আস্থার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে সুবিধা আদায়সহ একাধিক অভিযোগে গতকাল শুক্রবার গৃহবন্দী করা হয়েছে প্যারাগুয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে। সরকারি সংশ্লিষ্টতা থাকা একটি ব্যাংকের ধসের ঘটনায় সিনেট তাকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের পরপরই এ পদক্ষেপ নেওয়া হয়। ব্যাংকটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দেশটির ৬ কোটি মানুষের মধ্যে প্রায় অর্ধেকই নিজেদের সঞ্চয়ের অর্থে প্রবেশাধিকার হারিয়েছেন।
শুক্রবার সিনেটে উপস্থিত ৪৪ জন সদস্যের সবাই পেনিয়াকে দায়িত্ব পালনে অসদাচরণের দায়ে অপসারণের পক্ষে ভোট দেন। এর মধ্য দিয়ে ১৯৮৯ সালে জেনারেল আলফ্রেদো স্ত্রোসনারের ৩৫ বছরের স্বৈরশাসনের অবসানের পর প্যারাগুয়ে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত দ্বিতীয় প্রেসিডেন্ট হলেন তিনি।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সিনেটের রায় ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার অন্যতম স্থিতিশীল বলে বিবেচিত প্রেসিডেন্টের শাসনামলের অবসান ঘটে। এ সময় কংগ্রেস ভবনের বাইরের চত্বরে জড়ো হওয়া জনতার মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। আমানতকারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও জাতীয় ফুটবল দলের জার্সি পরা শিক্ষার্থীরা প্যারাগুয়ের পতাকা নাড়িয়ে, গান গেয়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস করেন। তাদের স্লোগান ছিল, ‘স্বৈরশাসন আর কখনো নয়!’
এর মাত্র তিন দিন আগে নিয়ন্ত্রক সংস্থাগুলো উয়েনো ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এতে দেশটির আর্থিক ব্যবস্থায় তীব্র অস্থিরতা দেখা দেয় এবং এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের সূচনা হয়।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এখন গৃহবন্দী
আস্থার অপব্যবহার, প্রভাব খাটিয়ে সুবিধা আদায় এবং ব্যক্তিগত স্বার্থে সরকারি পদ ব্যবহারের অভিযোগে আজ শনিবার স্থানীয় সময় সকালে কৌঁসুলিদের সামনে হাজির না হওয়া পর্যন্ত নিজের একটি বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পেনিয়াকে। এসব অভিযোগের মধ্যে গুরুতর অপরাধগুলোর জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
আইনপ্রণেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি সরকারি তহবিল থেকে কয়েক শ কোটি ডলার উয়েনো ব্যাংকে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। এ সময় ব্যাংকটির অভ্যন্তরীণ ঝুঁকিপূর্ণ ঋণ কার্যক্রমের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলো চোখ বন্ধ করে রেখেছিল।
পেনিয়া অবশ্য কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
শুক্রবার রাতে তার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়। বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা পতাকা নাড়িয়ে সকাল পর্যন্ত পাহারা দেওয়ার অঙ্গীকার করেন, যাতে তিনি পালিয়ে যেতে না পারেন।
কৌঁসুলিরা কার্লোস কারভালোকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি সেই আর্থিক প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, যা পরবর্তী সময়ে উয়েনো ব্যাংকে রূপ নেয়। ২০২৩ সালে পেনিয়া তাকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দেন। কারভালোকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত শুক্রবার ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২৮ সালের আগস্টে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
শপথ নেওয়ার পর আলিয়ানা বলেন, “আজ আমরা যে প্যারাগুয়ের দায়িত্ব গ্রহণ করছি, দেশটির সামনে জরুরি অনেক প্রয়োজন রয়েছে।”
ব্যাংকটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আলিয়ানার বিরুদ্ধেও তদন্ত চলছে। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া এবং দায়ীদের শাস্তির দাবিতে চাপে থাকা সরকারের দায়িত্ব এখন তার কাঁধে।
রায় ঘোষণার আগে বিদায়ী বার্তায় পেনিয়া বলেন, তার “উপস্থিতি যেন আরও বিভক্তি বা অস্থিতিশীলতার কারণ না হয়”, সেটিই তিনি চান।
তিনি লেখেন, “কৃতজ্ঞতা নিয়েই বিদায় নিচ্ছি। তবে আজ যারা উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের উদ্বেগ ও যন্ত্রণার কথা আমি উপেক্ষা করছি না।”
