জরুরি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম সচল রাখার সক্ষমতা যাচাইয়ে পূর্বঘোষণা ছাড়াই দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ বিজনেস কন্টিনিউটি প্ল্যান (বিসিপি) মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানায় গত ৪ নভেম্বর এই মহড়া অনুষ্ঠিত হয়।
এতে যেকোনো অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ে দ্রুততম সময়ে বিজনেস কন্টিনিউটি ব্যবস্থা চালু করা এবং নির্ধারিত ডিজাস্টার রিকভারি (ডিআর) সেন্টার থেকে জরুরি ব্যাংকিং সেবা অব্যাহত রাখার সক্ষমতা পরীক্ষা করা হয়।
মহড়ায় অংশগ্রহণকারী ডিভিশনগুলোকে আগে থেকে কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি। এর অংশ হিসেবে প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নির্ধারিত ডিজাস্টার রিকভারি সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে সংশ্লিষ্ট টিমগুলো সারাদিন দৈনন্দিন কার্যক্রম ও জরুরি ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে পরিচালনা করে।
ব্যাংকটির দাবি, কৃত্রিমভাবে তৈরি সংকটময় পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক লেনদেন সম্পূর্ণ নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়েছে। বিকল্প স্থান থেকে জরুরি কার্যক্রম পরিচালনায় ব্যাংকের জনবল, কার্যপদ্ধতি ও প্রযুক্তিগত অবকাঠামোর প্রস্তুতিও এই মহড়ার মাধ্যমে যাচাই করা হয়েছে।
এ ছাড়া মহড়ায় জরুরি সেবাপ্রদানকারী টিমগুলোর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, নির্ধারিত প্রটোকল অনুসরণ এবং বিভিন্ন ডিভিশনের মধ্যে সমন্বয়ের কার্যকারিতা পরীক্ষা করা হয়।
ব্র্যাক ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, টেকনোলজি ডিভিশন, জেনারেল সার্ভিসেস ডিভিশন, অন্যান্য সাপোর্টিং ডিভিশন এবং গুরুত্বপূর্ণ বিজনেস ইউনিটগুলোর সমন্বয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্ট ও ডিভিশনের সমন্বয়-কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি বিজনেস কন্টিনিউটি কাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংকের কাছে বিজনেস কন্টিনিউটি কেবল নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালনের বিষয় নয়; এটি আমাদের একটি মৌলিক প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গ্রাহকদের স্বার্থ সুরক্ষা, স্টেকহোল্ডারদের আস্থা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে জরুরি ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন রাখার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয়বারের মতো এই মহড়ার সফল সমাপ্তি ব্র্যাক ব্যাংকের কার্যক্রমের স্থিতিশীলতা বৃদ্ধি এবং পুরো প্রতিষ্ঠানে যেকোনো পরিস্থিতি মোকাবিলার সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন।