যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।
আগামীকাল বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন দেশের এই শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে নজিরবিহীন এ ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ২টার দিকে দক্ষিণ চীনের শেনজেন শহরে অবতরণ করেন পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার পঞ্চম সর্বোচ্চ পদধারী কাই ছি। তিনি চীনের প্রেসিডেন্ট সিয়ের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিমানবন্দরে পুতিনকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। লালগালিচায় হেঁটে যাওয়ার সময় তাকে সারিবদ্ধ চীনা সেনাসদস্য ও নৃত্যশিল্পীরা স্বাগত জানায়। এ সময় দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে আনুষ্ঠানিক আয়োজন করা হয়।
এদিকে, আলোচনার বিষয়বস্তুর ব্যাপারে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান ট্রাম্প। পাশাপাশি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিষয়টিও তুলবেন। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।
ওই মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন, ইলন মাস্কও ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাবেন। তবে তিনি তিন নেতার বৈঠকে অংশ নেবেন না। এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।