‘সিপাহি-সিপাহি ভাই ভাই, অফিসারের রক্ত চাই’, ১৯৭৫ সালের ৬ নভেম্বর রাতে ঢাকা সেনানিবাসে এমন স্লোগানই দিয়েছিলেন সাধারণ সৈনিকেরা। শুধু স্লোগানই তারা দেয়নি, নির্বিচারে সেনাবাহিনীর অফিসারদের হত্যাও করা শুরু করেছিল। সাধারণ সৈনিকদের এই হঠকারিতার পেছনে ছিল বামপন্থী রাজনৈতিক দল জাসদ ও তাদের বিপ্লবী সৈনিক সংস্থা ও সশস্ত্র সংগঠন গণবাহিনী। জাসদ, বিপ্লবী সৈনিক সংস্থা ও গণবাহিনীর লক্ষ্য ছিল সিপাহী বিপ্লবের, তাদের লক্ষ্য ছিল শ্রেণি-বৈষম্যহীন সেনাবাহিনী। যেখানে সৈনিক, জেসিও, এনসিও কিংবা কমিশন্ড অফিসারদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাদের এমন সেনাবাহিনীর ধারণাটা এসেছিল চীনের পিপলস আর্মি থেকে।
বিপ্লবী সৈনিক সংস্থার এ অভ্যূত্থানটা ঘটেছিল ১৯৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের অভ্যূত্থানের সুযোগ কিংবা জবাবে। ২ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়।
ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যূত্থান করেছিলেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীর যে চেইন অব কমান্ড ভেঙে পড়েছিল, সেটা আবার প্রতিষ্ঠা করতে।
কিন্তু মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফ যে ভুলটা করেছিলেন, তা হলো, তিনি সেনাবাহিনীর চেইন অব কমান্ড প্রতিষ্ঠা করতে গিয়ে বন্দী করেন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীতে অসম্ভব জনপ্রিয়। অন্তত খালেদ মোশাররফের চেয়ে জেনারেল জিয়ার জনপ্রিয়তা ছিল অনেক বেশি। খালেদ মোশাররফ যে অভ্যূত্থানটি করেছিলেন, তাতে সেনাবাহিনীর একাংশের অফিসাররা সমর্থন দিয়েছিলেন, কিন্তু সাধারণ সৈনিক, জেসিও ও এনসিওদের একটা বড় অংশ মন থেকে সেই অভ্যূত্থান মেনে নিতে পারেনি।
খালেদ মোশাররফ আরেকটি ভুল করেছিলেন, তিনি নিজে ক্ষমতা না নিয়ে সেনাবাহিনী প্রধান হওয়ার চেষ্টা করেছিলেন। তিনি এমন একটা সেনাবাহিনীর প্রধান হতে চেয়েছিলেন, যে সেনাবাহিনীর জনপ্রিয় প্রধানকে বন্দী করেছিলেন, যে সেনাবাহিনীর একটা বড় অংশ অভ্যূত্থানে তার সঙ্গী ছিল না।
১৯৭৫ সালের নভেম্বর মাসের শুরুটাই হয়েছিল বিয়োগান্ত সব ঘটনা দিয়ে। অনিশ্চিত এক সময় সেটি। জেলখানায় হত্যা করা হলো জাতীয় চার নেতাকে, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে শুরু হলো পাল্টা অভ্যূত্থান, তিনি সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার ঠিক করতে চেয়েছিলেন, কিন্তু হলো হিতে-বিপরীত। সেনাবাহিনীর সব ধরনের শৃঙ্খলা ভেঙে পড়ল।
জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা মুজিব হত্যার পর থেকেই সেনাবাহিনীর নিচুস্তরে সক্রিয় ছিল। শ্রেণিবৈষম্যবিহীন সেনাবাহিনীর ধারণাটা সৈনিক, জেসিও কিংবা এনসিওদের একাংশকে বিভ্রান্ত করল। তারা মনে করল সত্যিই তো এমন একটা সেনাবাহিনী থাকলে খারাপ কী! যেখানে অফিসার আর সিপাহীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না।
