রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে করা একটি মামলায় অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আবদুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, এ মামলায় আরও দুই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় খন্দকার হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে।
শফিকুল ইসলাম অভিযোগ করেন, খন্দকার হাফিজ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
সন্ত্রাসবিরোধী আইনের কয়েকটি ধারা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশে পল্লবী থানায় দায়ের করা মামলায় দেবাশীষ ও গুলশান আরা বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে গত ১১ অক্টোবর রাতে ঢাকার বিভিন্ন স্থান থেকে ওই দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে ডিবি।
ডিবির দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে তাদের কথিত সম্পৃক্ততার তথ্য তাদের কাছে ছিল। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়।
ডিবি আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টায় ওই দুই কর্মকর্তার কথিত সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।