Advertisement

উত্তর সমুদ্রপথ: মেরুর বরফাচ্ছাদিত জলে শক্তির প্রতিযোগিতা

উত্তর সমুদ্রপথ: মেরুর বরফাচ্ছাদিত জলে শক্তির প্রতিযোগিতা
জলবায়ু পরিবর্তনে বরফের বিস্তার ও পুরুত্ব কমে আসা, উন্নত জাহাজপ্রযুক্তি এবং নতুন জ্বালানি ও খনিজ সম্পদের সন্ধান আর্কটিককে প্রবল প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রে নিয়ে এসেছে। প্রতীকী ছবি: এআই দিয়ে নির্মিত

নামটি বেশ মায়াবী। মহাকাশের ছায়াপথের মতো আবেশ জড়ানো। উত্তর সমুদ্রপথ। যার খোঁজে যেতে হবে পৃথিবীর সুদূরতম প্রান্তে, আর্কটিক অঞ্চলে।

Advertisement

একদা আর্কটিক অঞ্চল ছিল বিশ্বের ভূরাজনীতির প্রান্তিক এলাকা। বরফে ঢাকা সমুদ্র, দীর্ঘ শীত, দুর্গম উপকূল, প্রযুক্তিগত সীমাবদ্ধতা। নৌচলাচল ও বাণিজ্যিক কর্মকাণ্ড ছিল কঠিনতম, সীমিত ও ব্যয়বহুল।

Advertisement

জলবায়ু পরিবর্তনে বরফের বিস্তার ও পুরুত্ব কমে আসা, উন্নত জাহাজপ্রযুক্তি এবং নতুন জ্বালানি ও খনিজ সম্পদের সন্ধান আর্কটিককে প্রবল প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রে নিয়ে এসেছে। এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি রাশিয়ার উত্তর উপকূল ধরে বিস্তৃত উত্তর সমুদ্রপথ বা নর্দার্ন সি রুট (এনএসআর)।

ইউরোপীয় ইউনিয়নের সমস্যা হলো, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকলেও আর্কটিকে তার সরাসরি ভৌগোলিক ও অবকাঠামোগত উপস্থিতি সীমিত। ছবি: রয়টার্স
ইউরোপীয় ইউনিয়নের সমস্যা হলো, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকলেও আর্কটিকে তার সরাসরি ভৌগোলিক ও অবকাঠামোগত উপস্থিতি সীমিত। ছবি: রয়টার্স

উত্তর সমুদ্রপথ বা নর্দার্ন সি রুট (এনএসআর)-কে কেবল ইউরোপ ও এশিয়ার মধ্যে দূরত্ব কমানোর বিকল্প নৌপথ হিসেবে দেখলে এর রাজনৈতিক তাৎপর্য বোঝা যাবে না। রাশিয়ার কাছে এটি অর্থনৈতিক পুনর্গঠন, জ্বালানি রপ্তানি, সামরিক উপস্থিতি এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে এশিয়ামুখী কৌশলের অংশ। চীনের কাছে এটি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন প্রবেশদ্বার। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে আর্কটিকের নিয়ন্ত্রণ, সামুদ্রিক নিরাপত্তা এবং রুশ-চীন সহযোগিতা বিস্তারী নতুন কৌশলগত উদ্বেগ। ফলে ক্রমশ ধীর লয়ে বরফ গলার সঙ্গে সঙ্গে আর্কটিকের ভূগোল বদলাচ্ছে, আর সেই পরিবর্তনকে ঘিরে বদলাচ্ছে বিশ্বশক্তির হিসাব, ভূরাজনীতি ও কৌশলগত বিষয়।

উত্তর সমুদ্রপথ কী ও কেন গুরুত্বপূর্ণ তা অনেকেরই অজানা। আর্কটিককে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করে তিনটি প্রধান নৌপথ। কানাডার দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে নর্থওয়েস্ট প্যাসেজ, উত্তর মেরুর কাছ দিয়ে সম্ভাব্য ট্রান্সপোলার সি রুট এবং রাশিয়ার উত্তর উপকূল ঘেঁষে নর্থইস্ট প্যাসেজ। শেষের পথটিই সাধারণভাবে উত্তর সমুদ্রপথ নামে পরিচিত। এটি বারেন্টস সাগর থেকে কারা, লাপতেভ, পূর্ব সাইবেরীয় ও চুকচি সাগর অতিক্রম করে বেরিং প্রণালিতে পৌঁছেছে। ফলে ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যে প্রচলিত সুয়েজ খালনির্ভর পথের তুলনায় কিছু কিছু গন্তব্যে যাত্রায় দূরত্ব ও সময় কমানো সম্ভব।

তবে উত্তর সমুদ্রপথকে সুয়েজ খালের সহজ বিকল্প ভাবা ভুল হবে। এই পথের বড় অংশ রাশিয়ার উপকূলীয় জলসীমা ও একান্ত অর্থনৈতিক অঞ্চলের পাশ দিয়ে গেছে। জাহাজ চলাচলে বরফের অবস্থা, রুশ প্রশাসনিক অনুমতি, বরফভাঙা জাহাজের সহায়তা, বীমা, নিরাপত্তা এবং বন্দরসুবিধার ওপর নির্ভর করতে হয়। বরফ কমলেও পুরো পথ সারা বছর অবাধে চলাচলের উপযোগী হয়ে যায়নি। বরং নৌচলাচলের সময়কাল দীর্ঘ হচ্ছে, কিন্তু তা এখনও মৌসুমি ও আবহাওয়নির্ভর। যদিও আর্কটিকের বরফের পরিবর্তন নতুন সুযোগ তৈরি করছে, পাশাপাশি তা পরিবেশ ও নিরাপত্তার ঝুঁকিও বাড়াচ্ছে। NOAA-র ২০২৫ সালের Arctic Report Card বলছে, ওই বছরের মার্চে আর্কটিকের শীতকালীন বরফের সর্বোচ্চ বিস্তার ৪৭ বছরের স্যাটেলাইট রেকর্ডে সর্বনিম্ন ছিল। সেপ্টেম্বরের সর্বনিম্ন বিস্তারও ছিল রেকর্ডের দশম সর্বনিম্ন।

রাশিয়ার কাছে আর্কটিকের গুরুত্বের তিনটি প্রধান ভিত্তি—জ্বালানি সম্পদ, সামুদ্রিক যোগাযোগ এবং সামরিক নিরাপত্তা। সাইবেরিয়ার উত্তরাঞ্চলে বিপুল প্রাকৃতিক গ্যাস, তেল ও খনিজ সম্পদ রয়েছে। এসব সম্পদ উত্তোলন করে আন্তর্জাতিক বাজারে পাঠানোর জন্য বন্দর, পাইপলাইন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনা, বরফভাঙা জাহাজ এবং যোগাযোগ অবকাঠামো প্রয়োজন। উত্তর সমুদ্রপথ এই সম্পদকে রুশ অর্থনীতির সঙ্গে এবং বিশেষ করে এশিয়ার বাজারের সঙ্গে যুক্ত করে।

Artic

সোভিয়েত আমলে উত্তর সমুদ্রপথের প্রধান কাজ ছিল দেশের উত্তরাঞ্চলের বিচ্ছিন্ন জনপদ ও সামরিক স্থাপনাগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখা। ১৯৩২ সালে গ্লাভসেভমরপুত প্রতিষ্ঠার মধ্য দিয়ে এর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুরমানস্ক ও আর্কানজেলস্ক বন্দর মিত্রশক্তির সরবরাহ গ্রহণে গুরুত্বপূর্ণ ছিল। স্নায়ুযুদ্ধের সময় একই অঞ্চল সোভিয়েত সামরিক প্রতিরক্ষার অংশ হয়ে ওঠে। ১৯৮৭ সালে মিখাইল গর্বাচেভের মুরমানস্ক ভাষণে আর্কটিককে সহযোগিতার অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রস্তাব আসে। এর ধারাবাহিকতায় ১৯৯৬ সালে আর্কটিক কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর সেই সহযোগিতার পরিবেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১০-এর দশকে রাশিয়া ইয়ামাল এলএনজি, নোভি পোর্টসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়ায়। ২০১৮ সালে রোসাটমকে উত্তর সমুদ্রপথের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়। মস্কোর লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে বিপুল পরিমাণ পণ্য পরিবহনের সক্ষমতা তৈরি করা। কিন্তু ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞা, প্রযুক্তি ও অর্থায়নের সীমাবদ্ধতা এবং বিদেশি কোম্পানির সরে যাওয়া এই পরিকল্পনাকে চাপে ফেলে।

২০১০-এর দশকে রাশিয়া ইয়ামাল এলএনজি, নোভি পোর্টসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়ায়। ২০১৮ সালে রোসাটমকে উত্তর সমুদ্রপথের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়। মস্কোর লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে বিপুল পরিমাণ পণ্য পরিবহনের সক্ষমতা তৈরি করা। কিন্তু ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞা, প্রযুক্তি ও অর্থায়নের সীমাবদ্ধতা এবং বিদেশি কোম্পানির সরে যাওয়া এই পরিকল্পনাকে চাপে ফেলে।

সাম্প্রতিক পরিসংখ্যানও এই বাস্তবতার ইঙ্গিত দেয়। ২০২৫ সালে উত্তর সমুদ্রপথে মোট পণ্য পরিবহন ছিল ৩ কোটি ৭০ লাখ ২০ হাজার টন, যা ২০২৪ সালের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কম। অর্থাৎ মোট পরিবহনের পরিমাণ বড় হলেও তা ধারাবাহিকভাবে বাড়ছে—এমন দাবি করা যায় না। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম ২০২৬ সালে মোট পরিবহন ৪ কোটি টন ছাড়ানোর এবং ট্রানজিট পণ্য ৭০ লাখ টনের বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছে। তবে এগুলো পূর্বাভাস মাত্র, চূড়ান্ত ও বাস্তব পরিসংখ্যান হিসেবে গ্রহণীয় নয়।

একটি পার্থক্য বেশ গুরুত্বপূর্ণ। উত্তর সমুদ্রপথে মোট পণ্য পরিবহনের বড় অংশই রাশিয়ার আর্কটিক অঞ্চল থেকে উত্তোলিত জ্বালানি ও অন্যান্য সম্পদ বহনের সঙ্গে সম্পর্কিত। অন্য দেশের পণ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার প্রকৃত আন্তর্জাতিক ট্রানজিট তার তুলনায় অনেক কম। ফলে মোট কার্গোর পরিমাণকে আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে উত্তর সমুদ্রপথের সাফল্যের একমাত্র মাপকাঠি করা যায় না।

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার জন্য পশ্চিমা অর্থনৈতিক ও প্রযুক্তিগত সংযোগ সংকুচিত হয়েছে। ফলে চীনের সঙ্গে তার সম্পর্ক আর্কটিক নীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। চীনের ‘পোলার সিল্ক রোড’ ধারণা মূলত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আর্কটিক-সম্পর্কিত সম্প্রসারণ। বেইজিং জ্বালানি সরবরাহ, খনিজ সম্পদ, জাহাজ চলাচল এবং ইউরোপের সঙ্গে বিকল্প যোগাযোগপথ তৈরিতে আগ্রহী।

২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের ফুজিয়ান থেকে একটি কনটেইনার জাহাজ উত্তর সমুদ্রপথ ব্যবহার করে ইউরোপের উদ্দেশে যাত্রা করে। চীনা সূত্রের দাবি অনুযায়ী, যাত্রাটি প্রায় ১৯ দিনে সম্পন্ন হওয়ার কথা ছিল; প্রচলিত দক্ষিণের পথের তুলনায় সময় সাশ্রয়ের সম্ভাবনাই এ উদ্যোগের মূল আকর্ষণ। রাশিয়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীন-রাশিয়া বন্দরের মধ্যে উত্তর সমুদ্রপথে ২৩টি কনটেইনার যাত্রা হয়েছিল। ২০২৬ সালে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আর্কটিকের ভূরাজনীতি এখন আর শুধু রাশিয়া ও চীনের অর্থনৈতিক সহযোগিতায় সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন ও আইসল্যান্ডের নিরাপত্তা হিসাবও এখানে সরাসরি যুক্ত। বিশেষ করে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের পর আর্কটিকের সামরিক ভারসাম্যে পরিবর্তন এসেছে। আটটি আর্কটিক রাষ্ট্রের মধ্যে সাতটিই এখন ন্যাটোর সদস্য। ফলে রাশিয়ার সঙ্গে ন্যাটোর প্রতিদ্বন্দ্বিতা উত্তর ইউরোপের স্থলসীমা ছাড়িয়ে সমুদ্র, আকাশ ও যোগাযোগব্যবস্থায় বিস্তৃত হয়েছে।