জনরোষ দিন দিন আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার সিনেট সদস্যরা যখন পেনিয়ার ভাগ্য নির্ধারণে আলোচনা করছিলেন, তখন নিজেদের আটকে পড়া সঞ্চয় ফেরত এবং উয়েনো ব্যাংকের পতনের জন্য দায়ীদের জবাবদিহির দাবিতে বিক্ষোভকারীরা আসুনসিওনের কেন্দ্রস্থলে মিছিল করে। এ সময় তারা স্লোগান দেয়, ‘সান্তি পেনিয়াকে তাকুম্বুতে পাঠাও!’ তাকুম্বু রাজধানীর প্রধান কারাগার। উয়েনো ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল ভাসকেস বর্তমানে সেখানে বন্দী রয়েছেন।
রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির কর্মী ইয়িনাল লোপেস বলেন, “এটি ছিল আস্থার ওপর এক বিশাল আঘাত।” তার কর্মস্থলের কর্মচারীদের পেনশন তহবিলের অর্থও উয়েনো ব্যাংকে জমা ছিল। তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট জনগণকে উপহাসের পাত্রে পরিণত করেছেন।”
আটকে আছে আমানত, বাড়ছে ক্ষোভ
নিয়ন্ত্রক সংস্থাগুলো ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর উয়েনোর গ্রাহকেরা আর নগদ অর্থ তুলতে, নিজেদের সঞ্চয়ে প্রবেশ করতে কিংবা কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারছিলেন না।
ডিজিটাল ব্যাংকটি আকর্ষণীয় সুপারমার্কেট ছাড়ের সুযোগ দিয়ে দরিদ্র ও ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের গ্রাহক করতে জোরালো প্রচার চালিয়েছিল। উয়েনোর তথ্য অনুযায়ী, দেশটির ১০ লাখের বেশি মানুষ সেখানে প্রথমবারের মতো ব্যাংক হিসাব খুলেছিলেন। এ বছর বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে চমক সৃষ্টি করা পর্যন্ত জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষকও ছিল উয়েনো। দলের খেলোয়াড়েরাও জানিয়েছেন, তারা নিজেদের অর্থে প্রবেশাধিকার পাচ্ছেন না।
ব্যাংকটির পতনের প্রভাব শুধু আমানতকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। উয়েনোর ওপর নির্ভরশীল একটি রাইড-হেইলিং অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় ৩ হাজার চালক কর্মহীন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, জনকল্যাণমূলক অবকাঠামো প্রকল্পের জন্য আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংক ও তাইওয়ানের কাছ থেকে নেওয়া ২ কোটি ১০ লাখ ডলারের ঋণ ব্যাংকটিতে আটকে আছে।
চলতি সপ্তাহে উদীয়মান বাজারগুলোর মধ্যে প্যারাগুয়ের বন্ডের দর সবচেয়ে বেশি কমেছে। একই সঙ্গে আমেরিকান ডলারের বিপরীতে দেশটির মুদ্রা গুয়ারানির মানও কমেছে।
বৃহস্পতিবার থেকে কিছু আমানতকারী তাদের অর্থ ফেরত পেতে শুরু করেছেন। প্রথম পর্যায়ে ১ কোটি গুয়ারানি (প্রায় ১ হাজার ৫০০ ডলার) পর্যন্ত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
প্রায় ৩৫ হাজার ডলার পর্যন্ত আমানতের বিমা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এই বিমার আওতায় উয়েনোর ৯৭ শতাংশ গ্রাহক পড়েন। ব্যাংকটির পতনকে একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দেশের বৃহত্তর আর্থিক ব্যবস্থা নিরাপদ রয়েছে।
উয়েনোর নির্বাহীদের বিরুদ্ধে পৃথক একটি মামলায় আস্থার অপব্যবহার ও প্রতারণার চেষ্টাসহ বিভিন্ন অপরাধে ভাসকেসসহ ২৭ জনকে অভিযুক্ত করেছেন কৌঁসুলিরা। একজন বিচারক ভাসকেসসহ ব্যাংকটির সাবেক ছয় পরিচালককে বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন। অন্য দুজনকে ইলেকট্রনিক নজরদারির আওতায় নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ভাসকেসের সঙ্গে সংশ্লিষ্ট বিলাসবহুল গাড়ি, একটি প্রমোদতরি এবং দুটি ছোট উড়োজাহাজ জব্দ করেছে।
সরকারি অর্থে গড়ে ওঠা ব্যাংক
মাত্র কয়েক বছরের মধ্যে উয়েনো অখ্যাত একটি প্রতিষ্ঠান থেকে আমানতের হিসাবে প্যারাগুয়ের অন্যতম বৃহৎ ব্যাংকে পরিণত হয়। সরকারি খাতের ৮০ কোটি ডলারের বেশি অর্থ ব্যাংকটির সম্প্রসারণে গতি জুগিয়েছিল। দেশটির প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশের বেশি মানুষকে গ্রাহক করতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে পথের বিক্রেতাদের ব্যাংক কার্ড—সবখানেই শোভা পেত ব্যাংকটির চোখে পড়ার মতো লোগো।
