১৯৬০ সালের শুরুর দিকের কথা। একদল মার্কিন কূটনীতিক ইসরায়েলের একটি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। তাদের একজনের চোখে পড়ে ডেড সি বা মৃত সাগরের প্রায় ২০ মাইল পশ্চিমে নেগেভ মরুভূমির দিকে। সেখানে গড়ে উঠছে একটি স্থাপনা।
মার্কিন ওই কর্মকর্তা স্থাপনাটির দিকে ইশারা করে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যাডি কোহেনের কাছে জানতে চান, সেখানে কী তৈরি হচ্ছে। জবাবে কোহেন বলেন, এটি একটি ‘টেক্সটাইল কারখানা’। ওই মার্কিন কূটনীতিকদের দলে ছিলেন ইসরায়েলে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিড।
তবে হেলিকপ্টার থেকে মার্কিন ওই কর্মকর্তা যা দেখেছিলেন, তা কিন্তু মোটেও কোনো টেক্সটাইল কারখানা ছিল না। আসলে সেটা ছিল ডিমোনা পারমাণবিক স্থাপনার নির্মাণকাজ। বর্তমানে এই স্থাপনাকেই মধ্যপ্রাচ্যের পারমাণবিক অস্ত্রভান্ডারের সূতিকাগার হিসেবে বিবেচনা করা হয়।
মার্কিন গোয়েন্দারা নির্মাণাধীন ওই স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর কয়েক মাস কেটে যায়। এরপর ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেনের সঙ্গে বৈঠকের দাবি জানান মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিড।
গোপনীয় মার্কিন কূটনৈতিক বার্তায় বলা হয়, “প্রথমে কোহেন বিষয়টি হালকাভাবে নিয়েছিলেন। তবে তার কথাবার্তা থেকে বোঝা যায়, তিনি বিশ্বাস করতেন, ভবিষ্যতে এই চুল্লি অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হতে পারে।”
ডিমোনা পারমাণবিক স্থাপনা। ছবি: সংগৃহীত
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারযাত্রার বিবরণসহ এসব তথ্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভের সংরক্ষিত কিছু গোপনীয় নথিতে। পরে এসব নথি প্রকাশ করা হয়।
এর পাঁচ বছর পর, মার্কিন পারমাণবিক কর্মকর্তারা জানতে পারেন, পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়ামের কয়েক শ পাউন্ডের হিসাব মিলছে না। যুক্তরাষ্ট্রের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা ধারণা করেছিলেন, এই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছিল। সম্প্রতি প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রেও এমন দাবি করা হয়েছে বলে উল্লেখ করা হয় সিএনএনের প্রতিবেদনে।
এরপরের ৬০ বছর ধরে ইসরায়েলের পরমাণু অস্ত্রের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক ধরনের কৌশলী নীরবতা বজায় রেখেছে। কূটনীতির ভাষায় যাকে বলে ‘নিউক্লিয়ার অ্যামবিগিউইটি।’ অর্থাৎ, ইসরায়েলের অস্ত্র থাকার কথাও স্বীকার করে না, ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করে না–এমনটাও বলে না। ইসরায়েলি কর্মকর্তারা যখন দেশটির পারমাণবিক অস্ত্রের বিষয়ে পরোক্ষভাবে ইঙ্গিত দিতে চান, তখন মার্কিন কূটনীতিকদের কাছে অ্যাডি কোহেনের সেই ‘টেক্সটাইল কারখানা’ আলাপটি এক ধরনের সাংকেতিক অভিব্যক্তি হয়ে ওঠে। গত ১৪ জুলাই এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও দেশটির পরমাণু শক্তি কমিশনের প্রধানের সঙ্গে ‘টেক্সটাইল কারখানা’ নিয়ে একটি বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিষয়টি বিশ্বের ‘সবচেয়ে সর্বজনবিদিত গোপন রহস্যে’ পরিণত হয়েছে। ইসরায়েলি-আমেরিকান ইতিহাসবিদ আভনার কোহেন বিষয়টিকে এভাবেই বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো এ বিষয়ে যে নীতি অনুসরণ করছে, তা হলো–নিউক্লিয়ার অ্যামবিগিউটি বজায় রাখা।
এই নীতি যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলোর পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধিতা করার ক্ষেত্রে প্রকাশ্যে নিজেদের অবস্থান বজায় রাখতে সহায়তা করেছে। একই সঙ্গে ইসরায়েলও আদৌ কীভাবে পারমাণবিক বোমার অধিকারী হয়েছে, সে বিষয়ে নানা প্রশ্ন এড়িয়ে যেতে পেরেছে।
তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ায় দীর্ঘদিনের এই অবস্থায় পরিবর্তন আসতে পারে। ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সেই লক্ষ্যের কথা জানিয়েই তো যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দেশটির বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে! তবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজ করা শীর্ষ বিশেষজ্ঞদের মতে, এই প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। এদিকে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি এখনো কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তবে ইসরায়েলের সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দৃঢ় সমর্থনে এবার ভাঙন ধরতে শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বছরের শেষ দিকে ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, “তাদের এখন আর এই সহায়তার প্রয়োজন নেই।”
এদিকে, ডেমোক্রেটিক পার্টির একদল আইনপ্রণেতা ও বিভিন্ন অধিকার সংগঠন সাম্প্রতিক বছরগুলোতে বলে আসছে, ইসরায়েলের পারমাণবিক বোমা থাকার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ভণিতা করার সময় শেষ, এবার এ বিষয়ে প্রকাশ্যে অবস্থান স্পষ্ট করার সময় এসেছে। ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য হোয়াকিন কাস্ত্রো সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্ট অবস্থান এখন সেকেলে নীতিতে পরিণত হয়েছে। তার মতে, এই নীতি ‘বেপরোয়া ও বিপজ্জনক হয়ে উঠেছে’।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য কাস্ত্রো বলেন, ইসরায়েলের সঙ্গে একসঙ্গে মিলে (ইরান) যুদ্ধে জড়ানো হলেও, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েল কোথায় ‘সীমারেখা’ টানবে, তা না জানা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে এসব অস্ত্র ব্যবহার করা হলে কিংবা ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের কী ধরনের জরুরি পরিকল্পনা রয়েছে, সেটিও স্পষ্ট করা প্রয়োজন।
ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে অস্বীকার করার সুযোগ বা অস্পষ্টতা বজায় রাখার এই নীতি থেকে যুক্তরাষ্ট্র যদি সরে আসে, তাহলে কী হবে? সে ক্ষেত্রে ইসরায়েলের পারমাণবিক প্রযুক্তির উৎস নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হবে। পাশাপাশি, পারমাণবিক অস্ত্র কর্মসূচির অকাট্য প্রমাণ যাতে সামনে না আসে, তা নিশ্চিত করতে বছরের পর বছর ধরে যে গোপন তৎপরতা ও কৌশলগত লুকোচুরি চলেছে, সেগুলোও আলোচনায় আসবে।
মার্কিন পরিদর্শকেরা কখনোই ডিমোনার ভূগর্ভস্থ গোপন স্থাপনাটির সন্ধান পাননি। সেখানে বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করা হতো। ২০২৪ সালে প্রচারিত হিব্রু ভাষার প্রামাণ্যচিত্র দ্য অ্যাটম অ্যান্ড মি-তে বলা হয়, মার্কিন পরিদর্শকেরা আসার আগেই ইসরায়েলি কর্মকর্তারা লিফটের প্রবেশপথ দেয়াল দিয়ে বন্ধ করে দিতেন।
ওই প্রামাণ্যচিত্রে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে সহায়তাকারী একটি গোয়েন্দা সংস্থার প্রয়াত সাবেক প্রধানের সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার মৃত্যুর পর এসব সাক্ষাৎকার প্রকাশ করা হয়।
এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হলে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চাওয়া দেশগুলোর বিরোধিতা করে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়ে আসছে, তার বিশ্বাসযোগ্যতাও আরও ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি, পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করা দেশগুলোকে শাস্তি দিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ কিংবা অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়ার পথও তৈরি হতে পারে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, “নির্দিষ্ট অস্ত্রব্যবস্থা ও সামরিক অবস্থানসংক্রান্ত প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার নীতি পররাষ্ট্র দপ্তরের দীর্ঘদিনের।”
মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে সিএনএনের প্রশ্ন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। তবে সেখান থেকেও কোনো উত্তর পাওয়া যায়নি।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশল বিশ্লেষক ম্যাথিউ ক্রোয়েনিগ বলেন, “ইসরায়েল যদি প্রকাশ্যে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে, তাহলে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর ওপরও একই পথে হাঁটার চাপ বাড়তে পারে। মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নীতির জন্য মোটেও ভালো হবে না।’
গত জুনে কংগ্রেসের এক উন্মুক্ত শুনানিতে বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রশ্ন করেন কাস্ত্রো।
হেনরি কিসিঞ্জারের পর রুবিওই দ্বিতীয় মার্কিন ব্যক্তি, যিনি একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মার্কিন কূটনীতিকের দেওয়া সবচেয়ে খোলামেলা প্রকাশ্য মূল্যায়নগুলোর একটি তুলে ধরেন তিনি।
রুবিও বলেন, “আমার মনে হয়, বিশ্বের অধিকাংশ দেশই মনে করে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে আমরা কখনোই এ বিষয়ে কিছু বলিনি। ইসরায়েলও প্রকাশ্যে কখনো তা স্বীকার করেনি। আর নানা কারণে আমাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই আমরা বিষয়টি নিয়ে ওইভাবে আলোচনা করি না।”
গোপনীয়তার আড়ালে পারমাণবিক কর্মসূচি
সিএনএনের সঙ্গে কথা বলা বিশেষজ্ঞদের মতে, স্নায়ুযুদ্ধের সময়কার ভূরাজনৈতিক বাস্তবতা থেকেই ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে গোপনীয়তা বজায় রাখার নীতির সূচনা। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই আশঙ্কা করেছিল, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি প্রকাশ্যে এলে আরব দেশগুলোও সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু করতে পারে। অন্যদিকে, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে প্রকাশ্যে আত্মপ্রকাশ করলে আন্তর্জাতিক অঙ্গনে কী ধরনের কূটনৈতিক চাপের মুখে পড়তে হবে, তা নিয়েও উদ্বিগ্ন ছিল ইসরায়েল।
পেনসিলভানিয়ার ইউরেনিয়াম কারখানায় ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম ধরা পড়ার বছরেই তেল আবিব সফর করেন হেনরি কিসিঞ্জার। সফরকালে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার যেসব আলোচনা হয়েছিল, সেগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবহিত করেন তিনি।
সে সময় কিসিঞ্জার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগে অধ্যাপনা করতেন। পাশাপাশি রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ নেতাদের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এর চার বছরেরও কম সময় পর, ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে সংরক্ষিত একটি অপ্রকাশিত গোপনীয় নথির সারসংক্ষেপ অনুযায়ী, কিসিঞ্জারের দৃঢ় বিশ্বাস ছিল, ইসরায়েল ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করে দিয়েছে। অথচ এই কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি।
ইসরায়েলের তৎকালীন উপপ্রতিরক্ষামন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেছিলেন কিসিঞ্জার। তার কাছে মনে হয়েছিল, পেরেসসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে ছিলেন। নথিতে আরও বলা হয়, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয়তা নিয়ে দেশটির বিজ্ঞানীদের মধ্যেও কোনো সংশয় ছিল না। তবে বিষয়টির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল। কিসিঞ্জারের ধারণা ছিল, ইসরায়েলি কর্মকর্তারা মনে করতেন, মধ্যপ্রাচ্যে তারাই যে প্রথম পারমাণবিক অস্ত্র নিয়ে এসেছে–এমন ধারণা তৈরি হতে দেওয়া যাবে না।
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির বিশিষ্ট ইতিহাসবিদ আভনার কোহেনের মতে, ‘অস্ত্র নিয়ে আসা’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে অস্পষ্টতা বজায় রাখার চেষ্টা করেছিলেন। পারমাণবিক অস্ত্র বলতে কী বোঝায়, সে বিষয়েও দুই দেশের মধ্যে মতের মিল ছিল না।
১৯৬৮ সালের নভেম্বরে উন্নত প্রযুক্তির এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিক্রি নিয়ে আলোচনার সময় বিষয়টি স্পষ্ট হয়। সে সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইসরায়েলের রাষ্ট্রদূত ইৎজাক রবিন বলেছিলেন, কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো এবং তা প্রকাশ্যে ঘোষণা না করা পর্যন্ত সেটিকে মধ্যপ্রাচ্যে ‘নিয়ে আসা’ হয়েছে বলে বিবেচনা করা যায় না।
ইসরায়েলের হাতে প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। তাদের আশঙ্কা ছিল, এতে আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা শুরু করতে পারে। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে পরাজয়ের ক্ষত তখনো অনেক আরব দেশের কাছে তাজা। ফলে তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করতে পারে কিংবা নিরাপত্তার নিশ্চয়তা পেতে সোভিয়েত ইউনিয়নের দ্বারস্থ হতে পারে।
১৯৬৯ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের কাছে পাঠানো কিসিঞ্জারের একটি স্মারকের সঙ্গে যুক্ত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে তাদের উদ্বেগ তুলে ধরেন। তাদের মূল্যায়ন ছিল, ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কারণে ‘কেউ ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বসার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।’
তবে কিসিঞ্জার বুঝতে পেরেছিলেন, নিক্সন অস্ত্র বিক্রি বন্ধের হুমকি দিলেও ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি থামানো সম্ভবত যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না। পারমাণবিক কর্মসূচির বিষয়টি গোপন রেখে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করলে মার্কিন কংগ্রেস ক্ষুব্ধ হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট তৈরি হওয়ার আশঙ্কা ছিল।
অন্যদিকে, কূটনৈতিক চাপ তৈরির জন্য ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিষয়টি প্রকাশ্যে আনলেও বিপদ ছিল। এতে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে এই কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগ তুলতে পারত। শেষ পর্যন্ত এই পরিস্থিতি সামাল দেওয়ার উপায় হিসেবে বিষয়টি নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতিই বেছে নেওয়া হয়। ইসরায়েলও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। কিসিঞ্জার ওই স্মারকলিপিতে লিখেছিলেন, “আমাদের ন্যূনতম লক্ষ্য হওয়া উচিত, ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি যেন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত না হয়।”
১৯৬৯ সালের জুলাইয়ে লেখা কিসিঞ্জারের ওই স্মারকলিপিতে নিক্সনের সিদ্ধান্তের কথা উল্লেখ নেই। এমনকি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ‘পারমাণবিক অস্পষ্টতার’ নীতি ঠিক কখন থেকে যৌথ নীতিতে পরিণত হয়েছিল, তারও কোনো আনুষ্ঠানিক নথি পাওয়া যায় না।
ইতিহাসবিদ আভনার কোহেনের যুক্তি, ওই বছরের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের সঙ্গে একান্ত বৈঠকের পরই নিক্সন ও মেইর ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু অলিখিত নিয়মে একমত হয়েছিলেন। বৈঠকে তাদের আলোচনার কোনো লিখিত নথি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে পরবর্তী সময়ে নিক্সনের উদ্দেশে পাঠানো এক স্মারকলিপিতে কিসিঞ্জার মেইরের সঙ্গে প্রেসিডেন্টের ‘একান্ত আলোচনা’র কথা উল্লেখ করেন। সেখানে তিনি জানান, নিক্সনের প্রধান উদ্বেগ ছিল, ইসরায়েল যেন প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের সংযোজন না ঘটায় কিংবা পারমাণবিক পরীক্ষার কর্মসূচি শুরু না করে। ওই বৈঠকের পর ইসরায়েলের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি নিয়ে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের চাপ কার্যত বন্ধ হয়ে যায়।
১৯৭০-এর দশকে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এবং সরকারি পর্যায়ে অসাবধানতাবশত প্রকাশিত কিছু তথ্য থেকে জোরাল ইঙ্গিত পাওয়া যায়, ইসরায়েল ইতিমধ্যে পারমাণবিক বোমা তৈরি করেছে। তবে ১৯৮৬ সালে এসে এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সন্দেহ কার্যত দূর হয়ে যায়। ওই বছর ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনার সাবেক রিঅ্যাক্টর টেকনিশিয়ান মরদেখাই ভানুনু দেশটির পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করেন। গোপনে তোলা ওই স্থাপনার বেশ কিছু ছবিও তিনি লন্ডনের সানডে টাইমস পত্রিকার হাতে তুলে দেন।
তবে পত্রিকাটি অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশের কিছুদিন আগে ঘটে আরেক নাটকীয় ঘটনা। অনুসন্ধানী প্রতিবেদনটির সাংবাদিক পিটার হুনাম সে ঘটনার কথা জানিয়েছেন ১৯৯৯ সালে প্রকাশিত এক বইয়ে। পিটার হুনাম জানান, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক তরুণ এজেন্ট ভানুনুকে রোমে নিয়ে যাওয়ার জন্য প্রলুব্ধ করেন। সেখানে ভানুনুকে মাদক প্রয়োগ করে অচেতন করা হয়। এরপর তাকে আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষমাণ ইসরায়েলি নৌবাহিনীর একটি গোপন পণ্যবাহী জাহাজে তুলে নেওয়া হয়।
আদালতে বহুল আলোচিত সেই বিচার চলাকালে নিজের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন সাংবাদিক পিটার হুনাম। তা সত্ত্বেও রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তিসংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হন ভানুনু। ইসরায়েলের কারাগারে তাকে কাটাতে হয় ১৮ বছর। এর বেশির ভাগ সময়ই তাকে রাখা হয়েছিল নির্জন কারাবাসে।
স্নায়ুযুদ্ধের পর নতুন হিসাব
স্নায়ুযুদ্ধের অবসানের সঙ্গে সঙ্গে ইসরায়েলের ‘পারমাণবিক অস্পষ্টতা’ নীতির পেছনে থাকা মূল যুক্তিগুলোর অনেকটাই অকার্যকর হয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়ন আর মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তারের সম্ভাব্য উসকানিদাতা না থাকায় আরব রাষ্ট্রগুলোর দিক থেকেও ইসরায়েলের অস্তিত্বের জন্য আগের মতো বিশ্বাসযোগ্য হুমকি ছিল না। পরিস্থিতির এই পরিবর্তন ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বিগ্ন করে তোলে।
২০১৮ সালে দ্য নিউ ইয়র্কার-এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কর্মকর্তারা এরপর গোপনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চেয়ে নেন যে, ওয়াশিংটন কখনো ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে বলবে না। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের সময় থেকে এ ধরনের নিশ্চয়তা দেওয়া শুরু হয়।
পারমাণবিক অস্পষ্টতার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিশ্চয়তার ভাষাও রাখা হয়েছিল যথেষ্ট অস্পষ্ট।
পরবর্তী সময়ে এই গোপনীয়তার নীতিতে কিছুটা শিথিলতা এসেছে। ইসরায়েলের সরকারি সেন্সর কর্তৃপক্ষ এখন পারমাণবিক অস্ত্র নিয়ে কিছু আলোচনা ও প্রকাশনার অনুমতি দেয়, তবে সেসব ক্ষেত্রে একটি সতর্কতামূলক বাক্য যুক্ত করতে হয়: ‘বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী’।
২০১৮ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার কথা তিনি তখন অস্বীকার করেননি। বরং নেতানিয়াহু আবারও বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে প্রথম পারমাণবিক অস্ত্রের প্রচলন করবে না।
তবে অস্পষ্টতার নীতিতে শিথিলতা কিছুটা এলেও আনুষ্ঠানিক অবস্থানে এখনো কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল, কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না যে ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। যদিও অলাভজনক সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের (এনটিআই) হিসাব অনুযায়ী, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডারে প্রায় ৯০টি ওয়ারহেড রয়েছে।
অস্বীকারের নীতি কি ভেঙে পড়তে পারে?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর জুন মাসের বক্তব্য এবং কয়েকজন মার্কিন আইনপ্রণেতার ক্রমবর্ধমান চাপ ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে দীর্ঘদিনের অস্বীকারের অবস্থান হয়তো আর আগের মতো ধরে রাখা সম্ভব হচ্ছে না। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইয়েমেনে হুতিদের সামরিক অগ্রগতির কারণে এমনিতেই অঞ্চলটির পরিস্থিতি উত্তপ্ত। হুতিদের তৎপরতায় লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচলও হুমকির মুখে পড়েছে। এদিকে, ট্রাম্পের পরিকল্পিত সামরিক সহায়তা কমানোর সিদ্ধান্ত ইসরায়েলের পারমাণবিক অস্পষ্টতার নীতিতে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