রাশিয়ার উত্তরাঞ্চলে নর্দার্ন ফ্লিট, সাবমেরিনভিত্তিক পারমাণবিক প্রতিরোধব্যবস্থা, সামরিক ঘাঁটি ও নজরদারি অবকাঠামো রয়েছে। আর্কটিক তার পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা, গ্রিনল্যান্ড এবং উত্তর আটলান্টিকের সামুদ্রিক যোগাযোগপথ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা ও ইউরোপের মধ্যবর্তী সামরিক যোগাযোগ, ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ এবং মহাকাশ নজরদারির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এ কারণেই গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং ডেনমার্কের সার্বভৌমত্বের প্রশ্ন আন্তর্জাতিক আলোচনায় এসেছে।

আর্কটিক এখন এমন এক মঞ্চ, যেখানে একই সঙ্গে সামরিক নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য ও সার্বভৌমত্বের হিসাব কষছে বিশ্বের বড় শক্তিগুলো। ছবি: রয়টার্স
আর্কটিক এখন এমন এক মঞ্চ, যেখানে একই সঙ্গে সামরিক নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য ও সার্বভৌমত্বের হিসাব কষছে বিশ্বের বড় শক্তিগুলো। ছবি: রয়টার্স

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ন্যাটো ‘আর্কটিক সেন্ট্রি’ নামে নতুন সামরিক কার্যক্রম শুরু করেছে। ন্যাটোর ভাষ্য অনুযায়ী, এর লক্ষ্য আর্কটিক ও হাই নর্থ অঞ্চলে প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। রাশিয়ার সামরিক তৎপরতা এবং চীনের ক্রমবর্ধমান আগ্রহকে ন্যাটো তার নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করছে।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন। আর্কটিককে কেবল রাশিয়া-চীন বনাম যুক্তরাষ্ট্র-ন্যাটো প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে দেখলে স্থানীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এবং আন্তর্জাতিক আইন আড়ালে পড়ে যাবে। আর্কটিক কাউন্সিলের মতো বহুপক্ষীয় কাঠামো একসময় পরিবেশ, গবেষণা ও সহযোগিতার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করেছিল। ইউক্রেন যুদ্ধের পর সেই সহযোগিতা দুর্বল হয়েছে। কারণ, সামরিক প্রতিযোগিতা বাড়ায় পরিবেশগত ঝুঁকি, দুর্ঘটনা ও ভুল হিসাবের আশঙ্কাও বেড়েছে।

আর্কটিক নিয়ে ভারতের আগ্রহও ক্রমশ বাড়ছে। ১৯২০ সালে স্বালবার্ড চুক্তিতে স্বাক্ষর এবং ২০১৩ সালে আর্কটিক কাউন্সিলে পর্যবেক্ষক মর্যাদা লাভের মাধ্যমে ভারতের সম্পৃক্ততার ভিত্তি তৈরি হয়। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা ও জ্বালানি সম্পর্কের কারণে উত্তর সমুদ্রপথ ভারতের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। রাশিয়ার আর্কটিক জ্বালানি প্রকল্পে অংশগ্রহণ এবং ইউরোপ-এশিয়া বাণিজ্যে বিকল্প পথ ব্যবহারের সম্ভাবনা নয়াদিল্লির বিবেচনায় রয়েছে।

