সিটি গ্রুপ ঋণখেলাপি হওয়া স্বত্ত্বেও তাদের নতুন করে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে দেশের কেন্দ্রীয় ব্যাংক গত ৪ নভেম্বর একটি প্রজ্ঞাপনও জারি করেছে।
কিন্তু ঋণখেলাপি হওয়া সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক এমন ঋণ কেন মঞ্জুর করেছে? এ ঋণ কীভাবে ও কোন শর্তে দেওয়া হবে? এসব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি প্রশ্ন আছে এমন ঋণ অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগে দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও।
সিটি গ্রুপকে কীভাবে ঋণ দেওয়া হচ্ছে?
সিটি গ্রুপের প্রায় ২৬ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হিসেবে শ্রেণিকরণ না করতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উল্টো নতুন ঋণ দেওয়ার কারণ হিসেবে জানা যাচ্ছে, দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং শিল্প উৎপাদন সচল রাখতে গ্রুপটির পাঁচটি প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা যাতে শিথিল হয়, ব্যাংক কোম্পানি আইনের বিশেষ ধারার প্রয়োগ থেকে যাতে আপাতত ছাড় পায় সিটি গ্রুপ, সে লক্ষ্যে প্রজ্ঞাপনটি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সিটি ব্যাংকের নেতৃত্বে একাধিক ব্যাংক চলতি মূলধন হিসেবে ৩ হাজার কোটি টাকার এই সিন্ডিকেটেড ঋণ সুবিধা দেবে সিটি গ্রুপকে।
সিটি গ্রুপের কোন পাঁচটি প্রতিষ্ঠান? প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড এবং শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেডের অনুকূলে এই ৩ হাজার কোটি টাকার অর্থায়ন করা হবে।
তবে এই ঋণ মঞ্জুর করার ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্তও জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিটি গ্রুপের সম্পত্তি তো জামানত হিসেবে রাখা হচ্ছেই, এর পাশাপাশি ঋণের টাকায় কেনা পণ্য বিক্রি করে পাওয়া অর্থও আলাদা ব্যাংক হিসাবে জমা রাখার শর্ত দেওয়া হয়েছে। পণ্য বিক্রির ওই টাকা থেকে আগে ঋণ দেওয়া ব্যাংকগুলোকে টাকা পরিশোধ করতে হবে।
সিটি ব্যাংকের আগের ঋণকে কেন খেলাপি করা হয়নি?
দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটি গ্রুপের ঋণ প্রায় ২৬ হাজার কোটি টাকা। গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংক গ্রুপটির ঋণের বিদ্যমান শ্রেণিমান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখার অনুমতি দিয়েছিল। ফলে ওই সময়ের মধ্যে ঋণগুলোকে নতুন করে খেলাপি হিসেবে শ্রেণিকরণ করতে হয়নি। মেয়াদ শেষ হওয়ার পর গ্রুপটির অধিকাংশ প্রতিষ্ঠানের ঋণ বিভিন্ন ব্যাংকে খেলাপি হয়ে পড়ে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান চরচাকে বলেন, “বাংলাদেশ ব্যাংক যখন দেখে যে একটা কোম্পানি খুব ভালো ব্যবসা করে আসছে, কিন্তু সাময়িক কোনো সমস্যার কারণে কোম্পানিটি চাপে পড়েছে, তখন বাংলাদেশ ব্যাংক এটা ইতিবাচক হিসেবে বিবেচনায় নেয়। বাংলাদেশ ব্যাংক তখন যদি মনে করে যে, এই সাময়িক সমস্যাটা কাটিয়ে উঠতে পারলে কোম্পানিটি ভালো করবে, তখন কোম্পানিটিকে সেই সুবিধা দেওয়া হয়।”
আরিফ হোসেন খান আরও বলেন, “ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক এই কোম্পানিকে ঋণ দেওয়া ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে। অধিকাংশ ব্যাংকই কোম্পানিটিকে একটা সুযোগ দিতে চাচ্ছে। হয়তো বাংলাদেশ ব্যাংকও সেটাকে ইতিবাচক হিসেবে দেখবে।”
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরি চরচাকে বলেন, “ব্যাংকের সঙ্গে কোম্পানির সম্পর্কের ভিত্তিতে ব্যাংক যদি মনে করে যে, সুযোগ বা ঋণ দিলে তারা (কোম্পানি) খেলাপি অবস্থা কাটিয়ে উঠতে পারবে, তবে তা ব্যাংক পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করতে পারে। কিন্তু মূল বিষয়টি দেখতে হবে যে, ব্যাংকের অ্যাসেসমেন্টটা সঠিক আছে কি না। তা না হলে আগের মতো শুধু বিচার-বিবেচনা না করে বা সমস্যা গভীরভাবে খতিয়ে না দেখে যদি শুধু সুযোগ দেওয়া হয়, তবে সেই আগের পরিস্থিতিই ফিরে আসবে।”
সিটি গ্রুপের মূল সংকট কী?
