Advertisement

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন প্রধানমন্ত্রীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন প্রধানমন্ত্রীর
সিইসি ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে উঠে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং তাকে একটি লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান। ছবি: ইউএনবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘোষণা আসার পরপরই তাকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ কক্ষে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

সিইসি নাসির উদ্দিন ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে উঠে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং তাকে একটি লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান।

Advertisement

এ সময় সংসদ কক্ষে উপস্থিত আইনপ্রণেতারাও টেবিল চাপড়ে ফখরুলকে অভিনন্দন জানান।

নবনির্বাচিত রাষ্ট্রপতি এরপর হাত তুলে আইনপ্রণেতাদের অভিবাদন জানান। এ সময় আইনপ্রণেতারা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানাতে থাকেন।

নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন এবং সব ভোটই বৈধ ছিল।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিকেল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।

ভোট গণনার সময় রাষ্ট্রপতি পদে দুই প্রার্থীর এজেন্টরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া হুইপ মিয়া নূরউদ্দিন আহমেদ অপু এবং রাকিবুল ইসলাম বকুলও উপস্থিত ছিলেন।