিজমি ও জলাভূমি ছিল, সেসব জায়গার অনেক অংশে এখন ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে।

২০১৭ সালের ছবিতে যেসব এলাকা উজ্জ্বল লাল ছিল, ২০২৬ সালের ছবিতে সেগুলোর অনেক জায়গা তুলনামূলক মলিন দেখাচ্ছে। এর কারণ হতে পারে মাটির উপরের অংশ উন্মুক্ত হয়ে পড়া, নির্মাণকাজ কিংবা মাটির স্বাভাবিক পানি শোষণের ক্ষমতা কমে যাওয়া।

ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য বলছে, ঢাকার জনসংখ্যা ৩ কোটি ৬০ লাখের বেশি। এটি বাংলাদেশের সবচেয়ে জনবহুল শহর এবং দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল মহানগরগুলোর একটি।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির পেছনে অন্যতম একটি কারণ হলো–কাজের সন্ধানে বা জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গ্রাম থেকে আসা মানুষের ঢল।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্যান্য দ্রুত বর্ধনশীল শহরের মতো ঢাকাও বড় ধরনের নগরায়ণের চ্যালেঞ্জের মুখে রয়েছে। জনসংখ্যা বাড়ার পাশাপাশি শহরের আয়তনও বাড়ছে। এতে শহরের ভেতরে জমির ওপর চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে শহরের আশপাশের কৃষিজমি, জলাভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদও হুমকির মুখে পড়ছে। এসব কারণে ধীরে ধীরে ঢাকা শহরে বাসযোগ্যতা কমছে।

চলতি বছরের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে টানা দ্বিতীয় বছরের মতো ঢাকা বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের একটি হিসেবে স্থান পেয়েছে। ১৭৩টি শহরের মধ্যে করা জরিপে ঢাকার অবস্থান ১৭১তম।

ইআইইউ-এর ‘গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স’ অনুযায়ী ঢাকার স্কোর ৪২। এর নিচে রয়েছে শুধু লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। ত্রিপোলির অবস্থান ১৭২তম ও দামেস্কের অবস্থান ১৭৩তম।

বিশ্লেষকরা বলছেন, ঢাকার দ্রুত ও অপরিকল্পিত বসতি বিস্তারের ফলে দারিদ্র্য, দূষণ, যানজট ও বাসযোগ্যতার সংকট শহরগুলোর অর্থনৈতিক সুবিধাকে ধীরে ধীরে গ্রাস করছে।

ইউরোপীয় মহাকাশ সংস্থা বলছে, সেন্টিনেল-২ উপগ্রহের মাধ্যমে ঢাকার মতো শহরের বিস্তার ও ভূমির পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব। এসব তথ্য নগর পরিকল্পনাবিদ ও নীতিনির্ধারকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

এ ছাড়া এই উপগ্রহের তথ্য ব্যবহার করে জমি কীভাবে ব্যবহার করা হচ্ছে, গাছপালার অবস্থা কেমন এবং নদী-হ্রদসহ দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলোর কী পরিবর্তন হচ্ছে, তা-ও পর্যবেক্ষণ করা যায়।

বিশ্লেষকদের পরামর্শ, এসব পরিবর্তন পর্যবেক্ষণ করে নীতি-নির্ধারক ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। কারণ ঢাকাকে বাসযোগ্য রাখতে পরিকল্পিত নগরায়ণ, প্রাকৃতিক জলাধার ও কৃষিজমি সংরক্ষণ এবং ভূমির যথাযথ ব্যবহারে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। নাহলে দ্রুত বাড়তে থাকা এই শহর একসময় নিজের জনসংখ্যার চাপ সামলাতেই হিমশিম খাবে।