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোর একটি সিটি গ্রুপ বর্তমানে তীব্র তারল্য সংকট এবং প্রায় ২৬ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ খেলাপির জটিলতায় পড়েছে। জানা গেছে, এই সংকটের মূল কারণ হলো, মুন্সীগঞ্জের হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগে নির্মিত ৬টি মেগা কারখানা গ্যাস সংকটের কারণে উৎপাদনে যেতে না পারা। ফলে দীর্ঘমেয়াদি বড় প্রজেক্টে ব্যবহৃত স্বল্পমেয়াদি ঋণের কিস্তি পরিশোধের জন্য গ্রুপটিতে কোনো ক্যাশ-ফ্লো বা আয় আসেনি। এই পরিস্থিতিতে ডলারের মূল্যবৃদ্ধি ও কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় কোম্পানিটি আরও সংকটে পড়েছে।
ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে পড়ায় সিটি গ্রুপের পণ্য আমদানির জন্য এলসি সুবিধা সংকুচিত হয়ে পড়েছে। আর এই সংকট দেশের ভোজ্যতেল ও চিনির ব্যবসাকেও হুমকিতে ফেলে দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে গ্রুপটি তাদের চা-বাগান, এলপিজি ও মিডিয়ার মতো কিছু সম্পদ বিক্রি করে ঋণ কমানোর পরিকল্পনা করছে। পাশাপাশি আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় কোম্পানিটির ব্যবসা সচল রাখতে নতুন করে বিশেষ ঋণ ও এলসি সুবিধা দিচ্ছে দিতে যাচ্ছে ব্যাংকগুলো।
এই বিষয়ে কথা বলতে সিটি গ্রুপের একাধিক কর্মকর্তাকে ফোন ও মেসেজ পাঠানো হলেও তারা সাড়া দেননি।
আগে এমন সুবিধা পেয়েছে কেউ?
বড় ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ ব্যাংকিং সুবিধা দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে বেক্সিমকো, বসুন্ধরা, ওরিয়ন, আবদুল মোনেমসহ বিভিন্ন শিল্পগোষ্ঠী ঋণ পুনর্গঠন, ঋণ পরিশোধে বিরতি কিংবা নির্দিষ্ট শর্তে এলসি খোলার সুবিধা পেয়েছে। তবে এসব সুবিধার ধরন ও শর্ত এক নয়।
· বেক্সিমকোকে নির্দিষ্ট শর্তে এলসি খোলার সুযোগ
২০২৬ সালের জুলাইয়ে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকসকে বিশেষ সুবিধা দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপি অবস্থার মধ্যেও শাইনপুকুর কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে পারবে।
এ সুবিধা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন জমা দিতে হবে। অর্থাৎ, এলসির পুরো অর্থের সমপরিমাণ টাকা আগেই রাখতে হবে। প্রতিষ্ঠানটির সব আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা হবে। সেখান থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা পরিশোধ করা হবে।
· বসুন্ধরা গ্রুপকে ঋণ পরিশোধে বিশেষ বিরতি
২০২৪ সালের জুলাইয়ে বসুন্ধরা গ্রুপকে ন্যাশনাল ব্যাংকের ঋণ পরিশোধে দুই বছরের বিরতি দেওয়ার অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে গ্রুপটির ঋণ ছিল প্রায় ৩ হাজার ৮৫৯ কোটি টাকা। গ্রুপটির কয়েকটি প্রতিষ্ঠান আগে থেকেই ঋণখেলাপি ছিল। তারা সাত বছর ধরে ঋণ পরিশোধের সুযোগ এবং দুই বছরের জন্য কিস্তি স্থগিত রাখার সুযোগ চেয়েছিল। ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রস্তাবটি অনুমোদনের পর কেন্দ্রীয় ব্যাংকও সম্মতি দেয়।
