বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাট) বাংলাদেশ ২০২৬ যৌথ মহড়ায় অংশ নিতে আজ চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০) । এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস।
যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।
কারাট বাংলাদেশ ২০২৬ মহড়া এ অঞ্চলের অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একযোগে কাজ করার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ মহড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতেও ভূমিকা রাখবে।