Advertisement

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’
ছবি: ইউএনবি

আজ মঙ্গলবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা। সকাল সাড়ে ১১টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৯২।

Advertisement

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, ঢাকার বায়ুর মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এর অর্থ, স্বাস্থ্যগত অবস্থা যা-ই হোক না কেন, স্বল্প সময়ের জন্য দূষিত বাতাসের সংস্পর্শে এলেও সবাই গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে পারেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দূষিত শহরের তালিকায় ২৪৬ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৩২ এবং পাকিস্তানের করাচি, যার স্কোর ১৩৪।

Advertisement

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর নির্দেশ করে অস্বাস্থ্যকর বায়ুমান। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে বিপজ্জনক হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এ ধরনের বায়ুমান গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

একিউআইয়ের মাধ্যমে প্রতিদিনের বায়ুমান পরিমাপ করা হয়। এটি বাতাসে দূষণের মাত্রা এবং জনস্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে ধারণা দেয়।

বাংলাদেশে বায়ুর মান নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষণকারী উপাদানের ভিত্তিতে। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ স্ট্রোক, হৃদ্‌রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ।