ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, বেসামরিক প্রশাসনকে সহায়তা করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এ পদক্ষেপ হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মোতায়েন করা ৪৪ প্লাটুনের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় রয়েছে ২০ প্লাটুন। এসব এলাকার মধ্যে রয়েছে ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামীম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, বিশিয়া কুড়িবাড়ীসহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে আরও ১৫ প্লাটুন।
এ ছাড়া, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর সেতু ও শিমরাইলে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি সদস্য
বাকি দুই প্লাটুন মোতায়েন করা হয়েছে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল এলাকায়।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন শরিফুল ইসলাম।
এদিকে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবির সদর দপ্তরে একটি মনিটরিং সেল কাজ করছে।
পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে সেলটি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্য সরঞ্জাম থেকে সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করছে।