Advertisement

অসমাপ্ত ইরান যুদ্ধ যা রিপাবলিকানদের বিভক্ত করেছে

সারা নিউম্যান

অসমাপ্ত ইরান যুদ্ধ যা রিপাবলিকানদের বিভক্ত করেছে
রিপাবলিকান পার্টি এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি, যা কেবল ইরান যুদ্ধের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ছবি: এআই দিয়ে তৈরি

ট্রাম্প স্বীকার করেছেন যে ইরানের সাথে যুদ্ধের কারণে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে। তার ভাইস প্রেসিডেন্ট ইতিমধ্যেই সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনা করছেন। ডেমোক্র্যাটদের জন্য এখান থেকে শেখার বিষয় কেবল এটিই নয় যে যুদ্ধ একটি খারাপ রাজনৈতিক পদক্ষেপ, বরং এটিও যে—জনগণের সম্মতি ছাড়া যুদ্ধ চালানো এমন এক রাজনীতি যা দীর্ঘস্থায়ী হতে পারে না।

Advertisement

২০২৬ সালের ৪ নভেম্বর, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বীকার করেন: ইরানের বিরুদ্ধে তার শুরু করা যুদ্ধের কারণেই তার দল কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। তিনি বলেন, “আমার মনে হয় এটি অনেকাংশেই সত্য।” এর কারণ হিসেবে তিনি জ্বালানি তেলের দাম সাময়িকভাবে বেড়ে যাওয়ার দিকে ইঙ্গিত করেন। তবে তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না। তিনি স্পষ্ট জানান যে, যদি তাকে আবারও সিদ্ধান্ত নিতে হতো, তবে তিনি একই কাজই করতেন। এরপর তিনি যোগ করেন, “ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না।”

Advertisement

এই স্বীকারোক্তিটি এমন সময়ে এল, যখন ডেমোক্র্যাটরা মধ্যবর্তী নির্বাচনে এক নির্ণায়ক জয় পেয়েছে—এমন বিশাল ব্যবধানের জয় খুব কম মানুষই আগে অনুমান করতে পেরেছিল। বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের হাতে এখন এমন তদন্তমূলক ও বাজেট-সংক্রান্ত ক্ষমতা রয়েছে, যা দিয়ে তারা এমন একটি যুদ্ধকে চ্যালেঞ্জ করতে পারে। যে যুদ্ধের বিরোধিতা শুরু থেকেই অধিকাংশ আমেরিকান করে আসছিলেন। তবে এ বিষয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়াটি ট্রাম্পের কাছ থেকে নয়, বরং তার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের কাছ থেকে এসেছে।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে রূপদানকারী প্যারাডক্স বা আপাত-বিরোধী বিষয়টি এখানেই নিহিত। যে যুদ্ধের কারণে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়েছিল, সেই যুদ্ধ এখনো চলমান। যে ভাইস প্রেসিডেন্ট এই যুদ্ধকেই পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন, তিনি এখন এটি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন। আর যে প্রেসিডেন্ট এই যুদ্ধ শুরু করেছিলেন, তিনি এখনো তা আরও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। যুদ্ধবিরোধী ডেমোক্র্যাটদের জন্য শিক্ষাটি কেবল এটুকুই নয় যে, এই যুদ্ধটি একটি খারাপ ও অজনপ্রিয় রাজনৈতিক পদক্ষেপ ছিল; বরং শিক্ষাটি হলো—জনগণের অর্থবহ সম্মতি ছাড়া, কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন ছাড়া, আমেরিকানদের কাছে বোধগম্য কোনো কৌশল ছাড়া এবং শেষ হওয়ার কোনো সম্ভাবনা ছাড়াই যে যুদ্ধ চালানো হয়, তা শেষ পর্যন্ত এমন এক রাজনৈতিক মূল্য আদায় করে নেয়, যা কোনো জাতীয়তাবাদী বাগাড়ম্বর দিয়েও পুষিয়ে নেওয়া সম্ভব নয়।

পরিসংখ্যানগুলো একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবর মাসের শুরুর দিকে পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপে দেখা যায়, ৬৫ শতাংশ মানুষ ইরান ইস্যুতে ট্রাম্পের গৃহীত পদক্ষেপের বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ৩৩ শতাংশ মানুষ তা সমর্থন করেছেন। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো—৬২ শতাংশ মানুষ মনে করেন, যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টের উচিত কংগ্রেসের অনুমোদন নেওয়া। জনমত কেবল তাত্ত্বিকভাবেই যুদ্ধবিরোধী ছিল না; বরং তারা আনুষ্ঠানিকভাবে ও কার্যত এই যুদ্ধের বিরোধিতা করেছে এবং স্পষ্টভাবে সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরে আসার দাবি জানিয়েছে।

ডেমোক্র্যাটরা এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে এমন এক বিজয় অর্জন করেছে যা এমনকি আশাবাদী পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এক্সিট পোল থেকে দেখা গেছে, ৭৪ শতাংশ ভোটার বলেছেন যে ইরান যুদ্ধ তাদের ভোটের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ’ বা ‘প্রধান’ কারণ ছিল; ৬২ শতাংশ বলেছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ ছিল ‘ভুল সিদ্ধান্ত’। ডেমোক্র্যাটরা শুধু হাউসই নয়, সিনেটও জিতেছে; মেইন ও টেক্সাসের মতো রিপাবলিকান অধ্যুসিত অঙ্গরাজ্যে বর্তমান সদস্যদের পরাজিত করেছে এবং মিশিগানে একজন প্রগতিশীল প্রার্থীর মাধ্যমে একটি সিনেট আসন লাভ করেছে, যার প্রচারের মূল বিষয় ছিল অর্থনৈতিক জনতুষ্টিবাদ এবং ইরান যুদ্ধের অবসান।

তবে কাঠামোগত বাস্তবতা নির্বাচনী ফলাফলের চেয়ে অনেক বেশি জটিল। ২০২৭ সালের জানুয়ারি মাসের আগে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পাচ্ছেন না। এমনকি তখনো, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তাদের সক্ষমতা সেই একই সাংবিধানিক কাঠামোর দ্বারা সীমাবদ্ধ থাকবে, যা ট্রাম্পকে কংগ্রেসের উল্লেখযোগ্য সমর্থন ছাড়াই যুদ্ধ শুরু করার সুযোগ করে দিয়েছিল। ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ (যুদ্ধ ক্ষমতা বিষয়ক প্রস্তাব) অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো সামরিক সংঘাত শুরু হলে প্রেসিডেন্টকে ৬০ দিনের মধ্যে তা বন্ধ করতে হবে। কিন্তু বর্তমান প্রশাসন এই আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে; তাদের যুক্তি হলো, এপ্রিল মাসে হওয়া যুদ্ধবিরতির মাধ্যমেই সংশ্লিষ্ট সংঘাতের অবসান ঘটেছে—যদিও নৌ-অবরোধ এবং অন্যান্য সামরিক কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। যুদ্ধ ক্ষমতা বিষয়ক কোনো বাধ্যতামূলক প্রস্তাব আনা হলে প্রেসিডেন্ট তাতে ভেটো দিতে পারেন। ডেমোক্র্যাটরা জয়ী হওয়া সত্ত্বেও, সেই ভেটোকে নাকচ করার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই।

ডেমোক্র্যাটরা যা করতে পারেন তা হলো, সরকারি অর্থ বরাদ্দের ওপর তাদের নিয়ন্ত্রণ ক্ষমতাকে কাজে লাগানো। ৪ নভেম্বর সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার সাংবাদিকদের বলেন, “ইরানে আমরা ঠিক কীসের জন্য লড়াই করছি, তা আমেরিকান জনগণ জানে না।” তিনি আরও যোগ করেন যে, ফেডারেল ব্যয়ের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ হলো এমন একটি উপায়, যার মাধ্যমে “আমেরিকান জনগণের সম্মতি ছাড়া কোনো প্রেসিডেন্টকে যুদ্ধ চালানো থেকে বিরত রাখা সম্ভব।” কার্যত এর অর্থ হলো—নতুন কোনো আক্রমণাত্মক অভিযানের জন্য অর্থায়ন করতে অস্বীকৃতি জানানো, প্রতিরক্ষা বরাদ্দের ক্ষেত্রে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া এবং কমিটির শুনানির মাধ্যমে প্রশাসনকে যুদ্ধের ব্যয় ও আইনি ভিত্তি সম্পর্কে ব্যাখ্যা দিতে বাধ্য করা। এগুলো কার্যকর হাতিয়ার হলেও, এগুলোর প্রক্রিয়া বেশ ধীর এবং পর্যায়ক্রমিক। এছাড়া, কয়েক দশক ধরে কংগ্রেসের যুদ্ধ ক্ষমতা প্রয়োগের প্রচেষ্টাকে যেসব পদ্ধতিগত বাধা ব্যর্থ করে দিয়েছে, এই উপায়গুলোও সেই একই বাধার মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এখানেই ‘ক্ষমতাহীন ব্যালট’ ধারণাটি বিশ্লেষণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে ওঠে। এর মানে এই নয় যে ভোট দেওয়া অর্থহীন; বরং বিষয়টি হলো—নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে যে জনরায় পাওয়া যায়, তাকে একটি বাধ্যতামূলক নীতিতে রূপান্তর করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতার যে ঘাটতি রয়েছে, তা-ই এখানে মূল বিষয়।

রাজনৈতিক হিসাব-নিকাশ বা জবাবদিহিতা তৈরির ক্ষেত্রে ভোটটি যে একেবারে ক্ষমতাহীন ছিল তা নয়, তবে যুদ্ধটির প্রকৃত সমাপ্তি ঘটানোর ক্ষেত্রে এর ক্ষমতা ছিল অনেক কম।

এখন থেকে জানুয়ারি মাসের মধ্যে কী ঘটবে, সেটিই সবচেয়ে জরুরি প্রশ্ন। ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান পুনরায় শুরু করবেন কি না, সে বিষয়ে তিনি ‘শিগগির’ সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমান প্রশাসন নতুন করে হামলা চালানো, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা—নাকি ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো—সেসব বিষয় বিবেচনা করছে। পেন্টাগন বড় আকারের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে; নভেম্বরের শেষ নাগাদ তৃতীয় একটি ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ (বিমানবাহী রণতরী কেন্দ্রিক নৌবহর) ওই অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে, ভ্যান্সের কূটনৈতিক প্রচেষ্টার লক্ষ্য হলো নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই একটি চুক্তির কাঠামো তৈরি করা। এমন সময়সীমা মেনে চুক্তি করা সম্ভব হলে প্রশাসন দাবি করতে পারবে যে তারা একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেয়েছে, পাশাপাশি চুক্তির শর্তাবলির ওপর ডেমোক্র্যাটদের প্রভাবও সীমিত রাখা যাবে। ভ্যান্স সফল হবেন কি না, তা এমন কিছু বিষয়ের ওপর নির্ভর করছে যা পুরোপুরি হোয়াইট হাউসের নিয়ন্ত্রণে নেই। ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং নৌ-অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে; অথচ ওয়াশিংটন এখন পর্যন্ত ইরানের প্রধান শর্তগুলো প্রত্যাখ্যান করেছে।

রিপাবলিকান পার্টি এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি, যা কেবল ইরান যুদ্ধের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। মধ্যবর্তী নির্বাচন এমন এক জোটের চিত্র তুলে ধরেছে, যা ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তার ওপর নির্ভরশীল—কিন্তু এই জনপ্রিয়তা দলের অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে কার্যকর হয়নি। ইরান যুদ্ধ ছিল তাদের সবচেয়ে দৃশ্যমান ব্যর্থতা, তবে এটিই একমাত্র ব্যর্থতা নয়। আমেরিকানরা যখন নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের সঙ্গে লড়াই করছিলেন, তখন বর্তমান প্রশাসন প্রতীকী সাংস্কৃতিক প্রকল্পগুলোর ওপর বেশি মনোযোগ দিয়েছিল—যা ডেমোক্র্যাটদের প্রচারের একটি নিয়মিত আলোচনার বিষয় হয়ে ওঠে। যুদ্ধবিরোধী অনেক ডেমোক্র্যাট মনে করেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল তাদের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের একটি ম্যান্ডেট বা জনরায়। তারা ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়া ও সামরিক হস্তক্ষেপের পথ থেকে সরে এসে কূটনীতি এবং অভ্যন্তরীণ বিনিয়োগের দিকে মনোযোগ দেওয়ার পক্ষে।

তবে এই ধারণার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন; কারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা বা রিপাবলিকান-ঘেঁষা অঙ্গরাজ্যগুলোতে জয়ী অনেক ডেমোক্র্যাট কেবল প্রগতিশীল পররাষ্ট্রনীতির ওপর ভিত্তি করে নয়, বরং বাস্তবসম্মত অর্থনৈতিক ইস্যুগুলোকে সামনে রেখে প্রচার চালিয়েছিলেন। রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রাখা যুদ্ধবিরোধী মনোভাবটি ব্যাপক হলেও, আদর্শগত দিক থেকে এটি কতটা গভীর, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

পরবর্তী সম্ভাব্য যুদ্ধটি ঠিক আগের যুদ্ধের মতো রাজনৈতিক পরিস্থিতিতে শুরু হবে না। প্রশ্ন হলো, পরবর্তী যুদ্ধ শুরুর আগেই গণতান্ত্রিক জবাবদিহিতার প্রক্রিয়াগুলোকে—সেগুলো যতই ত্রুটিপূর্ণ হোক না কেন—কার্যকর করা সম্ভব কি না।

আমেরিকানদের দেওয়া ভোট, যা ডেমোক্র্যাটিক দলের জয় নিশ্চিত করেছিল, তা অর্থহীন ছিল না; বরং তা ছিল একটি রায়। এই রায় শেষ পর্যন্ত নীতিমালায় পরিণত হবে কি না এবং তা জনশক্তির রূপ নেবে কি না, তা নির্ভর করছে নতুন কংগ্রেসের শপথ গ্রহণের আগের দুই মাসে কী ঘটছে তার ওপর—এবং যুদ্ধবিরোধী যে সংখ্যাগরিষ্ঠ অংশটি তাদের নির্বাচিত করেছিল, তারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে কি না, তার ওপর।

লেখক: রাজনৈতিক বিশ্লেষক