মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর যে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার, সে ব্যাপারে আজ বুধবার ভারতের মনোভাব জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত যথাযথ প্রক্রিয়ায় খতিয়ে দেখছে–পুরনো কথাটিই আরেকবার বলেছেন রনধীর জয়সোয়াল। তবে এর পাশাপাশি শেখ হাসিনার দিক থেকেও যে বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে, সে প্রসঙ্গ উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রত্যর্পণ আর স্বেচ্ছায় ফেরত যাওয়ার ইচ্ছা–এই দুটিকে ভিন্ন বিষয় হিসেবে দেখতে হবে।
এ ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়েও প্রশ্নের জবাব দিয়েছেন রনধীর জয়সোয়াল।
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ নিয়ে এক প্রশ্নে সংবাদ ব্রিফিংয়ে রনধীর জয়সোয়াল বলেন, “আগেও বলেছি, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের নির্ধারিত প্রক্রিয়া মেনে পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো নাগরিক ট্রাভেল ডকুমেন্ট নিয়ে স্বেচ্ছায় তার নিজ দেশে ফিরতে চাইলে, সেটি প্রত্যর্পণের অনুরোধের চেয়ে আলাদা বিষয়।”
প্রসঙ্গত, সম্প্রতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে, তিনি আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে পারেন। এর আগে শেখ হাসিনার মুখপাত্র সাইদ মোজাম্মেল আলী জানিয়েছিলেন, দিল্লি থেকে ঢাকায় ফিরতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ করেছেন চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তবে শেখ হাসিনার ফেরার পরিকল্পনার খবর নাকচ করে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনাকে ফিরতে হলে ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে, হাতকড়া পরেই’ ফিরতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা তো আগেই দিয়েছিলেন, ১৬ ডিসেম্বর দিনতারিখ চূড়ান্ত করার পাশাপাশি ট্রাভেল ডকুমেন্ট ও বিশেষ বিমানের অনুরোধ করেছেন সম্প্রতি। এর পরিপ্রেক্ষিতে গত কিছুদিনে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার খবর এসেছে।
এর মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে কথা বললেন রনধীর জয়সোয়াল।
ব্রিফিংয়ে শেখ হাসিনাবিষয়ক প্রশ্নের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়েও প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে। নড়াইল, পাবনাসহ কয়েকটি জায়গায় হিন্দুদের ওপর হামলার প্রশ্নে তিনি বলেন, “আমরা স্বাভাবিকভাবেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন। বাংলাদেশের সরকারকে আমরা আহ্বান জানাই, এসব ঘটনার যথাযথ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হোক।”