যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে দক্ষিণ চীনের শেনজেনে অবস্থান করছেন।
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর তিন দেশের নেতারা এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। তারা জানিয়েছেন, বৈঠকে ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করবেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এর আগে ট্রাম্প সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং পুতিনের সঙ্গে আকস্মিকভাবে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন।
পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প জানান, ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করবেন তারা।
ত্রিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচি স্পষ্ট নয়। তবে এতে ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধসহ বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পারমাণবিক অস্ত্রের মতো অন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু স্থান পেতে পারে।
দক্ষিণ চীনের শেনজেন শহরের একটি ভিলায় বড় গোলাকার টেবিল ঘিরে বসে বিশ্বের তিন পরাশক্তির নেতা পালাক্রমে তাদের সূচনা বক্তব্য দেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৈঠকে সভাপতিত্ব করছেন সি চিন পিং।
ট্রাম্প বলেন, “আমরা সত্যিই ইতিহাস সৃষ্টি করছি। আমাদের তিনজনের আলোচনার অনেক বিষয় রয়েছে।”
তিনি আরও বলেন, “আলোচনায় অংশ নেওয়ার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি।”
পুতিন বলেন, “আঞ্চলিক সংঘাত নিরসনে আমাদের তিন দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। এর মধ্যে স্পষ্টতই ইউক্রেন সংঘাতও রয়েছে।”
ট্রাম্প ও পুতিনের মতো সি চিন পিং তার বক্তব্যে ইউক্রেনের প্রসঙ্গ উল্লেখ করেননি। তবে তিনি বলেন, “ইতিহাস আমাদের শিক্ষা দেয়, বড় শক্তিগুলো যখন সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তখন বিশ্বে শান্তি বিরাজ করে। আর বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত দেখা দিলে বিশ্ব বিশৃঙ্খলার মধ্যে পড়ে।”
বিশ্লেষকদের মতে, ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্র ও বাণিজ্য নিয়ে তিন দেশের মধ্যে গভীর মতপার্থক্য থাকায় ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় কোনো চুক্তি আসার সম্ভাবনা কম। তবে বৈঠকটি ছোট দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, বড় শক্তিগুলোর আলোচনায় ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হতে পারে।