মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ৫টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরান দুই দিনের মধ্যে দুইবার মার্কিন একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানের আল আজরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) গত দুই দিনে দুবার একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা করে। তবে যুদ্ধজাহাজটি সফলভাবে হামলা এড়িয়ে যায়। এতে কোনো মার্কিন সেনা আহত হননি বলেও জানানো হয়।
এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় ওমান সাগরে থাকা ইরানের তেলবাহী জাহাজ এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন-১ ও এম/টি রিয়েস্কো এবং খার্গ দ্বীপের কাছে থাকা এম/টি দেরিয়াতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
সেন্টকম জানিয়েছে, হামলার আগে জাহাজগুলোর ক্রুদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে জাহাজগুলোতে হামলা চালিয়ে সেগুলো অচল করে দেওয়া হয়।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল আজরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। জর্ডানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ধ্বংস করেছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বেসামরিক কেউ আহত হয়নি।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে তারা দুটি মার্কিন যুদ্ধজাহাজ ও আটটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালির ওপর তাদের শক্ত নিয়ন্ত্রণ ও নজরদারি রয়েছে বলেও দাবি করেছে তারা।
যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদে হামলার হুমকি দিয়ে আসছে ইরান। এর মধ্যে জর্ডান, বাহরাইন ও কুয়েতও রয়েছে।
এ কারণে আশঙ্কা করা হচ্ছে, গত ছয় মাসের সংঘাতের চেয়েও ভয়াবহ নতুন উত্তেজনা শুরু হতে পারে। কাতারসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোও এ নিয়ে প্রস্তুতি নিচ্ছে।
তবে পরিস্থিতি শান্ত করার চেষ্টাও চলছে। কাতার নতুন করে দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে। এ কাজে চীনসহ অন্য দেশগুলোর সহায়তা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।