ইরানকে আবারও ধ্বংস করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হুমকির পরপরই তেহরান তাদের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। মধ্যপ্রাছ্যে স্থিতিশীলতা আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করছে দেশটি। সেই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পৌছে দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এর আগে মার্কিন এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে পুনরায় বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে এবং তারা এখন ওয়াশিংটনের নির্দেশের অপেক্ষায় রয়েছে।
গত বৃহস্পকিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্পও বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে হয়তো ইরানের বাকি অংশও ‘ধ্বংস’ করতে হতে পারে। তিনি আরও বলেন, “এ বিষয়ে আপনারা খুব শিগগির জানতে পারবেন।”
এদিকে ইরান হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপের কাছাকাছি যুক্তরাষ্ট্রের দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পর তেহরান তাদের কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকেও ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের হামলা পুনরায় শুরু করে, তবে ভয়ানক প্রতিশোধ নেওয়া হবে।
অন্যদিকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক ও শান্তি প্রস্তাব পাঠিয়েছে। তবে তেহরান এতে সাতটি কঠোর দাবি তুলে ধরে। এসব দাবি পূরণ হলেই কেবল এই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে তেহরানের এই প্রস্তাবটি পর্যালোচনা করছে।
আল জাজিরা জানিয়েছে, ইরান রাশিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার শুরু করেছে। বৃহস্পতিবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি আলোচনার জন্য মস্কো সফর করেন। এই সফরের সময় রেজায়ি বলেন, “কূটনীতির ক্ষেত্রে আমরা আমেরিকানদের কাছে সাতটি শর্ত দিয়েছি। যতক্ষণ না তারা আমাদের এই সাতটি শর্ত পূরণ করছে, ততক্ষণ আমরা হরমুজ প্রণালি খুলে দেব না এবং কোনো আলোচনাতেও বসব না।”
বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন রেজায়ি। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেইনির একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই বার্তার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানসহ উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
এছাড়া কুয়েত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও উত্তেজনা কমানোর (ডি-এসক্যালেশন) উপায় নিয়ে আলোচনা করেছেন আরাঘচি।