যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে এখনো ‘আরও ৩,৫৫৪টি’ লক্ষ্যবস্তু বাকি আছে। খবর সিএনএনের।
ট্রাম্প বলেন, “সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে।” তিনি দাবি করেন, ইরান একসময় শক্তিশালী দেশ ছিল, কিন্তু এখন আর শক্তিশালী নয়।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “তারা (ইরান) এর আগে কখনো এমন কিছু দেখেনি।”
এদিকে, গতকাল শুক্রবার ইরানে জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিন পেছানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।
অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে উভয়পক্ষের পাল্টাপাল্টি প্রস্তাবের মধ্যেই চলছে হামলা। ইরানে অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
এরই মধ্যে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে এ তথ্য জানিয়েছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সেনাদের মধ্যে দুজনের অবস্থা সংকটপূর্ণ। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন।