Advertisement

মার্কিন প্রেসিডেন্টকে কেন মারতে চেয়েছিলেন স্যাম?

মার্কিন প্রেসিডেন্টকে কেন মারতে চেয়েছিলেন স্যাম?
ছবি: এআই দিয়ে তৈরি

স্যাম ডাইক একজন সেলসম্যান। কিন্তু কখনোই টার্গেট পূরণ করতে পারেন না। মালিক তার গোঁফকে এ জন্য দায়ী করেন। টার্গেট পূরণ নয়, নিজের চাকরিটা বাঁচাতেই গোঁফটা ছেঁটে ফেলেন স্যাম। কিন্তু যে কে সেই, কোনো পরিবর্তন হয় না। এদিকে পকেট গড়ের মাঠ। প্রেমিকাও তাকে ছেড়ে চলে যান। প্রায় একই সময়ে চলে যায় চাকরিটাও। স্যাম যখন এই সবকিছুর মধ্য দিয়ে যাচ্ছেন, তখন টেলিভিশনে অনর্গল প্রচার হচ্ছে রিচার্ড নিক্সনের ভাষণ। নিক্সন তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তরুণদের উজ্জীবিত করতে, দেশের মানুষকে উজ্জীবিত করতে, ভিয়েতনাম যুদ্ধের চলমানতার সম্মতি উৎপাদনে প্রতিনিয়ত বক্তৃতা করে যাচ্ছে নিক্সন। অথচ অর্থনীতি ভোগে গেছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ধুঁকছে। চাকরি ও আয় হারাচ্ছে সাধারণ মানুষ। তার মধ্যে স্যামও একজন। স্যামের চোখে তার সকল দুর্দশার জন্য একমাত্র দায়ী ব্যক্তি হিসেবে হাজির হন রিচার্ড নিক্সন। তিনি মার্কিন ওই প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করেন।

Advertisement

‘দ্য অ্যাসাসিনেশন অব রিচার্ড নিক্সন’ সিনেমার চরিত্র এই স্যাম কিন্তু ইতিহাসের পাতা থেকে উঠে আসা চরিত্র। বাস্তবে এই চরিত্রটির নাম ছিল স্যামুয়েল ডাইক। ২০০৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে স্যামের জীবনের প্রান্তিক হয়ে ওঠা এবং সেই প্রেক্ষাপটে দেশের প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করার বিষয়টিই উঠে এসেছে মূলত। কিন্তু এর ভিতে থেকে যাওয়া কারণটি ঝাপসা হয়ে থাকেনি। আর তা হলো যুদ্ধ। পরিচালক নিলস মুয়েলার খুব চমৎকারভাবে দেখিয়েছেন যে, যুদ্ধ কীভাবে সাধারণ মানুষকে প্রান্তে ঠেলে দেয়। দেখিয়েছেন–ভিয়েতনামে চালানো আক্রমণ শুধু ভিয়েতনামকে বিধ্বস্ত করছে না, করছে যুক্তরাষ্ট্রকেও। দেখিয়েছেন–যুদ্ধ মূলত শাসক ও তার অনুচর অভিজাতদের একটা প্রকল্প ছাড়া আর কিছু নয়। এর সঙ্গে বড় বড় আদর্শ, গল্পগাথা, জাতীয়তাবাদের মতো বিষয়াদি যুক্ত করা হলেও আদতে তার ঝুড়িটা থাকে ফাঁপা বুলিতে ঠাসা। শুরুতে সাধারণ মানুষ এক ধরনের উত্তেজনায় বা রাষ্ট্রীয় প্রোপাগান্ডার ফাঁদে পড়ে একটা যুদ্ধংদেহী রূপ ধারণ করে বটে, কিন্তু সময় যত গড়াতে থাকে ততই তার মোহভঙ্গ হয়। আর এই মোহভঙ্গের পেছেন মূখ্যত কাজ করে সেই আদি কারণ–পেট বা পকেট। অবশ্য এই জমানায় পেট ও পকেট একাকার। পকেট নেই তো পেটও নেই। স্বয়ংসম্পূর্ণতা বিষয়টাই একটা গালভরা বুলি ছাড়া আর কিছু নয়।

সে যাক। ধান ভানতে শিবের গীত হয়ে যাচ্ছে। আর আগে না বাড়াই দস্তুর। প্রশ্ন আসতে পারে–তাহলে এই আলাপে ধানটা কী? এই যে আজকের ইউরোপ, তার দিকে ভালো করে তাকানোর স্বার্থেই এত কথা। ইউরোপে এক ধরনের বিক্ষোভ আমরা দেখছি। ফ্রান্স, স্পেন, ইতালি বা বেলজিয়াম কিংবা ইউক্রেন থেকে শুরু করে পোল্যান্ড বা জার্মানি–সব জায়গা থেকেই ফুঁসতে থাকা মানুষের ভারী শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কোথাও কোথাও এই শ্বাস চিৎকার হয়ে বেরিয়ে আসছে।

Advertisement

এই চিৎকারকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা দেশভেদে সংজ্ঞায়িত করতে চাইছেন। কিন্তু আসলে কি এই খণ্ড খণ্ড ক্ষোভের উদ্‌গীরনকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ আছে? উত্তর হলো না।

তাহলে উত্তরটা কী? ইউরোপের দেশে দেশে এই মুহূর্তে অগণিত স্যাম ঘুরে বেড়াচ্ছে। তাদের বয়স আলাদা, তাদের লৈঙ্গিক পরিচয় আলাদা। তাদের কারও বড় চুল, কারও বা ছোট। তাদের আকার, আকৃতি, গাত্রবর্ণ, ভাষা বা জাতিগত পরিচয় আলাদা। তারা বহু। এই স্যামরা কখনো স্কুল শিক্ষার্থী, কখনো ৮৭ বছর বয়সী বৃদ্ধা, কখনো শ্রমিক।

ফ্রান্সে নিম্ন আয়ের মানুষদের আবাসস্থল ও তার সন্নিহিত এলাকায় থাকা স্কুলে বাজেট কমিয়ে দেওয়ার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে, সহিংস হয়ে ওঠে। পর্তুগাল, স্পেনে উচ্চ আবাসন ব্যয় মুখ্য কারণ হিসেবে সামনে আসে। আলবেনিয়ায় শিক্ষা ও আবাসন এবং পরিবেশ হয়ে ওঠে আন্দোলনের স্ফুলিঙ্গ। যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, ইতালি কিংবা অস্ট্রিয়াতে হওয়া আন্দোলনের কেন্দ্রে আছে ওই একই অর্থনৈতিক সংকট।

এই সব দেশে দেশে হওয়া আন্দোলনের ব্যানারে যাই লেখা থাকুক না কেন, কেন্দ্রে আছে অর্থনীতির ধুঁকে ধুঁকে চলা। নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যয় কমানো এবং উল্টোদিকে জীবনধারণের ব্যয় বেড়ে যাওয়া। আছে জ্বালানি সংকটের মতো বিষয়। সেখানকার মানুষ জেরবার হয়ে উঠছে।

একটা স্বাভাবিক পরিস্থিতিতে ইউরোপের এই দেশগুলো আন্দোলন সামাল দিতে বা নাগরিকদের শান্ত করতে দ্রুতই জ্বালানির দাম কমানো, শিক্ষা বাজেট বাড়ানোসহ নানা উদ্যোগ হয়তো নিত। কারণ, মানুষ ফুঁসে উঠলে শাসকের মসনদ নিরাপদ থাকে না। এই সরল সত্য বুঝতে রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রয়োজন পড়ে না। ইউরোপের শাসকরা এটা বুঝছেও। ফলে কিছু কিছু ক্ষেত্রে নিচ্ছেও বটে। কিন্তু তা ফুঁসতে থাকা স্যামদের শান্ত করার জন্য যথেষ্ট নয়।

প্রশ্ন হলো–এতই যদি বুঝে থাকে, তবে কেন সে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না? কারণ, তার উপায় নেই। কারণ, সে যুদ্ধের নেশায় উন্মাতাল হয়ে গেছে। কারণ, সে মনে করছে–তার আর ফেরার পথ নেই। অথচ মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে।

না, ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে কাজ হারানো স্যামের মতো লোকের সংখ্যা এখনো অতটা আশঙ্কাজনক মাত্রায় নয়। কাজ আছে। তবে কাজ থেকে আয় কমেছে। কারণ, বেকারত্বের হারকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে দেশে দেশে শাসকেরা একটা কৌশল নিয়েছে। আর তা হলো–কর্মঘণ্টা কমিয়ে দেওয়া। ফলে কাজ থাকলেও একটা বড় অংশের মানুষের আয় কমেছে। আর যুদ্ধের কারণে বেড়েছে মূল্যস্ফীতি।

