
দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।
চরচা ডেস্ক

ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ শুধু তেহরানের অর্থনীতিকেই চাপে ফেলছে না, বরং আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য, জাহাজের বীমা ও জ্বালানি সরবরাহের ওপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। ওয়াশিংটনের নিজস্ব একটি সামুদ্রিক সংস্থার অভ্যন্তরীণ স্মারকলিপিতেই এই ঝুঁকির কথা স্বীকার করা হয়েছে। অর্থাৎ ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য আমেরিকা যে অবরোধের কৌশল নিয়েছে, তার অভিঘাত এখন তারই স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক বাণিজ্যেও পড়ছে।
আল জাজিরায় আজ ২০ নভেম্বর জন পাওয়ারের এক প্রতিবেদনে আমেরিকার সামুদ্রিক প্রশাসনের (মারাড) একটি অভ্যন্তরীণ স্মারকলিপির তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য অধিকার আইনের (ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট) আওতায় পাওয়া এসব নথিতে দেখা যাচ্ছে, ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধের কারণে জাহাজ চলাচলের ঝুঁকি, বীমার ব্যয় ও পণ্য পরিবহনের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত ১২ অক্টোবর মারাডের প্রশাসক স্টিফেন এম কারমেল তার সহকর্মী মাইকেল ইয়ারিংটনকে একটি সতর্কবার্তা পাঠান। এর আগে আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অবরোধ অমান্য করে যাওয়ার অভিযোগে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘ওশান মলিকা’ অচল করে দেয়। একই সময়ে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় আরও তিনটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পর মারাডের সতর্কবার্তায় বলা হয়, বাণিজ্যিক জাহাজ এখন উভয় পক্ষের সামরিক হামলার ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকি শুধু হরমুজ প্রণালির মধ্যেই সীমাবদ্ধ নয়; উপসাগরের নোঙরস্থান এবং ওমান উপসাগরেও তা ছড়িয়ে পড়েছে।
স্মারকলিপিতে সতর্ক করা হয়, এর ফলে যুদ্ধঝুঁকির বীমার প্রিমিয়াম আরও বাড়তে পারে। নাবিকেরা ঝুঁকিপূর্ণ এলাকায় যেতে অস্বীকৃতি জানাতে পারেন। একই সঙ্গে কার্যত ট্যাংকার পরিবহনের সক্ষমতা কমে যেতে পারে। অর্থাৎ, যুদ্ধের কারণে শুধু জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই বাড়ছে না, বরং জাহাজ থাকা সত্ত্বেও সেগুলো পরিচালনা করা কঠিন হয়ে উঠছে।
কারমেল জানতে চেয়েছিলেন, সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক বীমা বাজার কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং যুদ্ধঝুঁকির বীমা পুনর্গঠনে মারাড কী উদ্যোগ নিচ্ছে। ইয়ারিংটন জানান, তাদের এক সহকর্মী লন্ডনের বীমা খাতের কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বীমার খরচ বাড়ছে। তবে এ বিষয়ে মারাডের কাজের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের বিবরণ প্রকাশিত নথিতে গোপন রাখা হয়েছে।
এই স্মারকলিপির গুরুত্ব হলো, যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরেই অবরোধের অর্থনৈতিক পরিণতি নিয়ে উদ্বেগ রয়েছে। মারাড যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের অধীন একটি সংস্থা। এর দায়িত্বের মধ্যে মার্কিন সামুদ্রিক শিল্পের উন্নয়ন ও স্বার্থ রক্ষা রয়েছে। তবে সংস্থাটি সরাসরি এই সতর্কবার্তা তৈরি করেছে, নাকি অন্য কোনো সংস্থার কাছ থেকে পেয়েছে, তা স্পষ্ট নয়।