তবে ভারতের সামনে কয়েকটি বাধা আছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকি, উচ্চ পরিবহন ব্যয়, বরফে চলাচল উপযোগী জাহাজের সীমাবদ্ধতা এবং রাশিয়ার ওপর অতিরিক্ত নির্ভরতার আশঙ্কা বিনিয়োগকে নিয়ন্ত্রণ করছে। ভারতের নীতিগত লক্ষ্য তাই শুধু রুশ আর্কটিকে প্রবেশ নয়; বরং জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক যোগাযোগ এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক কৌশলের মধ্যে ভারসাম্য রক্ষা। রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা ধরে রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ।

উত্তর সমুদ্রপথের সবচেয়ে বড় আকর্ষণ ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যে দূরত্ব কমানো। কিছু রুটে সুয়েজ খালের তুলনায় যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমতে পারে। কিন্তু দূরত্ব কমলেই পরিবহন ব্যয় কমবে, এমন নিশ্চয়তা নেই। বরফ-শ্রেণির জাহাজ নির্মাণ ও পরিচালনা ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে বরফভাঙা জাহাজের সহায়তা নিতে হয়। বীমা প্রিমিয়াম বেশি, বন্দর ও উদ্ধারব্যবস্থা সীমিত, আবহাওয়া অনিশ্চিত এবং দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজ কঠিন। নিয়মিত কনটেইনার পরিবহনের জন্য যে নির্ভরযোগ্য সময়সূচি ও অবকাঠামো প্রয়োজন, উত্তর সমুদ্রপথ এখনও তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি।

আরেকটি প্রশ্ন হলো, এই পথের ব্যবহার কতটা আন্তর্জাতিক বাণিজ্যনির্ভর হবে। রাশিয়ার আর্কটিক অঞ্চল থেকে তেল, গ্যাস ও খনিজ পরিবহনের জন্য পথটি কার্যকর হতে পারে। কিন্তু বিশ্বব্যাপী নিয়মিত কনটেইনার বাণিজ্যের প্রধান রুটে পরিণত হতে হলে আরও বেশি বিদেশি জাহাজ, বন্দর, সরবরাহব্যবস্থা, বীমা ও আইনি নিশ্চয়তা দরকার। পশ্চিমা নিষেধাজ্ঞা ও রাশিয়ার সঙ্গে রাজনৈতিক বিরোধ সেই সম্ভাবনাকে সীমিত করছে।

উত্তর সমুদ্রপথের আইনি অবস্থানও গুরুত্বপূর্ণ। রাশিয়া তার উপকূলীয় আর্কটিক জলসীমায় জাহাজ চলাচলের ওপর উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ প্রয়োগ করে। অন্যদিকে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা ও সমুদ্র আইনের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন দেশের অবস্থান এক নয়। ফলে ভবিষ্যতে পথটির বাণিজ্যিক সম্প্রসারণ শুধু প্রযুক্তি বা বিনিয়োগের ওপর নির্ভর করবে না। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং নৌচলাচলের নিয়ম নিয়েও সমঝোতা প্রয়োজন হবে।

এক্ষেত্রে পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর প্রশ্নও জড়িত। আর্কটিকের বরফ গলে যাওয়াকে নতুন বাণিজ্যিক সুযোগ হিসেবে দেখা হলেও এর পরিবেশগত মূল্য অত্যন্ত বেশি। জাহাজ চলাচল বাড়লে তেল নিঃসরণ, কালো কার্বন, শব্দদূষণ এবং সামুদ্রিক প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়বে। আর্কটিকের দুর্গম পরিবেশে তেল ছড়িয়ে পড়লে তা পরিষ্কার করা কঠিন। একই সঙ্গে সেখানকার আদিবাসী জনগোষ্ঠীর জীবন, খাদ্যনিরাপত্তা ও সাংস্কৃতিক অস্তিত্ব জলবায়ু পরিবর্তন এবং শিল্পায়নের চাপে পড়ছে। তাই আর্কটিকের ভবিষ্যৎ নির্ধারণে শুধু রাষ্ট্রীয় স্বার্থ বা বাণিজ্যিক লাভ নয়, স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ও পরিবেশ সুরক্ষাও বিবেচনার বিষয়।