তবে সে সময়ের নীতিমালায় ঋণ পরিশোধ স্থগিত রাখার সর্বোচ্চ সময় ছিল এক বছর। ফলে দুই বছরের বিরতি ছিল বিশেষ ছাড়। পরবর্তী সময়ে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তনের পর বিরতির মেয়াদ কমিয়ে এক বছর করা হয়। পাশাপাশি প্রতি মাসে সুদ পরিশোধের শর্ত দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক। ছবি: বাসস
· ওরিয়ন, আবদুল মোনেমসহ অনেক প্রতিষ্ঠান পেয়েছে পুনঃতফসিল সুবিধা
২০২৫ সালে বাংলাদেশ ব্যাংক প্রায় ২৫০টি প্রতিষ্ঠানকে ঋণ পরিশোধের সময় বাড়ানোর সুযোগ দেয়। প্রতিষ্ঠানভেদে ৫ থেকে ১৫ বছর পর্যন্ত সময় দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে ডাউন পেমেন্ট ছিল মাত্র ১ শতাংশ। ঋণ পরিশোধে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বিরতির সুযোগও ছিল।
সুবিধা পাওয়া বড় ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে ছিল আবদুল মোনেম, ওরিয়ন, দেশবন্ধু ও তানাকা গ্রুপ। ২০২৫ সালের মার্চ পর্যন্ত ২৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আবদুল মোনেম লিমিটেডের খেলাপি ঋণ ছিল ৬৯৮ কোটি টাকা। ওরিয়ন অয়েল অ্যান্ড শিপিংয়ের খেলাপি ঋণ ছিল ৮৮২ কোটি টাকা। তানাকা গ্রুপের শুধু অগ্রণী ব্যাংকেই খেলাপি ঋণ ছিল ৯২৬ কোটি টাকা।
ঋণ পুনঃতফসিল মানে কিন্তু ঋণ মওকুফ নয়। এতে শুধু ঋণ পরিশোধের সময় বাড়ানো হয় এবং নতুন সময়সূচি অনুযায়ী টাকা ফেরত দিতে হয়। তবে কম ডাউন পেমেন্ট ও দীর্ঘ সময় পাওয়ায় ঋণগ্রহীতারা তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের টাকা পরিশোধের চাপ থেকে স্বস্তি পান।
পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক প্রায় ২৮০টি প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়। এসব প্রতিষ্ঠানের ঋণের ব্যালেন্স ছিল ৫০ কোটি টাকার বেশি। সুবিধাপ্রাপ্তদের মধ্যে এনার্জিপ্যাক, বিল্ডট্রেড, ওরিয়ন, আবদুল মোনেম, দেশবন্ধু, বেঙ্গল, তানাকা, আনোয়ার, জিপিএইচ ইস্পাত, প্রাইম ও ইফাদ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। গাজী গ্রুপের ঋণ পুনর্গঠনের বিষয়টিও এ প্রক্রিয়ায় এসেছে।
এনার্জিপ্যাক গ্রুপের চারটি প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিল্ডট্রেড গ্রুপ ও এর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠনের সুবিধাও দেওয়া হয়েছে।
সেই সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছিলেন, “করোনাভাইরাস, ডলারের মূল্যবৃদ্ধি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংককে অনেক কিছু চিন্তা করতে হয়। অর্থনীতির জন্য সেটা ভালো হলে তা কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন করে।”
চব্বিশের আগেও সুবিধা পেয়েছে অনেক গ্রুপ