প্রতিবেদনে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ন্যাশনাল সিকিউরিটি ল প্রোগ্রামের প্রধান ও অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা টড হান্টলি বলেছেন, অবরোধের প্রভাব সম্পর্কে সরকারের অন্য বিভাগগুলোকে পরামর্শ দেওয়ার জন্যই সম্ভবত মারাড পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। তার মতে, কিছু মার্কিন কর্মকর্তা অবরোধ কার্যকর করার সময় সম্ভাব্য ঝুঁকিগুলো বিবেচনা করেননি। অথবা সেগুলোকে গুরুত্ব দেননি। অথচ ইরানের অতীতের পদক্ষেপ ও হুমকি বিবেচনায় নিলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল।
এখানেই যুক্তরাষ্ট্রের নীতির একটি বড় অসংগতি সামনে আসে। ইরানের অর্থনৈতিক সক্ষমতা কমাতে গিয়ে ওয়াশিংটন এমন একটি সামুদ্রিক পরিবেশ তৈরি করেছে, যেখানে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত জাহাজগুলোও নিরাপদ থাকছে না। অবরোধের উদ্দেশ্য ছিল ইরানের অর্থনৈতিক টিকে থাকার পথ সংকুচিত করা। কিন্তু সেই লক্ষ্য অর্জনের প্রক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক পরিবহনব্যবস্থার ওপরও চাপ বাড়ছে।
সামুদ্রিক নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান আইআর কনসিলিয়ামের প্রধান ইয়ান রালবির বক্তব্য এই নীতির আরেকটি দিক তুলে ধরে। তার মতে, ট্রাম্প প্রশাসন অবরোধের দীর্ঘমেয়াদি কৌশলগত প্রভাবের চেয়ে অর্থনৈতিকভাবে ইরানের টিকে থাকার পথ বন্ধ করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অর্থনীতিতে যুদ্ধের অভিঘাত নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন বলেও তার ধারণা। ফলে অবরোধের সম্ভাব্য ক্ষতি সম্পর্কে প্রশাসন অবগত থাকলেও সেগুলোকে গুরুত্বহীন মনে করে থাকতে পারে।
ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেও এই মনোভাবের ইঙ্গিত পাওয়া যায়। গত সপ্তাহে তিনি ইরানের সঙ্গে শান্তিচুক্তির প্রয়োজনীয়তা নাকচ করেন। এর কয়েক দিন আগে অবশ্য বলেছিলেন, যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে এবং নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা কম। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, সেই সময় আর নেই। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের বিপুল অর্থ এবং হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে পেয়েছে। এই বক্তব্য থেকে বোঝা যায়, ওয়াশিংটন এখনো অবরোধকে আলোচনার মাধ্যমে সমাধানের পরিবর্তে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবেই দেখছে।
কিন্তু এই চাপের মূল্য দিচ্ছে আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালি এবং আশপাশের জলসীমায় জাহাজ চলাচল বিপর্যস্ত। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ওই অঞ্চলে জাহাজের ওপর প্রায় ১৩০টি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। অক্টোবর ছিল যুদ্ধ শুরুর পর জাহাজ চলাচলের জন্য সবচেয়ে বিপজ্জনক মাস। ওই মাসে ৩৫টি জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়।
এসব হামলার অধিকাংশের জন্য ইরান বা ইরানপন্থী শক্তিকে দায়ী করা হয়েছে। তবে সেন্টকমও অন্তত ২৪টি জাহাজ ধ্বংস বা অচল করার দায় স্বীকার করেছে। এর মধ্যে কয়েকটিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছায়া বহরের অংশ বলে শনাক্ত করেছে আমেরিকা। ফলে বাণিজ্যিক জাহাজের ঝুঁকি এখন একতরফা নয়। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট শক্তির হামলার পাশাপাশি মার্কিন অবরোধ কার্যকরের সময়ও জাহাজ আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর সরাসরি প্রভাব পড়েছে জাহাজের বীমা ব্যয়ে। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়ায় অপরিশোধিত তেল পরিবহনকারী একটি ট্যাংকারের বীমা ব্যয় জানুয়ারি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত প্রায় ২০০ গুণ বেড়ে প্রতি ব্যারেলে ১২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে।
সিঙ্গাপুরের পার্লামেন্টে উদ্ধৃত শিল্প খাতের হিসাব অনুযায়ী, জুলাই মাসে যুদ্ধঝুঁকির বীমার জন্য জাহাজের বাজারমূল্যের ৩ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত প্রিমিয়াম নেওয়া হচ্ছিল। যুদ্ধের আগে এই হার ছিল মাত্র শূন্য দশমিক ১০ থেকে শূন্য দশমিক ২৫ শতাংশ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবাণিজ্য কেন্দ্র সিঙ্গাপুরে উপস্থাপিত এই হিসাব পরিস্থিতির ভয়াবহতা বোঝায়।
বীমার ব্যয় বাড়লে জাহাজ পরিচালনার সামগ্রিক খরচও বাড়ে। এর সঙ্গে যুক্ত হয় নাবিকদের নিরাপত্তা, জাহাজের বিকল্প পথ নির্বাচন ও বন্দরে প্রবেশের অনিশ্চয়তা। শেষ পর্যন্ত এই বাড়তি ব্যয় পণ্য পরিবহন ও বাজারদরের ওপর চাপ সৃষ্টি করে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে বিভিন্ন সময়ে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ ৬০ শতাংশ এবং সারের দাম ১১২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
সিঙ্গাপুরের গবেষক বুন চুয়ান লিমের মতে, হরমুজ প্রণালির সংকটকে শুধু প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ঝুঁকি হিসেবে দেখলে ভুল হবে। উপসাগরের বন্দরে নোঙর করা, জ্বালানি সংগ্রহ করা কিংবা বন্দরের দিকে এগিয়ে যাওয়া জাহাজও হামলার ঝুঁকিতে পড়তে পারে। জাহাজের ধরন, চলাচলের পথ, ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানের সময় এবং অন্যান্য পরিস্থিতির ওপর বীমার শর্ত নির্ভর করে। তাই সব জাহাজের বীমা একই হারে বাড়বে না। তবে ঝুঁকির বিস্তার সামগ্রিকভাবে পরিবহন ব্যয় বাড়ায় এবং কার্যক্রম জটিল করে তোলে।
এই সংকটের রাজনৈতিক মূল্যও আমেরিকাকে দিতে হচ্ছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে যুদ্ধের অর্থনৈতিক অভিঘাত–বিশেষ করে জ্বালানির উচ্চমূল্য–গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। ডেমোক্র্যাটরা কয়েক দশকের মধ্যে তাদের অন্যতম ভালো নির্বাচনী ফল করেছে। তারা সিনেটে ১০০টির মধ্যে ৫৬টি এবং প্রতিনিধি পরিষদে ৪৩৫টির মধ্যে অন্তত ২৫৭টি আসন পেয়েছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ফল ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক সতর্কবার্তা।
সব মিলিয়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আমেরিকার অবরোধ কৌশল একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। ইরানের অর্থনীতিকে চাপে রাখার লক্ষ্য থাকলেও এর প্রভাব এখন বৈশ্বিক জ্বালানি বাজার, সমুদ্রবাণিজ্য, বীমা খাত ও আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে পড়ছে। মারাডের অভ্যন্তরীণ সতর্কবার্তা দেখাচ্ছে, এই ঝুঁকি মার্কিন প্রশাসনের অজানা নয়।
প্রশ্ন হচ্ছে, ইরানকে চাপে রাখার কৌশল বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যের এই বাড়তি মূল্য দিতে ওয়াশিংটন কত দিন প্রস্তুত থাকবে? হরমুজ প্রণালির সংকটের ভবিষ্যৎ নির্ধারণে এই প্রশ্নই ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

ব্রেক্সিটের পর আবার কেন ইউরোপের সঙ্গে মিশতে চাইছে ব্রিটেন?
দশ বছর আগে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ওই সিদ্ধান্তের কারণে দুই পক্ষের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়। সে সময় এই সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