পেনিয়ার বিরুদ্ধে অভিশংসনের অভিযোগে উয়েনোর মূল মালিকানা প্রতিষ্ঠানে তার অংশীদারত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত বছর চাপের মুখে তিনি ওই অংশীদারত্ব ছেড়ে দেন। এ ছাড়া, ব্যাংকটির নিয়ন্ত্রক কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে কারভালোকে নিয়োগ দেওয়ার বিষয়টিও অভিযোগে রয়েছে।
আইনপ্রণেতাদের আরও অভিযোগ, পেনিয়া রাষ্ট্রীয় পেনশন তহবিলের ৩৫ কোটি ৫০ লাখ ডলার ব্যাংকটিতে জমা রাখার অনুমতি দিয়েছিলেন, যা আইন নির্ধারিত সীমার চেয়ে বেশি।
বিশ্লেষকদের মতে, সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে ব্যাংকটির এসব সম্পর্ক আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকা সত্ত্বেও উয়েনোকে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি থেকে আড়াল রাখতে সহায়তা করেছিল।
আসুনসিওন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক তত্ত্বের অধ্যাপক হোসে তোমাস সানচেজ বলেন, “পেনিয়ার আমলে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা হারাতে শুরু করে। এরপর উয়েনো ব্যাংককে অন্যতম ভিত্তি হিসেবে ব্যবহার করা ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে নিয়ন্ত্রণব্যবস্থার সব প্রক্রিয়া শিথিল করে।”
ব্যাংকটির পতনের মাত্র কয়েক সপ্তাহ আগেও উয়েনোর পক্ষে অবস্থান নিয়েছিলেন পেনিয়া। গত মাসে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ব্যাংকটির বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার তদন্তের অর্থ এই নয় যে এটি বন্ধ হয়ে যাবে। এ সময় তিনি গণমাধ্যমের বিরুদ্ধে মানুষকে আতঙ্কিত করার অভিযোগও তোলেন।
ব্যাংক ধস থেকে রাজনৈতিক হিসাব-নিকাশ
পেনিয়ার পতন ঘটেছে অবিশ্বাস্য দ্রুততায়। অক্টোবরের শেষ দিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক করে প্রশংসিত মিত্র হিসেবে পরিচিতি পাওয়া পেনিয়া এখন নিজের বাড়িতেই বন্দী।
মঙ্গলবার ভোরের আগে উয়েনো ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলের মধ্যে পদত্যাগের প্রস্তাব দেন পেনিয়া। ততক্ষণে তার রক্ষণশীল কলোরাডো পার্টি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ অবস্থানের নেতৃত্বে ছিলেন সাবেক প্রেসিডেন্ট হোরাসিও কার্তেস। তিনি দলটির প্রধান এবং পেনিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক পৃষ্ঠপোষক।
শুক্রবারের মধ্যে গ্রেপ্তার হন পেনিয়া। সিনেট তার পদত্যাগ গ্রহণ না করে অভিশংসনের মাধ্যমে তাকে অপসারণ করায় পদে থাকলে যে দায়মুক্তি পেতেন, সেই সুবিধাও হারিয়েছেন তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক অর্থনীতিবিদ পেনিয়ার রাজনৈতিক উত্থানের পেছনে ছিলেন তামাক ব্যবসায়ী কার্তেস। তিনিই তাকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন এবং দুবার প্রেসিডেন্ট পদে প্রার্থিতার জন্য সমর্থন জুগিয়েছিলেন।
তবে বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার পর কার্তেসের প্রভাববলয় থেকে বেরিয়ে এসে নিজস্ব ক্ষমতার ভিত্তি গড়ে তোলার চেষ্টা করেন পেনিয়া। সরকারি অর্থে সমৃদ্ধ উয়েনো ব্যাংক হয়ে ওঠে তার সেই ক্ষমতার ভিত্তির অন্যতম প্রধান স্তম্ভ।
প্যারাগুয়ের গবেষণাকেন্দ্র ডেমোসের পরিচালক মিগেল কার্টার বলেন, “এটি যেন শেক্সপিয়ারের কোনো নাটক। নিজের রাজনৈতিক পৃষ্ঠপোষক ও পরামর্শদাতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তা করেছিলেন অত্যন্ত ভঙ্গুর ভিত্তির ওপর দাঁড়িয়ে।”
এর জবাব দেন কার্তেস। গত সেপ্টেম্বরে তার অনুগত সিনেট সদস্যরা উয়েনোর সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ঝুঁকিপূর্ণ ঋণ দেওয়ার বিষয়ে প্রকাশ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রশ্ন তুলতে শুরু করেন। চলতি সপ্তাহে উয়েনোর পতনের সঙ্গে সঙ্গে পেনিয়ার রাজনৈতিক প্রভাবও ভেঙে পড়ে। একসময় কথিত দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার মুখে পড়া কার্তেস প্রকাশ্যেই তার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী পেনিয়াকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্যারাগুয়ে-বিষয়ক বিশেষজ্ঞ অ্যান্ড্রু নিকসন বলেন, “কার্তেসই কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। পেনিয়ার ভরসা করার মতো কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না। ফলে তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন।”