Advertisement

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতসহ ৫ রাষ্ট্রদূতের বৈঠক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতসহ ৫ রাষ্ট্রদূতের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: ফেসবুক

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকেরা।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ড. লিউ ইউইন।

পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকও পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, “সত্যি বলতে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতেই আমি এখানে এসেছিলাম।”

Advertisement

ভারতের হাইকমিশনার একে সৌজন্য সাক্ষাৎ আখ্যা দিয়ে বলেন, জাতিসংঘের প্রস্তাবিত সংস্কার সম্পর্কে তিনি জানতে আগ্রহী। বিষয়টি সব দেশের জন্যই অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট।

ত্রিবেদী বলেন, “সংস্কার সম্পর্কে জানতে আমি খুবই আগ্রহী ছিলাম। খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই সংস্কারগুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা জানতে চেয়েছিলাম। কারণ, বিষয়গুলো আমাদের সবার স্বার্থসংশ্লিষ্ট। এটি অভিন্ন স্বার্থের বিষয়।”

তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের সঙ্গে এ বৈঠক হয়েছে।

ত্রিবেদী বলেন, “সাক্ষাৎটি শুধু ওই পরিচয়েই হয়েছে। তার দ্বৈত ভূমিকার কারণে নয়; মূলত জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবেই তাঁর সঙ্গে দেখা করেছি।”

সাক্ষাতের উদ্দেশ্যের বাইরে অন্য প্রশ্ন না করার জন্যও সাংবাদিকদের অনুরোধ জানান ভারতের হাইকমিশনার। তিনি আবারও বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।

এদিকে সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, বন্ধু ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এবার থ্যাংকসগিভিং উদ্‌যাপন করতে পারছেন না তিনি। তাই তাকে শুভেচ্ছা জানাতে এবং তার সঙ্গে বিদ্যমান দৃঢ় অংশীদারত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে সাক্ষাৎ করেছেন।

ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, “আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছুটির দিন। এটি আমাদের থ্যাংকসগিভিং উৎসব। এদিন মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিত হয়, একসঙ্গে খাবার খায় এবং যেসব বিষয়ে তারা কৃতজ্ঞ, সেগুলো স্মরণ করে।”

অন্যদিকে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্কের দৃঢ়তা নিয়ে তারা সাধারণভাবে আলোচনা করেছেন।