ক্ষমতার ভাষা বরাবরই বেলাগাম। বিরোধী দলে থাকতে যারা মিঁউ মিঁউ করে কথা বলতেন, ক্ষমতায় গিয়ে তারা হুংকার ছাড়ছেন। বিরোধী দলে থাকতে নেতারা জনগণকে গণতন্ত্র, সমতা, শুদ্ধাচার ও বাকসংযমের সুপরামর্শ দিলেও মসনদে বসে বেমালুম ভুলে যান। কখন কোথায় কী বলতে হবে, করা উচিত সেই হুঁশ থাকে না।
যখন একটি গোষ্ঠী ধর্মের নামে গানবাজনা, মেলা, খেলা, মাজার ও দরগাহের বিরুদ্ধে নানা অপতৎপরতা চালাচ্ছে, তখনই সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ বলে দিলেন, তার এলাকায় গানবাজনা চলবে না। মেলার আয়োজন করা যাবে না।
এটি বিরোধী দলের কোনো নেতা বা সংসদ সদস্য বললে অবাক হতাম না। কেননা তাদের অনেকের রাজনীতিই সংস্কৃতিবিরোধী। কিন্তু বিএনপির মতো একটি মধ্যপন্থী দলের সংসদ সদস্য কীভাবে এসব কথা বলতে পারলেন, সেটাই প্রশ্ন। তবে তিনি কথা বলেই দায়িত্ব শেষ করেননি। ডিসি মহোদয়কে হুকুম দিয়েছেন।
প্রথমেই আসি তার হুকুমের এখতিয়ার নিয়ে। তিনি প্রথমবারের মতো নির্বাচিত বলেই হয়তো জানেন না, কোনো সংসদ সদস্য সরকার বা প্রশাসনকে নির্দেশ দিতে পারেন না। তিনি পরামর্শ দিতে পারেন। সুপারিশ করতে পারেন।
জি কে গউছ বলেছেন, “এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।”
এমপি মহোদয় এখানেই ক্ষান্ত হননি। তিনি বাণিজ্য মেলা, শিল্প মেলার আয়োজনের বিরোধিতা বলেছেন, “আমি ফরমালি আজকে ডিসি সাহেবকে অনুরোধ করব, আমরা আজকে যে আলোচনা করলাম, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, এই এলাকায় কোনোভাবেই যেন আমরা এ সমস্ত বাড়তি জঞ্জাল আমাদের কাঁধে না নিই।”
২০২৫ সালে ১৮ ফেব্রুয়ারি সমকাল এ প্রকাশিত হয়েছিল একটি খবর—“গ্রামে নিষিদ্ধ বাদ্যযন্ত্র, তৃতীয় লিঙ্গের মানুষদের ঢুকতে মানা”। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের শড়াতলা গ্রামের ঘটনা এটি। যারা বাদ্যযন্ত্র বাজাবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছিল সেখানে।
এর আগে ২০২৩ সালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার এক গ্রামে বিয়ে, জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে গানবাজনা নিষিদ্ধ করা হয়। গ্রামে কেউ গানবাজনা করলে তাকে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। সেই সময়ও এ ঘটনা বেশ আলোচনা তৈরি করেছিল।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম ঠিকাদার কাজে খুশি হয়ে উপহার দিলে প্রকৌশলীদের সেটি গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লাভের অংশ থেকে প্রকৌশলীকে দেওয়া ‘উপহার’ ঘুষ নয় এবং তা গ্রহণ করা যেতে পারে।
বাংলাদেশের প্রকৌশলীদের আয়–উন্নতি সম্পর্কে প্রতিমন্ত্রী মহোদয়ের নিশ্চয়ই জানা আছে। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই এই সুপরামর্শ দিয়ে থাকতে পারেন।
তার এই বক্তব্যের কড়া সমালোচনা করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্য তারা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহার নামে অবৈধ অর্থ নেবেন কেন? প্রতিমন্ত্রীর বক্তব্য কি ঘুষকে বৈধতা দিচ্ছে, নাকি পরোক্ষভাবে ঘুষ নিতে উৎসাহিত করছে?
সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো যাদের দায়িত্ব, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন।
দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারা, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এবং সরকারি ক্রয় বিধিমালা-২০২৫-এর প্রসঙ্গ টেনে টিআইবি জানায়, এসব বিধানের কোনোটিই দাপ্তরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অনুমতি দেয় না।
প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হলে তার মন্ত্রণালয় একটি ব্যাখ্যা দেয়। এতে একদিকে বলা হয়, তিনি (প্রতিমন্ত্রী) তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। অন্যদিকে টিআইবির বক্তব্য প্রত্যাখ্যান করে এর মধ্যে ষড়যন্ত্র খুঁজেছেন। যদি প্রতিমন্ত্রী উপহারকে ঘুষ হিসেবে গণ্য না করবেন, তাহলে ক্ষমা চাইলেন কেন?
প্রতিমন্ত্রী মহোদয় একই অনুষ্ঠানে স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি তিনি চান না বলে মন্তব্য করেছেন। বলেছেন, “স্বামী-স্ত্রী দুইজন চাকরি করুক এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না।” তাঁর যুক্তি হলো বাবা-মা দুজনই চাকরিতে ব্যস্ত থাকলে এর প্রভাব সন্তানদের ওপর পড়ে। তবে একই পরিবারের দুজনের চাকরি করার বিষয়ে তার কোনো আপত্তি নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
তার বক্তব্যে বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিধ্বনি দেখতে পাই। জামায়াতের আমির বলেছিলেন, মেয়েরা ৫ ঘণ্টা কাজ করবেন। আর মীর শাহে আলম বলেছেন, “মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্যই জন্মেছে–বিষয়টি মোটেও এমন নয়। সন্তান অন্য কেউও লালন-পালন করতে পারে, কিন্তু বাবা-মায়ের ছত্রছায়ায় বড় হলে তাদের মধ্যে একটি অন্যরকম উপলব্ধি তৈরি হয়।”
কিন্তু বাবা–মায়ের মধ্যে কে সন্তান লালন পালন করবেন, সেটা স্পষ্ট করেননি। প্রতিমন্ত্রী সম্ভবত এটাই বলতে চেয়েছেন, যেসব পরিবারে বাবা–মা দুজনই চাকরি করেন, সেসব পরিবারের সন্তানদের ঠিকমতো লালনপালন হয় না। তারা পড়াশুনা করেন না। বরং বাস্তবে আমরা উল্টোটাই দেখেছি। যেসব পরিবারে বাবা–মা দুজন আয় করেন, সেসব পরিবারের সন্তানেরা অনেক বেশি দায়িত্বশীল হয়। তারা বাবা–মার কাছ থেকেই সমতার শিক্ষা পায়।
এখন দেখা যাক নারীর কর্মসংস্থানের বিষয়ে বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে কী আছে। এতে নারীর অর্থনৈতিক স্বাধীনতা, আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে ডে-কেয়ার ও স্তন্যদান কর্নার চালুর প্রতিশ্রুতি দিয়েছে। নারীর নেতৃত্ব ও নীতিনির্ধারণে অংশগ্রহণ বাড়ানোর কথাও বলেছে। স্বামী–স্ত্রী দুজনই যদি ঘরের বাইরে কাজ না করেন, তাহলে নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত হতে পারে না। বিএনপি সরকার কোনো পুরুষ সদস্য নয়, নারী সদস্যের হাতেই ফ্যামিলি কার্ড তুলে দিয়েছে। আর সেই সরকারের একজন সদস্য চান না নারী–পুরুষ উভয়ই অর্থনৈতিক কাজে যুক্ত থাকুন। সন্তানের দেখাশুনার দায়িত্বই বা কেন একা মা পালন করবেন?
জামায়াতের সঙ্গে ঐক্য করা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে চাপানউতোর ছিল শুরু থেকেই। জামায়াতের কাছে এনসিপি বিলীন হয়ে গিয়েছে, এই অভিযোগ তুলে বেশ কয়েকজন নেতা–কর্মী দলও ত্যাগ করেছেন।
কিন্তু হবিগঞ্জের এমপির ফরমান ও প্রতিমন্ত্রী শাহে আলমের ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে দেখা যাচ্ছে, জাতীয় রাজনীতিকে বিএনপি জামায়াতের ওপর কোনো প্রভাব রাখতে পারেনি। বরং বিএনপির মন্ত্রী–এমপিদের কেউ কেউ জামায়াতের নীতি–আদর্শের পক্ষে প্রচার চালাচ্ছেন।
এলাকার মানুষ গানবাজনা শুনতে চায় না বলে এমপি মহোদয় যে বক্তব্য দিয়েছেন সেটা যে সত্য নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়ায় স্পষ্ট। তার এলাকার বেশ কিছু ভোটার বলেছেন, এমপি যদি নির্বাচনের আগে এসব উদ্ভট কথা বলতেন তাকে ভোট দিতেন না।
দুর্ভাগ্য, জামায়াতের এমপিরাও যেখানে প্রকাশ্যে গানবাজনার বিরুদ্ধে কিছু বলছেন না, সেখানে বিএনপির এমপি নিজেকে গানবাজনাবিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করে কী ফায়দা লাভ করতে চান?
লেখক: সম্পাদক, চরচা