দুর্নীতির অভিযোগ ও আর্থিক সংকটের জেরে অভিসংশনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। পরে তাকে গ্রেপ্তার করে গৃহবন্দী রাখা হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিজেই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। তবে তার পদত্যাগ গ্রহণ না করে অভিসংশনের মাধ্যমে অসদাচরণের অভিযোগ আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে তিনি আজীবন সিনেট সদস্য থাকার পদ এবং সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাওয়া দায়মুক্তি হারিয়েছেন।
চলতি সপ্তাহের শুরুতে উয়েনো ব্যাংকটি বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের কারণে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক মিনিট আগে নিজ দলের সদস্যসহ আইনপ্রণেতারা ভোট দিয়ে তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেন।
গত বছর পর্যন্ত যে কোম্পানির মালিকানায় ব্যাংকটি ছিল, সেই কোম্পানির শেয়ার ছিল পেনিয়ার কাছে। তবে তিনি সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংক উয়েনো ব্যাংকটি জব্দ করার পর এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তাদের সঞ্চিত অর্থ ব্যবহার করতে পারছেন না।
প্রায় ৩০ লাখ আমানতকারী এখনো তাদের সঞ্চয় ও পেনশনের অর্থ তুলতে পারছেন না। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রাজধানী আসুনসিওনে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।
পেনিয়াকে প্রেসিডেন্টের পদ থেকে সরানোর জন্য আনা অভিসংশন প্রস্তাবে তার বিরুদ্ধে স্বার্থের সংঘাত, নিয়ন্ত্রক সংস্থার তদারকি প্রক্রিয়ায় হস্তক্ষেপ, পেনশন তহবিলের অর্থ সরিয়ে নেওয়া এবং কেন্দ্রীয় ব্যাংককে ঘিরে প্রাতিষ্ঠানিকভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়।
সরকারি আইনজীবী সিলভিয়া মার্গারিটা গনজালেজ ভেস্টার বলেন, বিশ্বাসভঙ্গ, প্রভাব খাটানো এবং তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে শনিবার পেনিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পেনিয়াকে অভিসংশনের প্রস্তাবে ৪৫ জন সিনেটরের মধ্যে ৪৪ জনই পক্ষে ভোট দিয়েছেন। একজন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন।
ভোটাভুটির পর সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ জানান, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এরপর প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পেনিয়া দুঃখ প্রকাশ করে বলেন, “আপনারা আমার ওপর যে আস্থা রেখেছিলেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।”