রোমান্টিক এসব ধারণা ভাবতে যতো সুন্দর, বাস্তবে তা ততই কঠিন। শ্রেণিবৈষম্যবিহীন সেনাবাহিনী গঠনের ভাবনার রোমান্টিকতা রূপ নিল অভাবনীয় এক রক্তপাতে। একবার ভাবুন তো সিপাহী বিপ্লবের নামে সৈনিকেরা অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে সেনানিবাসের বাড়িতে বাড়িতে গিয়ে অফিসারদের হত্যা করছে! সেনানিবাসের গ্যারিসনগুলো ভেসে যাচ্ছে রক্তে! সেনানিবাসের রাস্তায় পড়ে আছে সেকেন্ড লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর পদের অফিসারদের রক্তাক্ত মরদেহ! এমন হঠকারিতার শুরুো সেদিন হয়েছিল কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিক সংস্থার উন্মত্ত সদস্যদের হাত ধরে।
কর্নেল তাহের জানতেন, সেনাবাহিনীতে জিয়াউর রহমান অসম্ভব জনপ্রিয়। জিয়াউর রহমানের সঙ্গে নিজের অতীত ব্যক্তিগত সম্পর্কও তাকে উৎসাহিত করেছিল। তিনি যা চান, সেটা বাস্তবায়ন করবেন জিয়াউর রহমানকে সামনে রেখেই। খালেদ মোশাররফ জিয়াকে বন্দী করিয়েছিলেন তার অনুগত অফিসার ও সৈনিকদের দিয়ে। তাদের জিয়াকে মুক্ত করালেন বিপ্লবী সৈনিক সংস্থার প্রভাব খাটিয়ে। তিনি জানতেন জিয়াকে মুক্ত করতে মুখিয়ে প্রায় পুরো সেনাবাহিনীই।
জিয়াউর রহমানকে মুক্ত করিয়ে তিনি তাকে দিয়ে নিজের দাবিদাওয়া কিংবা ইচ্ছাগুলোকে পূরণ করতে চেয়েছিলেন। তার বিপ্লবী সৈনিক সংস্থার ছিল ১২ দফা দাবি। কর্নেল তাহের চেয়েছিলেন মুক্ত হয়ে জিয়া তার কথায় ওঠ-বস করবেন। তিনি চেয়েছিলেন জিয়া যেন মুক্ত হয়ে প্রথমেই তার বাড়িতে আসে। বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যদের তিনি যেভাবেই ব্রিফ করে রেখেছিলেন। জিয়াউর রহমান হয়তো তাহেরের বাড়িতেই যেতেন, সেখান থেকে তাহেরের পরিকল্পনামতো কেন্দ্রীয় শহীদ মিনার। কিন্তু সেই সময় জিয়ার দীর্ঘদিনের সহকর্মী কয়েকজন সেনাকর্মকর্তা তাঁকে সেনানিবাসের বাইরে পা রাখতে নিষেধ করেছিলেন। জিয়াউর রহমান নিজেও বুঝতে পেরেছিলেন কর্নেল তাহের তাঁকে মুক্ত করেছেন বটে, কিন্তু তাদের যে অবাস্তব দাবি-দাওয়া, সেটা পূরণ করতে গেলে সেনাবাহিনীই শুধু নয়, দেশকে ঠেলে দেওয়া হবে খাদের কীনারায়।
সাবেক সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আমীন আহমদ চৌধুরী তাঁর ‘১৯৭১ ও আমার সামরিক জীবন’ বইতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ উল্লেখ করেছেন। ঢাকা সেনানিবাসে কর্মরত আমীন আহমদ চৌধুরী ওই সময় ঘটে যাওয়া ঘটনাগুলো খুব কাছ থেকেই দেখেছিলেন।
‘গৃহবন্দী অবস্থা থেকে বের হয়ে জিয়া শক্ত হাতে হাল ধরার চেষ্টা করতে থাকেন। কর্নেল তাহের সশস্ত্র বাহিনীর কমান্ড কাঠামোর একেবারে কোমরে আঘাত করেছিলেন। সেই সময় কর্নেল আমিনুল হক, বীরউত্তম তাঁর ব্যাটালিয়ন নিয়ে অতন্দ্র প্রহরীর মতো জিয়ার পাশে না দাঁড়ালে জিয়া হয়তো তাঁর ভাগ্য তাহেরের হাতেই সমার্পণ করতেন।’
