Advertisement

পিরোজপুরে ২ বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত বাস সহকারী নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

পিরোজপুরে ২ বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত বাস সহকারী নিহত
ছবি: ইউএনবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন।

Advertisement

আজ বুধবার ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত মো. সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, বাসে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন ওসি জগলুল হাসান।

অন্যদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।