Advertisement Banner

সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বড় প্রকল্প

সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বড় প্রকল্প

সিলেটে বন্যা নিয়ন্ত্রণ ও সৌন্দর্যবর্ধনের জন্য সুরমা নদীতে স্লুইচ গেইট ও দুই তীরের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২ মে তিনি সিলেট সফর করবেন।

সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর তীরে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে গতকাল রোববার এই তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। পরিদর্শনের সময় তার সাথে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমও উপস্থিত ছিলেন।

প্রশাসক কাইয়ুম চৌধুরী জানান, আগামী ২ মে সিলেট সফরে এসে এই বৃহৎ প্রকল্পটির ভিত্তিপ্রস্থর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিলেট নগরকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সুরমা নদীকেন্দ্রিক এই বড় প্রকল্পটি হাতে নিয়েছে সিটি করপোরেশন।

কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, এ প্রকল্পের আওতায় নদীর দুই তীরে শক্তিশালী বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি নাগরিকদের জন্য ওয়াকওয়ে নির্মাণ, নদীতীর সৌন্দর্যবর্ধন, স্লুইস গেট স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।

কাইয়ুম চৌধুরী আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন নগরবাসী আধুনিক ও নান্দনিক নদীতীর পাবে, অন্যদিকে জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে সুরমা নদীকে ঘিরে পরিকল্পিত উন্নয়ন নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমানের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, রেলওয়ের ডাবল লাইনসহ একাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হবে, যা সিলেটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’, খাল খনন কর্মসূচি উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

সম্পর্কিত