শুধু ২০২৪-এর পরই যে বড় প্রতিষ্ঠান বা শিল্পগোষ্ঠীর ঋণের ক্ষেত্রে এমন সুবিধা দেওয়া হয়েছে, ব্যাপারটা এমন নয়। বড় ঋণগ্রহীতাদের বিশেষ সুবিধা দেওয়ার নজির আরও পুরোনো। ২০১৫ সালে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার যুক্তিতে ১১টি শিল্পগোষ্ঠীকে প্রায় ১৫ হাজার ২১৮ কোটি টাকার ঋণ পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়।
সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীগুলোর মধ্যে ছিল বেক্সিমকো, ওরিয়ন, যমুনা, সিকদার, কেয়া, এননটেক্স, রতনপুর, এসএ গ্রুপ, বিআর স্পিনিং, রাইজিং ও আবদুল মোনেম গ্রুপ। তখন ৫০০ কোটি টাকার বেশি ঋণ থাকা বড় গ্রাহকদের জন্যই কেবল বিশেষ পুনর্গঠন নীতি নেওয়া হয়েছিল।
শুধু বেক্সিমকো গ্রুপেরই ঋণের পরিমাণ ছিল প্রায় ৫ হাজার কোটি টাকা। তবে পুনর্গঠনের পরও কয়েকটি গোষ্ঠী নিয়মিত কিস্তি দিতে পারেনি। কেউ কেউ পরবর্তী সময়ে আবারও বিশেষ সুবিধা চেয়েছিল।
বড় ঋণগ্রহীতাদের বারবার ছাড় দেওয়ার কারণ কী?
বাংলাদেশ ব্যাংক সাধারণত ব্যবসা সচল রাখা, কর্মসংস্থান রক্ষা ও ব্যাংকের পাওনা আদায়ের সম্ভাবনা বাড়ানোর যুক্তিতে বিশেষ সুবিধা দেয়। বড় শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিষ্ঠানটির ব্যবসা চালু থাকলে আয় থেকে ব্যাংকের ঋণ পরিশোধের সুযোগও থাকে।
সিটি গ্রুপের ক্ষেত্রেও ব্যবসা সচল রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রাখা এবং নতুন অর্থায়ন থেকে পাওয়া আয় দিয়ে ব্যাংকের পাওনা পরিশোধের পরিকল্পনা সামনে এসেছে। পাশাপাশি সম্পদ বিক্রি করে ঋণ সমন্বয়ের কথাও বলা হয়েছে।
তবে বিশেষ সুবিধা দেওয়ার পর কত টাকা আদায় হচ্ছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘ মেয়াদে ঋণ পুনর্গঠন করলে ব্যাংকের টাকা ফেরত পেতে সময় লাগে। ঋণ নিয়মিত দেখানোর সুযোগ তৈরি হলেও প্রকৃত আদায় না বাড়লে ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হয় না।
বড় গোষ্ঠীগুলোকে এমন সুবিধা দেওয়ার ক্ষেত্রে আগের ইতিহাসও খুব একটা ভালো নয়। মুস্তফা কে মুজেরি বলেন, “বড় বড় খেলাপিগুলোর ইতিহাস যেমন আমরা দেখি যে…ব্যাংক মনে করছে গ্রুপটাকে সুযোগ দিলে সমস্যা কাটিয়ে উঠবে বা গ্রুপটা ভালো করবে, কিন্তু দেখা গেছে ওই গ্রুপের আর্থিক সমস্যার চেয়ে ব্যবস্থাপনার সমস্যার কারণে বেশি সমস্যা হয়েছে। মালিকরা টাকা তুলে অন্য কোনো জায়গায় খরচ করেছে। সেজন্যই বলছি, সমস্যার মূল কোথায়, সেটা কি আর্থিক সমস্যার কারণে, নাকি অন্য কোনো কারণে, তা বুঝতে হবে।”
এসব ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়ে মুস্তফা কে মুজেরি বলেন, “এ ক্ষেত্রে ব্যাংকের মনিটরিং ব্যবস্থাটাকে খুব জোরদার করতে হবে, যাতে ঋণগ্রহীতা সঠিকভাবে ঋণ ব্যবহার করে এবং ঋণ দিয়ে যে সমস্যাটা কাটিয়ে ওঠার কথা সেটা কি সেই কাজে ব্যবহার হচ্ছে, নাকি অন্য কাজে ব্যবহার হচ্ছে, তা মনিটর করতে হবে। নতুবা শুধু ঋণ দিয়ে সুফল পাওয়া যাবে না।”