খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ হুমায়ুন কবির জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা মহানগর নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করেছি। প্রাথমিকভাবে জানা গেছে- বকেয়া টাকা আদায় করা নিয়ে এই ঘটনা ঘটেছে। তবে তদন্তে দেখা হবে অন্য কোনো ঘটনা আছে কিনা। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলানো হচ্ছে।”