বাংলাদেশ উত্তর সমুদ্রপথের সরাসরি অংশীদার নয়। আমাদের নৌবহর, বরফে চলাচল উপযোগী জাহাজ এবং আর্কটিক বন্দর ব্যবহারের নৌ-অবকাঠামো নেই। তাই অদূর ভবিষ্যতে এই পথে সরাসরি বাণিজ্যিক অংশগ্রহণের প্রত্যাশা বাস্তবসম্মত নয়। কিন্তু বৈশ্বিক জ্বালানি বাজার, সমুদ্রপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতার পরিবর্তন বাংলাদেশের ওপর প্রভাব ফেলতে পারে।

রাশিয়ার জ্বালানি রপ্তানির নতুন পথ, চীনের বিকল্প সরবরাহব্যবস্থা এবং ইউরোপের জ্বালানি নিরাপত্তার পরিবর্তন আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের মূল্যকে প্রভাবিত করতে পারে। এর প্রভাব পড়বে বাংলাদেশের আমদানি ব্যয়, বিদ্যুৎ উৎপাদন, শিল্পের উৎপাদন খরচ ও বৈদেশিক মুদ্রার ওপর। একই সঙ্গে সুয়েজ খাল, মালাক্কা প্রণালি, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের গুরুত্বও নতুনভাবে বিবেচনা করতে হবে। কারণ একটি নতুন সমুদ্রপথ তৈরি হলেও পুরোনো পথগুলোর কৌশলগত গুরুত্ব শেষ হয়ে যায় না।

বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি হলো সমুদ্র অর্থনীতি ও সামুদ্রিক নিরাপত্তার সক্ষমতা বাড়ানো। চট্টগ্রাম ও মোংলা বন্দরের দক্ষতা, গভীর সমুদ্রবন্দর, জাহাজ নির্মাণ, নৌপরিবহন, সামুদ্রিক তথ্য ও নজরদারি এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় বিনিয়োগ প্রয়োজন। একই সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে হবে বাংলাদেশকে। রাশিয়া, চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ হওয়া উচিত জ্বালানি নিরাপত্তা, বাণিজ্যের বহুমুখীকরণ এবং কৌশলগত স্বায়ত্তশাসন।

পৃথিবীর উত্তর প্রান্তে বরফের নিচে শক্তির নতুন মানচিত্র নিয়ে দ্বিধা ও সংশয় কম নয়। উত্তর সমুদ্রপথের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আশাবাদ বা অতিরিক্ত সংশয়—কোনোটিই বাস্তবসম্মত নয়। রাশিয়া ভৌগোলিক অবস্থান, উপকূলীয় অবকাঠামো ও বরফভাঙা জাহাজের কারণে এখানে এগিয়ে আছে। চীন অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদার হিসেবে নিজের অবস্থান তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো নিরাপত্তা ও সামরিক উপস্থিতি জোরদার করছে। ভারতও জ্বালানি ও যোগাযোগের সুযোগ খুঁজছে। কিন্তু নিষেধাজ্ঞা, ব্যয়, পরিবেশগত ঝুঁকি, মৌসুমি বরফ এবং আন্তর্জাতিক আইনের প্রশ্ন পথটির সম্প্রসারণকে সীমিত করছে।

সুতরাং উত্তর সমুদ্রপথ এখনই সুয়েজ খালের বিকল্প বৈশ্বিক বাণিজ্যপথ হয়ে উঠছে না। বরং এটি রাশিয়ার জ্বালানি অর্থনীতি, চীনের দীর্ঘমেয়াদি কৌশল, ন্যাটোর উত্তরাঞ্চলীয় নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শক্তি-প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে। আর্কটিকের বরফ কমছে, কিন্তু সেই শূন্যস্থান পূরণ করছে না কেবল বাণিজ্য। সেখানে বাড়ছে সামরিক উপস্থিতি, সম্পদের প্রতিযোগিতা এবং কৌশলগত অনিশ্চয়তা। একুশ শতকের বিশ্বশক্তির লড়াই তাই শুধু প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগরে সীমাবদ্ধ থাকবে না। উত্তর মেরুর বরফাচ্ছাদিত জলরাশিও সেই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।

লেখক: প্রফেসর ও চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)।