জিয়াউর রহমান যখন মুক্ত হলেন, সেনানিবাসে তখনো সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারের রক্ত চাই স্লোগান উঠছে।
৭ নভেম্বর জিয়াউর রহমানের উত্থানের দিন। হ্যাঁ, এটা ঠিক, কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা বন্দীদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। কিন্তু তাহেরের লোকজন অফিসারদের হত্যা করে যে নৈরাজ্যের সূচনা করেছিল, সেটা থেকে বের হতে না পারলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্বই হুমকির মুখে পড়ত। জিয়াউর রহমান নিজের নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, কারণ তিনি বাস্তব অবস্থাটা অনুধাবন করতে পেরেছিলেন। তিনি মনে করেছিলেন সেনাবাহিনীতে যে বিশৃঙ্খলা সেটা আগে বন্ধ করতে হবে। কর্নেল তাহেরের সঙ্গে স্বাভাবিক কারণেই সেনাবাহিনীর কাঠামো ও চরিত্র নিয়ে জিয়ার দ্বন্দ্ব শুরু হয়।
সেটা হওয়াই ছিল স্বাভাবিক। কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিক সংস্থার যেসব দাবিদাওয়া ছিল, সেগুলো নিয়ে মেজর হাফিজউদ্দিন আহমদ, বীরবিক্রম তার ‘সৈনিক জীবন, গৌরবের একাত্তর, রক্তাক্ত পঁচাত্তরে লিখেছেন, ‘অফিসার হত্যা করতে পারলেই শ্রেণি সংগ্রাম সফল হবে, তাহের মডেলের সমাজতন্ত্র কায়েম হবে, এমন ধারণার বশবর্তী হয়ে ৭ নভেম্বর সৈনিকেরা বিদ্রোহে অংশ নেয়। তাদের ১২ দফা দাবিনামা হাস্যকর, নিজস্ব গোষ্ঠীস্বার্থে প্রণীত, দেশের জনগণের ভাগ্যোন্নয়নের কোনো রূপরেখা তাতে নেই। কেবল সৈনিকদের মধ্য থেকেই অফিসার নিয়োগ করতে হবে, বাইরের মেধাবী যুবকদের কোনো সুযোগ থাকবে না নেতৃত্বের কাঠামোতে। সেনাবাহিনীকে ধ্বংস করে স্বাধীনতা-সার্বভৌমত্ব খর্ব করার একটি সুপরিকল্পিত ছক দাবিনামার পরতে পরতে ছিল বিদ্যমান।’’
জিয়া এসব দাবিদাওয়া ফুৎকারেই উড়িয়ে দেন। সেনানিবাসে থেকেই রেডিওর কর্মীদের ডাকিয়ে এনে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করান। সেই ভাষণ ৭ নভেম্বর রেডিওতে প্রচারিত হলে দেশের মানুষ দীর্ঘ উৎকণ্ঠা থেকে মুক্তি পায়। ৩ থেকে ৬ নভেম্বর দেশ কার্যত ছিল সরকারবিহীন। মানুষ ছিল বিভ্রান্তিতে, ঢাকা শহর ছিল গুজবের শহর। জিয়াউর রহমানের বজ্রকণ্ঠ আবারও ভেসে এল ইথারে। প্রিয় দেশবাসী সম্বোধন করে ৫ মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন তিনি। দেশের মানুষকে শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ পেশায়, নিজেদের কর্মস্থলে ফিরে দায়িত্ব পালনের উদাত্ত আহবান জানালেন তিনি। দেশের সংকটের মুহূর্তে সব হঠকারিতাকে একপাশে সরিয়ে নিজের অবস্থান নিশ্চিত করেন তিনি। সে কারণেই জিয়া নন্দিত, ইতিহাসের বরপুত্র।