যুদ্ধ তো ইউরোপ একটা করছে। কিন্তু ধকল সইছে দুটির। ঠিক ধরেছেন ইরান যুদ্ধের সমীকরণেও ইউরোপ যথেষ্ট উপস্থিত। উপস্থিত না থেকে উপায় নেই। ইউরোপীয় তত্ত্ববিদেরা এতদিন যে ডিসরাপশন ইকোনমির কথা আওড়াত, তারাই এখন এক এনার্জি ডিসরাপশনের ফাঁদে আটকে পড়েছেন। উৎপাদন থেকে শুরু করে বাজার, এমনকি শীতে ঘর উষ্ণ রাখার জন্য প্রয়োজনীয় জ্বালানির সরবরাহ–সব জায়গাতেই অস্থিরতা।

এই অস্থিরতা যেন শাসকের মসনদ অভিমুখে কোনো যাত্রায় পরিণত না হয়–সে জন্য যথারীতি হাজির হয়েছে বিভাজনের রাজনীতি। কোথাও দোষ দেওয়া হচ্ছে অভিবাসীদের, কোথাও অন্য ধর্মকে, কোথাও পরিবেশবান্ধব জ্বালানিনীতিকে। আবার এমনকি কোথাও দোষ দেওয়া হচ্ছে–গোটা ইউরোপীয় ইউনিয়নকেই। কিন্তু একবারের জন্যও প্রচলিত রাজনীতিকদের তরফ থেকে পরিষ্কার করে যুদ্ধের কথাটি উল্লেখ করা হচ্ছে না। যার যার আস্তিনের নিচে ‘যুদ্ধব্যয়’টি লুকিয়ে রেখেই তারা পরস্পরের সঙ্গে মাতছেন বচসায়। যেন ওটা অনুল্লেখযোগ্য, ওটা কোনো কিছুই নয়।

অথচ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের যে হিসাব তুলে ধরেছে, তাতে এই যুদ্ধব্যয়টি দেশে দেশে অর্থনীতির সবচেয়ে বড় ব্যাধি হিসেবে চিহ্নিত হয়ে আছে। বিশেষত ইউরোপে এ ব্যয় যে হারে বাড়ছে, তাতে এই অর্থনৈতিক সংকট সহসা মিটবে–এমন কোনো নিশানা দেখা যাচ্ছে না। ফলে দেশগুলোর অভ্যন্তরীণ অস্থিরতা বৃদ্ধি এবং চলমান যুদ্ধগুলোর আরও সম্প্রসারণ–এ দ্বিমুখী বাস্তবতায় দাঁড়িয়ে ইউরোপ এবং ফলত বিশ্বও। কারণ, বিশ্বায়নের এ যুগে সম্পদ ও সুখ সীমানাবন্দী থাকলেও রোগ, শোক, জরা, যুদ্ধ বা ঝঞ্ঝার কোনো সীমানা নেই। বিশ্বায়ন সফলভাবে একটি জিনিসকে অন্তত বিশ্বায়িত করতে পেরেছে। আর তা হলো–দুর্গতি।

চলতি বছর প্রকাশিত সিপ্রির সামরিক ব্যয়ের তথ্য বলছে, ২০২৫ সালে সারা বিশ্বে সামরিক ব্যয় বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ। বর্তমানে বিশ্বের দেশগুলো সামরিক খাতে মোট ২ লাখ ৮৮ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার ব্যয় করছে। টানা ১১ বছর ধরে এ খাতে ব্যয় বাড়ছে। ২০১৬ থেকে ২০২৫–এই সময়কালে এ ব্যয় বৃদ্ধির হার ৪১ শতাংশ। সবচেয়ে বেশি ব্যয় করছে কে? শীর্ষ পাঁচে আছে–যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি ও ভারত।

অবশ্য ২০২৫ সালের এই সামরিক ব্যয় বৃদ্ধির হার দেখে অনেকে স্বস্তি পেতে পারেন। কারণ, ঠিক আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে এই ব্যয় বৃদ্ধির হার ছিল ৯ শতাংশের বেশি। ফলে বলতেই পারেন–আলু পটলের দাম যে হারে বাড়ছে, সামরিক ব্যয় তো বাড়বেই। কথা সত্য। কিন্তু একটু উল্টো করেই। বলা ভালো–সামরিক ব্যয় যে হারে বাড়ছে, আলু পটলের দাম তো বাড়বেই। কারণ সিপ্রির হিসাবমতে, দূর দেশে চলা যুদ্ধের বোঝা আপনার মাথায়ও চাপছে। এই ব্যয়ের বোঝা মাথাপিছু দাঁড়ায় ৩৫২ ডলারে, টাকায় যা প্রায় ৪৪ হাজার টাকা। ভেবে দেখুন এবং নিজের পকেটের ওজন মাপুন।

এবার যদি ইউরোপের দিকে তাকান, তাহলে পরিস্থিতিটা বুঝতে পারা যাবে। সারা বিশ্বের সামরিক ব্যয়ের ৫৫ শতাংশই করছে ন্যাটোভুক্ত দেশগুলো। হ্যাঁ, যুক্তরাষ্ট্র আছে এর সঙ্গে। কিন্তু যুক্তরাষ্ট্রকে বাদ রাখলেও ইউরোপের সামরিক ব্যয়ের হিসাবটা কিন্তু তরতরিয়ে বাড়ছে। কারণ, যুক্তরাষ্ট্র দুই ফ্রন্টে দুই পরোক্ষ যুদ্ধে যুক্ত থাকলেও সামরিক ব্যয় কমিয়েছে। ইউরোপের বোঝা ইউরোপের কাঁধে চাপিয়ে তাকে এ খাতে ব্যয় বৃদ্ধির চাপ দিচ্ছে।

সিপ্রির হিসাব বলছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র তার সামরিক ব্যয় কমিয়ে ৯৫ হাজার ৪০০ কোটি ডলারে এনেছে, যা আগের বছরের চেয়ে সাড়ে ৭ শতাংশ কম। এদিকে চীন এ ব্যয় আগের চেয়ে প্রায় সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে ৩৩ হাজার ৬০০ কোটি ডলারে নিয়েছে। রাশিয়াও বাড়িয়েছে। তারা ৫ দশমিক ৯ শতাংশ বাড়িয়ে ১৯ হাজার কোটি ডলারে নিয়েছে।

রাশিয়া যুদ্ধের ময়দানে। তার অপরপক্ষ এ খাতে ব্যয় ২০ শতাংশ বাড়িয়ে ৮ হাজার ৪১০ কোটি ডলারে নিয়েছে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪০ শতাংশের সমান। ভাবতে পারছেন–যুদ্ধ কী করে? এবার কি বোঝা গেল ইউক্রেনের মানুষ তুমুল জাতীয়তাবাদী বড়ি গিলে ফেলার পরও কেন রাস্তায় নামছে?

রাশিয়ার সঙ্গে যুদ্ধের ময়দানে শুধু ইউক্রেন নেই। ইউক্রেন আছে সম্মুখে, পেছনে আছে প্রায় গোটা ইউরোপ। ডোনাল্ড ট্রাম্প বেশ সাফল্যের সঙ্গেই ইউরোপকে এ যুদ্ধে সর্বশক্তি নিয়োগে উদ্বুদ্ধ করতে পেরেছেন। তাদের শঙ্কাও অকারণ নয়। তবে যুদ্ধ মন্ত্রণালয়ের কনসেপ্ট হাজির করা ট্রাম্প ইউরোপকে একটা যুদ্ধের ফাঁদে যে এত দ্রুত নিয়ে যেতে পেরেছেন, তাতে তার শান্তিতে নোবেল না হলেও অন্য কোনো পুরস্কার প্রাপ্য নিশ্চয়ই।

যুদ্ধের বাস্তবতায় দাঁড়িয়ে ইউরোপে গত বছর সামরিক ব্যয় বেড়েছে ১৪ শতাংশ। বাড়ছে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলেও। ইউরোপে ২০২৫ সালে সামরিক ব্যয় যেখানে ৮৬ হাজার ৪০০ কোটি ডলার, সেখানে এশিয়া ও ওশেনিয়া মিলিয়ে এ ব্যয় দাঁড়িয়েছে ৬৮ হাজার ১০০ কোটি ডলারে।

