বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচির আওতায় ১০১টি সহযোগী সংস্থার অনুকূলে দুই হাজার ৫০০ কোটি টাকা ঋণের অর্থ ছাড় করেছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিকেএসএফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে মাঠ পর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে এক হাজার ৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে। তাদের মধ্যে ৮৭ শতাংশই নারী।
দেশের ৬৪টি জেলায় ‘সোপান’ কর্মসূচির আওতায় চারটি উপখাতে ঋণ বিতরণ করা হচ্ছে। উপখাতগুলো হলো- প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা, এবং ভ্যালু চেইন অর্থায়ন।
লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের অনুকূলে বিশেষ তহবিল হিসেবে পাঁচ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। ইতিমধ্যে তিন ধাপে তিন হাজার ৭৫০ কোটি টাকা পাওয়া গেছে।