
দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।
চরচা ডেস্ক

চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক করেন। বিশ্বের তিনটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের এই বৈঠক এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। একে বিশ্ব রাজনীতিতে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠক শেষে তিন নেতা একটি যৌথ ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করেন। সেখানে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্মেলনের অন্যতম প্রধান দিক হলো দীর্ঘদিনের ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ ঝেড়ে ফেলে আলোচনার টেবিলে বসার প্রচেষ্টা। ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন যে, অতীতে নেতারা মতবিরোধের কারণে পরস্পরকে আলোচনা এড়িয়ে চলতেন। কিন্তু সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি অর্জন সম্ভব নয়।
অন্যদিকে, সি চিনপিং ও পুতিন বিশ্ব স্থিতিশীলতা রক্ষায় গঠনমূলক সহযোগিতার ওপর জোর দিয়েছেন। তবে এই কূটনৈতিক সৌহার্দ্যের আড়ালে গভীর ভূ-রাজনৈতিক বাস্তবতা ও অস্পষ্টতা রয়ে গেছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মতো বড় সংকটগুলো বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুললেও, এই শীর্ষ সম্মেলনে সেগুলোর স্থায়ী সমাধানের কোনো সুস্পষ্ট রূপরেখা আসেনি।
বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে তিন নেতার উদ্বেগ ও প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানের ওপর মার্কিন হামলার পর তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হতো। এর পাশাপাশি রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের হামলা বিশ্ববাজারে জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করেছে। যদিও ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালি খোলা রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে সি চিনপিং তার সাথে একমত হয়েছেন। তবুও ইরান যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত না থাকায় এবং ইউক্রেন ইস্যু ত্রিপক্ষীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকায় জ্বালানি প্রবাহ কীভাবে স্থিতিশীল হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
পারমাণবিক নিরস্ত্রীকরণ ও কৌশলগত স্থিতিশীলতার বিষয়টি এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈঠকের শুরুতেই সি চিনপিং পারমাণবিক যুদ্ধ এড়ানো এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান, যা পরবর্তীতে যৌথ ঘোষণাপত্রেও প্রতিফলিত হয়। বিশ্বের সবচেয়ে বড় তিনটি পারমাণবিক অস্ত্রাগারের মালিক হিসেবে এই তিন দেশের পারমাণবিক ঝুঁকি হ্রাসের সংলাপ শুরু করার অঙ্গীকার নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ।
তবে একই সাথে এই তিন পরাশক্তির একত্রিত হওয়া ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। ইউক্রেনকে সহায়তাকারী ইউরোপীয় দেশগুলোর জোট যখন বার্লিনে বৈঠক করছিল, ঠিক তখনই এই তিন নেতার বৈশ্বিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়াকে বিশ্লেষকরা একটি সম্ভাব্য ‘জি-৩’ বা নতুন ত্রিপক্ষীয় বিশ্বব্যবস্থার সূচনা হিসেবে দেখছেন। আগামী মাসে ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে ট্রাম্পের পুতিনকে আমন্ত্রণ জানানো এই ধারণাকে আরও জোরালো করেছে। কারণ যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় পুতিনকে গ্রেপ্তারের কোনো বাধ্যবাধকতা তাদের নেই।
এই সম্মেলনের সবচেয়ে কৌতূহলোদ্দীপক ও বিতর্কিত দিক হলো আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি তিন পরাশক্তির যৌথ সমালোচনা। যৌথ ঘোষণায় তারা আইসিসি এবং অনুরূপ প্রতিষ্ঠানগুলোকে তাদের অবস্থানের ‘অপব্যবহার’ না করার আহ্বান জানিয়েছে। এই তিনটি দেশের কেউই আইসিসির সদস্য নয় এবং নিজ নিজ স্বার্থের কারণে তারা এই আদালতের বিরোধী। আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে যুক্তরাষ্ট্র আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং প্রতিষ্ঠানটি ভেঙে দেওয়ার নীতি গ্রহণ করেছে।
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধের কারণে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রাশিয়া শুরু থেকেই আইসিসির তীব্র বিরোধী। আর চীন পূর্বে এই আদালতের বিষয়ে কিছুটা উদাসীন থাকলেও, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মতো সার্বভৌম নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং জিনজিয়াংয়ে উইঘুর সম্প্রদায়ের ওপর গণহত্যার অভিযোগে আইসিসি-তে আবেদন জমা পড়ার পর থেকে বেইজিং এর কট্টর সমালোচকে পরিণত হয়েছে।
তবে শেনঝেন শীর্ষ সম্মেলন বিশ্ব রাজনীতিতে প্রচলিত জোট ও কূটনৈতিক রীতির বাইরে গিয়ে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। পারমাণবিক ঝুঁকি হ্রাস ও জ্বালানি স্থিতিশীলতার মতো ইতিবাচক ঘোষণার পাশাপাশি চলমান যুদ্ধগুলো নিরসনে সুনির্দিষ্ট পদক্ষেপের অভাব এবং আন্তর্জাতিক বিচারব্যবস্থার প্রতি তিন পরাশক্তির অনাস্থা আগামী দিনে বৈশ্বিক কূটনীতিতে নতুন চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

ব্রেক্সিটের পর আবার কেন ইউরোপের সঙ্গে মিশতে চাইছে ব্রিটেন?
দশ বছর আগে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ওই সিদ্ধান্তের কারণে দুই পক্ষের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়। সে সময় এই সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