বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ বুধবার সকালে দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা। সকাল সাড়ে ৯টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ২১৬।
ঢাকার বাতাসের মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এর অর্থ, শারীরিক অবস্থা যেমনই হোক, স্বল্প সময়ের জন্য দূষিত বাতাসের সংস্পর্শে এলেও সবাই গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
একিউআইয়ের তালিকা অনুযায়ী, ২৯৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ঢাকা। ভারতের কলকাতা ও দিল্লি যথাক্রমে ১৯৯ ও ১৮১ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।
একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০-কে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০-কে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য করা হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
একিউআইয়ের মাধ্যমে প্রতিদিন বাতাসের মান সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যায়। এর মাধ্যমে বাতাস কতটা নির্মল বা দূষিত এবং দূষণের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়।
বাংলাদেশে পাঁচটি প্রধান দূষক পদার্থের ওপর ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন।
দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে ঢাকা। সাধারণত শীতকালে শহরটির বায়ুমানের অবনতি ঘটে এবং বর্ষা মৌসুমে কিছুটা উন্নতি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ স্ট্রোক, হৃদ্রোগ, দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ।