Advertisement

আওয়ামী লীগ ঠেকাতে ‘সরকার সহযোগিতা চাইলে’ মাঠে নামবে জামায়াত

আওয়ামী লীগ ঠেকাতে ‘সরকার সহযোগিতা চাইলে’ মাঠে নামবে জামায়াত
অন্তর্বর্তী সরকারের সময়েও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল। ছবি: চরচা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেবে বিরোধীদল জামায়াতে ইসলামী। তবে, সরকার সহযোগিতা চাইলেই দলটি কর্মসূচির সিদ্ধান্ত নেবে। ক্ষমতাসীন বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াতের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

Advertisement

গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি দেওয়ার খবর আসে। ওই দিনই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এরপর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়া ঘটনা ঘটে। এসব ঘটনার পর ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীরা মাঠে থাকলেও জামায়াতকে দেখা যায়নি। তবে কয়েক জায়গায় ইসলামী ছাত্র শিবিরের মিছিল দেখা গেছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়েও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল।

Advertisement

জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা বলছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এসব ঘটনা সরকারকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই মোকাবিলা করতে হবে। দলটির নেতারা মনে করেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ‘দায়িত্বে শিথিলতা’ রয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের একজন নেতা চরচাকে বলেন, ‘‘সরকার যদি এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে স্বীকার করুক। বিরোধীসহ সকল দলের কাছে সহযোগিতা চাক। তখন বিরোধী দল সহযোগিতা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘কয়েকটি ককটেল ফুটলে নাকি দেশের পরিস্থিতি খারাপ হয় না।’ তার মানে উনারা স্বীকারই করবেন না যে পরিস্থিতি খারাপ। উনারা স্বীকারই করবেন না যে তারা ব্যর্থ। তো এমন পরিস্থিতি তাদের কেন বিরোধী দল নিজে থেকে সহযোগিতা করবে।”

ওই নেতা আরও বলেন, ‘‘সরকার স্পষ্টভাবে বলুক, যে তাদের সহযোগিতা দরকার। তখন আমরা সহযোগিতা করব। তবে গোপনে নয়, প্রকাশ্যে সরকারকে সহযোগিতা চাইতে হবে।”

গতকাল মঙ্গলবার বিকেলে বিরোধী দলের সংসদীয় দলের বৈঠকও এমন আলোচনা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য চরচাকে জানিয়েছেন।

সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সভাপতিত্ব করেন।

বৈঠকে বলা হয়, আওয়ামী লীগ প্রতিরোধে সরকার সহযোগিতা চাইলে জামায়াত রাজপথে নামবে। তার আগে এই ইস্যুতে রাজপথে নামবে না তারা। তবে যেকোনো সময়ে রাজপথে নামার জন্য তারা প্রস্তুত।

সংসদীয় দলের বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যরা চরচাকে জানান, সংসদীয় দলের বৈঠকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।

জামায়াতে ইসলামীর মেহেরপুরের সংসদ সদস্য নাজমুল হুদা ওই বৈঠকের বিষয়ে চরচাকে বলেন, ‘‘ বৈঠকে কর্মসূচি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নাকশতা ও অগ্নিসন্ত্রাস নিয়ে আমরা সংসদে বলব। তবে যদি এগুলো বাড়তে থাকবে তখন পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত সংসদের ভেতরেই এসব নিয়ে কথা বলার সিদ্ধান্ত আছে।”

সরকার যদি মাঠে নামার আহ্বান জানায় তখন কী করবেন-জানতে চাইলে তিনি বলেন, ‘‘যখন করবে তখন চিন্তা করা যাবে।”

দল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচি প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, ‘‘এটা বলার সময় এখনো আসেনি। এটা তো আলোচনার বিষয়। দল আছে, জোট আছে, তাদের বিষয়।”

জামায়াতের নেতারা বলছেন, এখনো দলটির সিদ্ধান্ত তারা রাজপথে নামবেন না। তবে এই সিদ্ধান্ত বদলও হতে পারে। জামায়াত মনে করছে, আওয়ামী লীগকে প্রতিরোধ করা নিয়ে সরকার এখনো নিজেদের সক্ষমতায় থাকতে চায়। তবে সরকারকে বিষয়টি নিয়ে আরও ‘সিরিয়াস’ হতে হবে বলেও দলটির নেতারা মনে করেন।

বিরোধী দলের নেতারা বলছেন, এখনো সরকার বিরোধী দলকে হয়রানি করছে। বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে গোয়েন্দার সংস্থাকে ব্যবহার করছে। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ তুলছেন।

মঙ্গলবার সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অনির্ধারিত আলোচনায় বলেন, “আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায়ও নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না।”

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, “এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে। দেশের এই পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে?”

এদিকে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগের জন্য দলটির এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা নাশকতা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারকে কঠোর হাতে নাশকতা দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।”

জামায়াতের ওই বিবৃতি পরওয়ার বলেন, ‘‘সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়। এজন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না।”

জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ঢাকার সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন চরচাকে বলেন, ‘‘সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, দুই-চারটা পটকা ফুটলে কিছুই হয় না। এর পরে একজন তথ্য উপদেষ্টা বলেছে যে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিটিং করার অধিকার আছে। তো, সরকার কোন দিকে যাচ্ছে?”

মিলন বলেন, ‘‘সরকার যদি আমাদের সহযোগিতা চায় তাহলে আমরা ভেবে দেখব, কী করা যায়। তবে আমরা আমাদের মতো কর্মসূচি দেব।”

দলের তো পূর্ব ঘোষিত জনসভাসহ কর্মসূচির বাইরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হবে কি না জানতে চাইলে এই সংসদ সদস্য তিনি বলেন, ‘‘এটা পরে দেখা যাবে।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দলের কর্মসূচি জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের চরচাকে বলেন, ‘‘কর্মসূচি দিলে আপনারা জানবেন। দেশে তো একটি সরকার আছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে। এটা তো তাদেরই কাজ। এ বিষয়ে তো সরকার কাজ করবে। তবে আমরা দেশবাসীর সঙ্গে আছি।”