এবার শুরুতে বলা দেশগুলোর দিকে তাকানো যাক। দুর্বল অর্থনীতির জন্য প্রতিনিয়ত পরিবেশবান্ধব জ্বালানি ও অভিবাসীদের দুষতে থাকা জার্মানিতে সামরিক ব্যয় এক বছরে বেড়েছে ২৪ শতাংশ। আর ২০১৬ সালের তুলনায় ২০২৫ সালে বেড়েছে ১১৮ শতাংশ! যুক্তরাজ্যে এ হার ৩২ শতাংশ, ইউক্রেনে ১৫০১, ফ্রান্সে ২১, ইতালীতে ৫৭, পোল্যান্ড ২০৭, স্পেনে ১২২, নেদারল্যান্ডসে ১৩৩, নরওয়েতে ১৬৬, সুইডেনে ১৫৯, ডেনমার্কে ২৩৮, বেলজিয়ামে ১৫৪, ফিনল্যান্ডে ৮৭ শতাংশ। এটা এক দশকের ব্যবধানে ইউরোপের দেশে দেশে সামরিক ব্যয় বৃদ্ধির শতাংশের হিসাব।

এই বর্ধিত ব্যয় মেটাতে গিয়ে দেশগুলো সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় সংকোচন করেছে। এমনকি শিক্ষাব্যয়ও কাটছাট করেছে। ফলে এই যুদ্ধব্যয়ের ধাক্কা শেষ পর্যন্ত গিয়ে পড়ছে আলু-পটলের ওপর।

থাক এসব অঙ্কের হিসাব। শুধু যুক্তি-তক্কো আর গপ্পের মধ্যে আসা যাক। তার আগে একটি উদাহরণের দিকে তাকানো যাক। জার্মানির বিখ্যাত গাড়ি কারখানা ভক্সওয়াগন ব্যবসা মন্দা বলে সামরিক সরঞ্জাম তৈরির উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে কর্মীদের চাকরি বাঁচানোটাও নাকি একটা কারণ। কী সৎ উদ্দেশ্য! আর ভেতরের খবরটা কী? বাজারে এখন অস্ত্রের চাহিদাই বেশি, নিজেরও লাগছে, সামনে দুর্যোগের গন্ধও নাকে আসছে। ফলে কেন নয়?

এই একই দশা কিন্তু অন্য দেশগুলোরও। আর পোল্যান্ডের কথা তো জানাই। ভবিষ্যৎ মহা সংকটে অগ্রবাহিনী হিসেবে কাজে লাগাতে ইউরোপের পদাতিক হতে সেখানে গড়া হয়েছে ইউরোপের সবচেয়ে বড় সেনাবাহিনী। ফলে এই যুদ্ধ উন্মত্ততার মধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন সংকটগুলো, তাদের সেই প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে। সেখানে কোনো নজর দেওয়ার মতো সময় আর থাকছে না।

ফলে ইউরোপের মানুষ নিজের মতো করে রাস্তায় নামছে। একটা ট্রিগার খুঁজে পেলেই তারা তা লুফে নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এই বিক্ষোভের পেছনে মহান কারণ বা গ্রেট কজ হিসেবে যা কিছুই বর্ণনা করা হোক না কেন, মুখ্য কারণ ওই অর্থনৈতিক। আপাতত বিভিন্ন দল ও উপদলে বিভক্ত রাজনীতিকরা এর একটি গতিমুখ ঠিক করতে শত্রু খোঁজার লাইনে আছেন। যথাযথ শত্রু চিহ্নিত করতে না পারলে তো আবার লড়াই জমে না। ফলে তাদের এই আন্তরিক অনুসন্ধানে কোথাও অভিবাসী, কোথাও নির্দিষ্ট ধর্মীয় পরিচয়, কোথাও গাত্রবর্ণ শত্রু হিসেবে হাজির হচ্ছে। এমনকি সীমানা মুছতে যে ইউনিয়ন গড়েছিল ইউরোপ–কারও কারও বয়ানে এই ইউনিয়নও শত্রু বলে সাব্যস্ত হচ্ছে।

আসলে গোটা বিশ্ব এখন এমন এক জুয়ার বোর্ডে হাজির, যেখানে কোনো খেলোয়াড়ই ঠিকঠাক জানে না কী ঘটছে। শুধু জানে–একটা বদল আসছে। সেই বদলটা অর্থনীতির শুধু নয়, একেবারে উৎপাদন উপায়ের সঙ্গে সম্পর্কিত। প্রযুক্তি বিপ্লব বলে বলে একে অনেকটা অদৃশ্য রাখা হয়েছে সাধারণের কাছে। কিন্তু এআই যত স্বমহিমায় হাজির হচ্ছে, ততই এই নতুন উৎপাদন উপায়ের ধরন-ধারণ স্পষ্ট হচ্ছে। নতুন এই ধরনের সঙ্গে পুরনো উৎপাদন সম্পর্কগুলো কতটা টিকবে, কতটা ভাঙবে, নতুন কাঠামোটা দেখতে কেমন হবে, তা এখনই হয়তো পরিষ্কার করে বলা যায় না। তবে একটা রাক্ষুসে করপোরেট দুনিয়া যে অবয়ব পাচ্ছে, তা একটু একটু করে স্পষ্ট হচ্ছে। সেই দুনিয়ায় আরেকটি কোম্পানি শাসন আসে কি না, দেখার বিষয়। তবে সেই কাঠামো বদলের ধকেই যে এত যুদ্ধ-বিগ্রহ, এবং সহসা যে এর থেকে মুক্তি নেই–তা তো অনেকটাই পরিষ্কার।

ইউরোপের পথে পথে আজকে যে স্যামদের দেখা যাচ্ছে, সেই স্যামদের কেউ উগ্র ডান, কেউ উগ্র বাম, কেউ দুদিক থেকেই এর চেয়ে কিছুটা নরম রাজনৈতিক কাঠামোর দলে ভেড়াতে চাইছে। এরা সবাই তৎপর নিজ দলে স্যামের সংখ্যা বাড়াতে। ফলে সামনের ইউরোপ শুধু নতুন অর্থনীতির তাপেচাপে যখন বদলাবে, তখন তার রূপটা কেমন হবে–তার একটা লড়াই আসলে চলছে প্যারিসে, লিসবনে, ব্রাসেলসে। তৎপর রাজনৈতিক গোষ্ঠীগুলো নিজেদের তত্ত্ব ও প্রোপাগাণ্ডা হাজির করে স্যামদের দলে ভিড়িয়ে নিজেদের সংখ্যা ও শক্তিবৃদ্ধির একটা লড়াই আসলে করছে। ফলে এ লড়াই একটা নয়াকাঠামোর যেমন, তেমনি আসন্ন কোম্পানি শাসনের চরিত্র নির্ধারণে একটা তথাকথিত ‘আদর্শ’ প্রস্তাবেরও। সেই কাঠামো সে আদর্শ কতটা রাখবে বা ফেলবে, সেটা তার বিষয়। কিন্তু সেই চেষ্টাই এখন দৃশ্যমান। ফলে ইউরোপের সমরটা শুধু ইউক্রেনে বা মিত্র হিসেবে মধ্যপ্রাচ্যে হচ্ছে না। এটা তারা ডেকে নিজ ঘরেও নিয়ে গেছে। অবিশ্বাস, সন্দেহ, দোষারোপ, উইচ হান্ট নয়ারূপে তাই এমন সময় হাজির হওয়াটা স্বাভাবিক। সেটাই হচ্ছে। সেটা যেন আরও দেশে দেশে যুদ্ধের পর্যায়ে না যায়, তা ঠেকানোটাই এখন জরুরি। কারণ, তেমন কিছু হলে গ্যালারিতে কেউ থাকবে না। সবার ঠিকানা হবে ময়দান। এটা কে না জানে? সেই দুর্বিপাক থেকে সাধারণ মানুষকে রক্ষায়, তাদের স্বার্থ বিবেচনা করে পদক্ষেপ নেওয়াটা জরুরি। কিন্তু ইউরোপের গদিনশীন নেতা তো বটেই বিরোধী পক্ষের নেতাদের দেখেও তেমন আস্থা হয় না। তারা বরং যজ্ঞের আগুনে গ্যালন গ্যালন ঘি ঢালতেই ব্যস্ত।

ফজলুল কবির: বার্তা সম্পাদক, চরচা