Advertisement

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

Advertisement

আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার সোয়াদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস সোয়াদী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নষ্ট পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা বাসটি আটকে রেখে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

Advertisement

ওসি হেলাল উদ্দিন আরও জানান, প্রাথমিকভাবে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হলেও পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।