ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না এবং জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী চুক্তি ওয়াশিংটন লঙ্ঘন করতে থাকলে তেহরানও আলোচনা শুরু করবে না। আজ রোববার এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে বলে জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আরাঘচি পুনর্ব্যক্ত করেন, হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও মাসকাটের মধ্যে একটি সমঝোতা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। তবে এই সমঝোতার মাধ্যমে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় খুলে দেওয়া হবে না।
মেহর নিউজ এজেন্সির প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্য শর্ত পূরণ করার পর এবং হরমুজ প্রণালি দিয়ে আবার নৌ চলাচল শুরু হলে কোন নতুন নৌপথগুলো ব্যবহার করা হবে, সেই বিষয়গুলো এই সমঝোতায় নির্ধারণ করা হবে।