কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের বাসভবন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখা কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা মহানগরে বিক্ষোভ মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাসভবনে হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিক্ষোভ মিছিল চলাকালে একপর্যায়ে বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় বাহাউদ্দিন বাহারের তিনতলা বাসভবনে আগুন ধরিয়ে দেয়। প্রায় একই সময়ে আওয়ামী লীগের দক্ষিণ জেলা শাখার কার্যালয়েও আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।
তিনি জানান, কয়েকজন যুবক বাইরে থেকে কাগজ ব্যবহার করে কার্যালয়ের চত্বরে আগুন ধরিয়ে দেয়। তবে কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেনি।
কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার আওয়ামী লীগের কুমিল্লা মহানগর শাখার সভাপতি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন তার মুন্সেফবাড়ির বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাড়িটিতে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।