আট মাস আলোচনার পর গঠিত জুলাই জাতীয় সনদকে ঘিরে নতুন জটিলতা দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শুক্রবারের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
দলটি বলছে, আইনি ভিত্তি ও গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নিশ্চিত না হলে সনদ সমর্থন করা অর্থহীন।
বিএনপি ও এর সমমনা আটটি দল ইতিমধ্যে সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ তিন প্রতিনিধি পাঠালেও আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানাননি। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “সাংবিধানিক শৃঙ্খলা ও আইনি নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করা সম্ভব নয়।”
দলের দাবি, প্রস্তাবিত সংস্কার, গণভোট পদ্ধতি ও বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না হওয়া পর্যন্ত তারা অংশগ্রহণ করবে না।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ সাতটি দল, নাগরিক ঐক্য, বিএনপি জোট ও অন্যান্য ১২ দল সনদে স্বাক্ষরের পক্ষে। তবে বামপন্থী চারটি দল—সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ ও বাসদ (মার্কসবাদী) সনদে স্বাক্ষর করবে না। গণফোরামও শর্ত আরোপ করেছে।
সরকার ইতিমধ্যে কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে, যাতে বাস্তবায়ন প্রস্তাব তৈরি করা যায়। প্রধান উপদেষ্টা ইউনূস জনগণকে আহ্বান জানিয়েছেন, “যেখানেই থাকুন, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন।”