সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের মধ্যে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ রোববার সকালে এসব এলাকায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। খবর বার্তা সংস্থা ইউএনবির।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুরে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইলে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোড়, ভোগড়া বাইপাস, গাছা ও সালনায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবি মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শরিফুল ইসলাম।স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা এসব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।