ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে গতকাল রোববার ভোরে ফিলিস্তিনের কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে দেশটির উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলাকারীরা বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দিয়েছে এবং বর্ণবাদী গ্রাফিতি লিখেছে। এ ঘটনায় ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকট একে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২০২৩ সালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলার পর থেকে এ ধরনের সহিংসতা ক্রমেই বেড়েছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল।
রয়টার্স রামাল্লার কাছাকাছি কয়েকটি গ্রামে পুড়ে যাওয়া ফিলিস্তিনিদের গাড়ি এবং দেয়ালে স্প্রে-পেইন্ট দিয়ে লেখা ‘প্রতিশোধ’ ও ‘আরবদের মৃত্যু’—এ ধরনের স্লোগান দেখতে পেয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
আইজেনকট হামলাগুলোকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেন, “যেসব উগ্রপন্থী গোষ্ঠী গাড়ি ও বাড়িঘরে আগুন দিচ্ছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।”
নেতানিয়াহুর মন্ত্রিসভার উগ্র জাতীয়তাবাদী দুই মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের নীতির সমালোচনা করে তিনি বলেন, তাদের নীতি “এলাকাটিকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। অথচ কর্তৃপক্ষ এখনো এই সংকট মোকাবিলায় কোনো পদক্ষেপ নেয়নি।”
এ বিষয়ে নেতানিয়াহু এখনো কোনো মন্তব্য করেননি। তবে পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার ‘মুষ্টিমেয় উগ্রপন্থীর’ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ড “আমাদের মূল্যবোধের পরিপন্থী এবং জুদেয়া ও সামারিয়ার আইন মেনে চলা নাগরিকদের প্রতিনিধিত্ব করে না।” জুদেয়া ও সামারিয়া হলো পশ্চিম তীরের বাইবেলীয় নাম।
জেরুজালেমে অনুষ্ঠিত এলনেট সম্মেলনে তিনি বলেন, “উগ্রপন্থীদের সহিংসতার বিরুদ্ধে আইন প্রয়োগে ইসরায়েলি কর্তৃপক্ষ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
হামলার তদন্ত করছে ইসরায়েলি পুলিশ
জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশ ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। এসব বসতি সম্প্রসারণের ফলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে। তবে ইসরায়েল এ অবস্থানের বিরোধিতা করে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাগুলো তদন্তে তারা কাজ শুরু করেছে। অন্যদিকে দেশটির সামরিক বাহিনীও সহিংসতার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এলাকায় গাড়িতে আগুন দেওয়া ও দেয়ালে গ্রাফিতি লেখার ছবি এবং এ-সংক্রান্ত খবর পাওয়ার পর দেইর আস-সুদান, দেইর আবু মাশাল, কাফর মালিক ও আত-তুওয়ানি এলাকায় সেনা ও পুলিশ পাঠানো হয়েছে।
বেন-গভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাল্টা অভিযোগ করে বলেন, আইজেনকটের এই নিন্দা সম্ভাব্য নতুন সরকারে অংশ নিতে পারে এমন আরব দলগুলোর কাছে আত্মসমর্পণের শামিল।