হেনরি কিসিঞ্জারের সম্পত্তির প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করা ক্রোয়েনিগের যুক্তি, ইরানের ‘আরও প্রকাশ্য পারমাণবিক কর্মসূচি’ ইতিমধ্যে সৌদি আরবের মতো আঞ্চলিক দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিয়ে বিকল্প প্রস্তুতি নিতে উৎসাহিত করেছে। তার ভাষায়, এসব দেশ এখন পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের অবস্থান ঠিক রাখতে চাইছে।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করলে সৌদি আরবও পারমাণবিক অস্ত্র তৈরি করবে। এদিকে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি পারমাণবিক চুক্তি নিয়ে বর্তমানে মার্কিন কংগ্রেসে পর্যালোচনা চলছে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ এবং যুক্তরাষ্ট্রের অনুমোদন সাপেক্ষে এই চুক্তির আওতায় সৌদি আরব নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পরও ইরানের হাতে এখনো প্রায় এক হাজার পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে অনুমান অনেক বিশ্লেষকের। অথচ এই মজুত পুরোপুরি ধ্বংস করাই ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য।
ওই ইউরেনিয়ামের বড় একটি অংশ গত বছর মার্কিন বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক বিশেষজ্ঞ জেমস অ্যাক্টন সিএনএনকে জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে, এমন সম্ভাবনা ফিফটি-ফিফটি।
টেক্সাসের কংগ্রেসম্যান কাস্ত্রোও মনে করেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্টতা বজায় রাখার নীতি একসময় যথাযথ ছিল। তবে তার মতে, এখন সেই নীতি থেকে সরে আসার সময় এসেছে।
তিনি বলেন, “১৯৫০, ১৯৬০ ও ১৯৭০-এর দশকের সেই সময়ের পর বিশ্বে অনেক পরিবর্তন এসেছে। তখনকার তুলনায় বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কিন্তু পারমাণবিক অস্পষ্টতার নীতিতে কোনো পরিবর্তন আসেনি।”
ক্রোয়েনিগের মতে, ইরান যদি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তাহলে সেটিই হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পারমাণবিক অস্পষ্টতার নীতি পরিত্যাগ করার একটি ‘স্পষ্ট’ পরিস্থিতি। তার যুক্তি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে, তেহরানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পারমাণবিক প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে ইসরায়েলকে প্রকাশ্যে নিজেদের পারমাণবিক কৌশল ও নীতি নিয়ে কথা বলতে হবে। পাশাপাশি সামরিক মহড়াও চালাতে হবে।
তবে এমন পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত, কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পারমাণবিক অস্ত্র অর্জন না করা পর্যন্ত, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডারের অস্তিত্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশ্যে স্বীকার করা উচিত নয় বলেই মনে করেন ক্রোয়েনিগ।
জুন মাসে ক্যাপিটল হিলে রুবিওর সঙ্গে এক বিতর্কে কাস্ত্রো যুক্তি দেন, ইসরায়েল-ইরান দ্বন্দ্বে এক পক্ষের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটাই প্রকাশ্যে আলোচনা করার মতো যথেষ্ট উদ্বেগের কারণ। এ সময় তিনি জানতে চান, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন থাকা অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা কী হতে পারে।
তবে রুবিও সরাসরি উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। তিনি ইঙ্গিত দেন, গোপনীয় বৈঠকে এ বিষয়ে আরও খোলামেলাভাবে কথা বলতে পারবেন। রুবিও বলেন, “এ ধরনের বিষয়ে বিভিন্ন স্বার্থ ও বিবেচনার মধ্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হয়।”